২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনা ভাইরাসের অভিঘাত নিয়ে রিচার্ড হ্যান্ড্রিক-এর কবিতা: অবরোধ

সাইফুল ভুঁইয়া সাইফুল ভুঁইয়া

Published : 18 Mar 2020, 06:49 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


আইরিশ ধর্মযাজক ব্রাদার রিচার্ড হ্যান্ড্রিকের করোনা ভাইরাসের মহামারিকে নিয়ে লেখা কবিতা Lockdown ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। ১৩ই মার্চ লেখার পর মূল কবিতাটিতে প্রায় উনিশ হাজার মন্তব্য এবং পয়ত্রিশ হাজার বার শেয়ার করা হয়েছে। বাংলাদেশের পাঠকদের কৌতূহলের কথা বিবেচনা করে লেখাটি অনুবাদ করেছেন কবি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডার্মাটোলজি বিভাগে সহযোগী অধ্যাপক সাইফুল ভুঁইয়া। বি. স

মূল: রিচার্ড হ্যান্ড্রিক

ভাবানুবাদ:সাইফুল ভূঁইয়া

সত্যি, আছে ভীতি
আছে আতঙ্কের কেনাকাটা।
মানছি, আছে ব্যাধি
আছে সঙ্গরোধ।
এমনকি আছে মৃত্যু, কিন্তু…

উহানে তাঁরা বলছে,
কোলাহলের এতো বছর বাদে
আবার শুনছে পাখির ডাক।
কয়েক সপ্তাহ্ নিরবতায়
আকাশ কেবলই নীল।

অ্যাসিসির শূন্য সড়কে তাঁরা বলছে,
খুলে দিয়েছে জানালা আর
বেলকনিতে গলা ছেড়ে গাইছে
আর যারা নিঃসঙ্গ, শুনছে
এইসব পারিবারিক কলরব।

তাঁরা বলছে,
পশ্চিম আয়ারল্যান্ডের এক হোটেল
বিনামূল্যের খাবার দিচ্ছে গৃহে গৃহে
আর ব্যস্ত তরুণী বিলাচ্ছে ফোন নাম্বার
যেনো বয়োবৃদ্ধ কেউ বিপদে ডাকে।

প্রস্তুত মন্দির-মসজিদ, প্রস্তুত গির্জা-প্যাগোডা
অসহায়, রুগ্ন আর অবসন্ন সাদরে পাচ্ছে আশ্রয়।
পৃথিবী জুড়ে মানুষ আজ ধীর ধ্যানমগ্ন
পৃথিবী জুড়ে মানুষ নতুন চোখে দেখছে প্রতিবেশী।
পৃথিবী জুড়ে হাঁটছে মানুষ ভিন্ন বাস্তবতায়:

সত্যি, কতোটা বলবান আমরা!
সত্যি, কতো নগণ্য নিয়ন্ত্রণ আমাদের!
প্রকৃত পক্ষে যা প্রয়োজন…
শুধুই ভালোবাসা।
এসো প্রার্থন করি, স্মরণ করি-

সত্যি, আছে ভীতি
আর নয় ঘৃণা
আছে বিচ্ছেদ
আছে একাকীত্ব
হতাশা আর নয়।

হ্যাঁ, আছে আতঙ্কের কেনাকাটা
আর নয় স্বার্থপরতা।
সত্যি, আছে ব্যাধি
কিন্তু আত্মায় নেই পীড়া।
হ্যাঁ, এমনকি আছে মৃত্যু…

কিন্তু, ভালোবাসার আছে পুনর্জন্ম।
জেগে ওঠো আজ কৃতজ্ঞতায়
বাঁচো, যেভাবে অভিপ্রায়।
নাও নিশ্বাস, বিরাম নাও
আর কান পেতে শোনো-

তোমার ভয়ের পীড়ন শেষে
পাখিরা গাইবে আবার।
দেখো ঝকঝকে আকাশ
আসছে বসন্ত।
আর নানানরূপে জড়ানো ভালোবাসা।

খুলে দাও হৃদয়ের জানালা
আর যদি না-ই পারো
পা রাখো নির্জন রাস্তায়
আর গাইতে থাকো
গাইতে থাকো…