পাবলো নেরুদা: কটা জিনিষ ব্যাখ্যা করে দিচ্ছি
কটা জিনিষ ব্যাখ্যা করে দিচ্ছি
তোমরা প্রশ্ন করবে- তাহলে নীললোহিতেরা কোথায়?
আর পোস্ত ফুলে ঢেকে থাকা অধিবিদ্যারা?
আর সেই বৃষ্টি যা প্রায়শই পাখি ও বাণিজ্যে
ভরপুর শব্দে ভর করে
ধাক্কা মারতে থাকে?
আমার সঙ্গে যা যা ঘটেছে তোমাদের সেসব কথা বলছি ।
মাদ্রিদের একটা বস্তিতে
আমি থাকতাম, ঘন্টাধ্বনি,
ঘড়ি, ও গাছে ভরা সে জায়গা।
সেখান থেকে দেখা যেত
কাস্তিলিয়া শহরটাকে, শুকনো মুখ
যেন চামড়ার সমুদ্র।
আমার বাড়িটার নাম ছিল
ফুলেদের বাড়ি, কেননা চারদিকে
জেরেনিয়াম ফুলের ছড়াছড়ি ছিল –
কুকুর এবং ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে গমগমে
ভীষণ সুন্দর একটা বাড়ি ছিল।
রাউল, তোমার মনে পড়ে?
রাফায়েল, তোমার?
ফেদেরিকো, মাটির নিচে শুয়ে
মনে পড়ে তোমার,
অনেকগুলো বারান্দাওয়ালা আমার সেই বাড়িটার কথা মনে পড়ে যেখানে
জুন মাসের আলো তোমার মুখের ভেতর ফুলে ফুলে ভরিয়ে তুলত?
ভাই, ভাই!
সব
কেমন উঁচু স্বরে কথা বলা, বাণিজ্যিক নুন টুন
ভয়ের ধুকধুকুনি মাখা রুটির স্তূপ,
আরগুইয়েসের স্ট্যাচু বসানো আমার এলাকার বাজারগুলো
ঠিক যেন কড মাছের মাঝখানে রাখা কালির দোয়াত
চামচ অবধি গড়িয়ে যেত তেল,
পাগুলো দিয়ে একটা কষিয়ে লাথি মেরে
ও হাতভর্তি রাস্তাঘাট ,
মিটার, লিটার, জীবনের
তীক্ষ্ণ নির্যাস ,
স্তূপ করে রাখা মাছ
ঠাণ্ডা সূর্য দিয়ে বোনা ছাদ তীর
যেখানে ক্লান্ত হয়ে পড়ে,
আলুর ভেতরে উঁচিয়ে থাকা সূক্ষ্ম উন্মত্ত দাঁতের সারি,
সমুদ্রতীর পর্যন্ত বিছানো টমেটোর ক্ষেত।
একদিন সকালবেলায় সবকিছু জ্বলতে শুরু করল
আর মাটির তলা থেকে বেরিয়ে এল
অগ্ন্যুৎসব
সব অস্তিত্ব গিলে খাচ্ছিল সে,
সেই মুহূর্ত থেকে আগুন লাগল,
ধুলোও তখন থেকে,
এবং তখন থেকেই রক্ত।
সোয়ালো পাখি ও আদিগন্ত ছড়ানো জমিওয়ালা ডাকাতের দল,
মূল্যবান আংটি ও ডাচেস সঙ্গিনীওয়ালা ডাকাতের দল,
কালো পোশাক পরা আশীর্বাদরত খ্রিষ্টীয় সাধু ফ্রেইলদের সঙ্গী ডাকাতের দল
শিশুদের হত্যা করার জন্য আকাশের দিকে চেয়ে থাকত,
আর কচিরক্ত মাখা রাস্তা বরাবর
সহজভাবে হেঁটে যেত দ্রুতপায়ে, শিশুদের রক্ত যেমন সরল হয়।
শেয়ালের দল যাদের শেয়ালও প্রত্যাখ্যান করবে,
পাথরেরা যাদের গায়ে শুকনো কাঁটাগুল্মও থুতু ছেটাতে ছেটাতে কামড়াবে,
বিষাক্ত সাপেরা যাদের বিষধর সাপও ঘেন্না করবে!
তোমাদের মুখোমুখি দাঁড়িয়ে আমি দেখেছি
জেগে উঠছে স্পেনের রক্ত
অহংকার ও ছোরার একটা মাত্র
ঢেউয়ে তোমাদের সবাইকে ডুবিয়ে দেবে বলে!
জেনারেলেরা
বিশ্বাসঘাতকের দল-
আমার মৃত বাড়িটার দিকে চেয়ে দেখ,
দেখ ভাঙাচোরা এই স্পেন দেশ-
তবু পুষ্পগুচ্ছের জায়গায়
প্রতিটি মরা বাড়ি থেকে বেরিয়ে আসবে জ্বলন্ত মন,
তবু প্রতিটি শূন্যগর্ভ স্পেন দেশ থেকে
বেরিয়ে আসবে প্রকৃত স্পেন,
তবু প্রতিটি মৃত শিশুর থেকে উঠে আসবে বন্দুকের নল বাগানো চোখ,
তবু প্রতিটি অপরাধ থেকে জন্ম নেবে কার্তুজ
হৃদয় খুঁজতে চেয়ে একদিন তারা
আমাদের খুঁজে নেবে।
তোমাদের প্রশ্ন করছি কেন কবির কবিতা
আমাদের স্বপ্নের কথা বলে না, পাতাদের কথা বলে না,
বলে না তার জন্মভূমির বিপুলাকৃতি আগ্নেয়গিরির কথা?
দেখে যাও রাস্তা বেয়ে রক্তের স্রোত গড়াচ্ছে,
এসো দেখে যাও
রাস্তা বরাবর রক্ত,
রক্ত দেখতেই এসো তোমরা সবাই
রাস্তা জুড়ে!
(Explico Algunas Cosas)
