২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশুদ্ধ সদগুনের কথোপকথন

ফারজানা নাজ শম্পা

Published : 09 Oct 2018, 09:45 AM

Updated : 23 Jun 2022, 04:01 PM

মূল: কবি জর্জ এলিয়ট ক্লার্ক

(কানাডার প্রাক্তন পোয়েট লরিয়েট )

অনুবাদ: ফারজানা নাজ শম্পা

একজন গীতা

বাদামিকন্যা, সোনালী, লোমশ অক্ষি,
পরিস্ফূটন ঘটায় হলুদ হিবিস্কাস পুষ্পরাশি,
যার উচ্ছল পদচারনায়,
অগাস্ট তার ঘরে পূর্ণরূপে প্রবেশ করে –
কন্যার উদ্দাম বিলাসী জরিদার সোনারং রেশম শাড়ী
তার পিঙ্গল বর্ণের পদযুগলে মধুবর্ণি আলোকস্রোতের বহমান প্রাচুর্য,
চন্দনশোভিত, সিডারকাঠের ন্যায়,
সে জড়ানো ছিলো এক সুরভিত চন্দনের সৌরভদীপ্তি বলয়ের মহিমার আবেশ
তার স্বতন্ত্র উষ্ণ ঘনবর্ণের দেহ,
তার প্রতিটি দৃষ্টিপলক বাতাস প্রবাহের গতি নির্ধারিত করে
তার চাপল্য আর দুষ্টিমিভরা দৃষ্টির অম্ল-মধুর…আহবান
ওহ সেকি তবে এসেছিলো ..?

সে এসেছিলো
শরতের শীতল আবরণে সামান্য প্রভাতের স্পর্শ রূপে,
তার পদযুগলসিক্ত ছিল হীরকসদৃশ উজ্জ্বলশিশির বিন্দুতে –
ঠিক যেভাবে সমুদ্রস্রোত গ্রীষ্মের ছোঁয়া দেয়
আর ঘাসের নবপ্রাণ জাগ্রত করে
(সেই ঘাসগুলি যা সূর্যালোকে বর্ধিত হয়
আর যখন প্রজাপতির দঙ্গল কাঠগোলাপের ফুলে জড়ো হয়…)
তার হাসি জানান দিয়েছিলো
সূর্যতাপে রাঙানো তার পোড়া মাটি বর্ণের অনন্য অধরযুগলকে –
যে সম্ভাবনা গৃহে ফেরায় –
আর আমি উত্তর দেই,
"তুমি এক আলোকিত উদ্দীপ্ত প্রেরণা হয়ে
আমাকে মুক্ত করো অন্ধকারের অস্পষ্টতা থেকে,
আর সব নারকীয় জঞ্জাল থেকে।"

ওহ ! আমি কল্পনায় কামনা করি মদ ও ঝোলাগুড়ের সিরাপ,
ভাত আর ম্যাকারেল মাছ, মুসের সুস্বাদু মাংস,
এই যেন ইন্ডিয়ান সাগরের সুমিষ্ট কমনীয়তা বইয়ে দিয়েছিলো আটলান্টিকের স্রোতধারায়,
এই আগস্ট শরতের সম্মিলনে।
সব আনন্দ আমোদ আমরা প্রমান করবো:
জলপদ্মের ন্যায় মিষ্টি ধীরগতির এক বিচ্ছুরিত বিজলীর আলোকে,
পৃথিবীর হৃদয় হতে ঝরে পড়া গজদন্তবর্ণের এক সোনালি ঝর্ণা,
অনেকটা তোমার মতো, পৃথিবীতে এক নব আলোর বসন্ত যা তুমি এনেছিলে।