২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইঙ্গমার হাইৎজে’র করোনা ভাইরাস নিয়ে কবিতা: বিহঙ্গ, মৎস্য

শরিফ ইসলাম

Published : 16 Apr 2020, 11:45 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ইঙ্গমার হাইৎজে'র জন্ম ১৯৭০ সালের ১৬ ফেব্রুয়ারিতে হল্যান্ডে। ইতিমধ্যে তার অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, পুরস্কৃত হয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্যপুরস্কারে। হল্যান্ডের de Volkskrant নামক পুরোনো দৈনিক পত্রিকা ছাড়াও আরও কিছু পত্রপত্রিকায় তিনি কলাম লিখছেন এবং ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন। তার সর্বসাম্প্রতিক কাব্যগ্রন্থের নাম হচ্ছে Ik wilde je iets moois vertellen (2018)। "Asfaltfeeën" নামের একটি গানের দলের সঙ্গেও তিনি যুক্ত আছেন বহুদিন থেকে। নিচে প্রকাশিত কবিতাটি হল্যান্ড-প্রবাসী তথ্যপ্রযুক্তিবিদ শরিফ ইসলাম ডাচ ভাষা থেকে বাংলায় তর্জমা করেছেন। বি. স.

বঙ্গানুবাদ: শরিফ ইসলাম
সম্পাদনা: আলম খোরশেদ

রেডিওটা বন্ধ করো। যা শোনার সবই শুনেছ। নিস্তব্ধতাই সবচেয়ে সহিষ্ণু।
পত্রিকাটা ভাঁজ করে পাশে রেখে দাও। আসার আগেই ওটা পুরনো হয়ে গেছে।
সার্চ, শেয়ার আর লাইকের নামে বুড়ো আঙুল দেখাতে দেখাতে তুমি নিজেই যেন
চোখে সর্ষে ফুল দেখতে শুরু কোরো না।
শেষমেশ পর্দাটাকে একেবারে কালো করে দাও।

আমিও তোমার মতোই ভীত, হারাতে চাই না এমন
প্রত্যেকের জন্য আমি উদ্বিগ্ন। আমিও অন্য কিছুর জন্য পয়সা সরিয়ে রেখেছিলাম:
অনেক দূরের সফর, কোনো ভাঙা হৃদয়ের জন্য একটুখানি মলম,
সহজে চালু করা যায় এমন একখানা গাড়ি।

কিন্তু: উহানে এখন পাখিদের গান শোনা যায়।
চিনের আকাশটা এখন খুবই নীল।
ভেনিসে, স্মরণকালের স্বচ্ছতম জলে মাছেদের দেখা যাচ্ছে আবার।

বেঁচে থাকার ব্যাকরণ বরাবর একই রয়ে গেছে: অনাহূত আবির্ভাব,
অনাকাঙ্ক্ষিত প্রস্থান, মধ্যখানে, যা করতে সবচেয়ে পছন্দ করে সবাই,
ভাগ্যের সঙ্গে সন্ধি করে যাওয়া।

সামনের দরজাটা বন্ধ করে দাও। বাগানে এসো, রোদটাকে চেখে দেখো।
একটু দূরের করেই না হয় ভাবো, যা বলার সাহস করেনি এখনও কেউ:
ভাইরাস-আক্রান্ত এই আমরাই আসলে ভাইরাস।