২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ে হাঁটা মাদ্রিদ ও রেতিরোর স্নিগ্ধতা

স্প্যানিশদের দৈনন্দিন জীবনের একটা দারুণ ঝলক দেখা যায় এই কমিউটার ট্রেনগুলোতে। কেউ বই পড়ছে, কেউ কানে হেডফোন গুঁজে মোবাইল কিংবা ল্যাপটপে কাজ করছে, আবার কেউবা নিচু স্বরে গল্প মেতেছে।

মুস্তাফিজ মামুন মুস্তাফিজ মামুন

Published : 25 Nov 2026, 02:47 PM

Updated : 25 Nov 2026, 02:47 PM

আগের রাতের সেই দেশি খাবারের অমৃতসম স্বাদ আর স্মৃতির রেশ কাটতে না কাটতেই পরের দিনের রৌদ্রোজ্জ্বল সকালটা হাজির হলো নতুন এক গন্তব্যের হাতছানি নিয়ে। আজ আমাদের গন্তব্য স্পেনের রাজধানী মাদ্রিদ।

সকাল সকাল শিমুল ভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আলকালা দে এনারেস রেলওয়ে স্টেশনের দিকে। স্পেনের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে মাদ্রিদের সাথে এর আশপাশের শহরগুলোর রেল যোগাযোগ ব্যবস্থা দারুণ। মাদ্রিদ যাওয়ার জন্য স্পেনের বিখ্যাত কমিউটার বা লোকাল ট্রেন নেটওয়ার্ক 'সের্কানিয়াস' (Cercanías)-এর ওপরই আমরা ভরসা করলাম।

আলকালা থেকে সি-২ এবং সি-৭ লাইনের ট্রেনগুলো নিয়মিত মাদ্রিদের দিকে ছুটে যায়। টিকিট কেটে আমরাও এমন একটি আধুনিক ও ছিমছাম ট্রেনে চেপে বসলাম। স্প্যানিশদের দৈনন্দিন জীবনের একটা দারুণ ঝলক দেখা যায় এই কমিউটার ট্রেনগুলোতে। কেউ বই পড়ছে, কেউ কানে হেডফোন গুঁজে মোবাইল কিংবা ল্যাপটপে কাজ করছে, আবার কেউবা নিচু স্বরে গল্প মেতেছে। আলকালার সীমানা পেরিয়ে ট্রেনটি যখন মাদ্রিদের দিকে ছুটছে, জানালার বাইরের প্রাচীন দৃশ্যপটও একটু একটু করে বদলে গিয়ে আধুনিক শহরের রূপ নিতে শুরু করল।

মাত্র চল্লিশ মিনিটের আরামদায়ক যাত্রা শেষে আমাদের ট্রেন এসে থামল স্পেনের সবচেয়ে বড়, ব্যস্ত এবং ঐতিহাসিক রেলওয়ে স্টেশন ‘এস্তাসিওন দে মাদ্রিদ আতোচা' (Estación de Madrid Atocha)-তে। তবে বর্তমানে বিশাল এই স্টেশনটির নাম বদলে রাখা হয়েছে 'মাদ্রিদ পুয়ের্তা দে আতোচা-আলমুদেনা গ্রান্দেস' (Madrid Puerta de Atocha-Almudena Grandes)। স্প্যানিশ সাহিত্যের প্রখ্যাত লেখিকা আলমুদেনা গ্রান্দেসের প্রতি সম্মান জানিয়ে ২০২২ সালে মাদ্রিদের সবচেয়ে বড় এই রেল স্টেশনটির নাম পরিবর্তন করে তাঁর নামে রাখা হয়।

ট্রেন থেকে নেমে স্টেশনের মূল ভবনে পা রাখতেই আমি বিস্ময়ে থমকে দাঁড়ালাম। ইউরোপের অনেক রেল স্টেশনেই আমার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এমন অদ্ভুত ও সুন্দর স্টেশন আমি জীবনেও দেখিনি! পুরো স্টেশনটি যেন আস্ত একটি ট্রপিক্যাল জঙ্গল! ১৮৯২ সালে তৈরি লোহা আর কাঁচের বিশাল এই প্রাচীন কাঠামোর ঠিক মাঝখানে গড়ে তোলা হয়েছে এক বিশাল ইনডোর বোটানিক্যাল গার্ডেন। প্রায় চার হাজার বর্গমিটার এলাকাজুড়ে সাত হাজারেরও বেশি গাছপালায় ঘেরা এই বাগানে যেন পৃথিবীর নানা প্রান্তের সবুজের মেলা বসেছে। পাম গাছ থেকে শুরু করে নানা জাতের গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে স্টেশনটি এক মায়াবী রূপ পেয়েছে।

সবচেয়ে মজার ব্যাপার হলো, স্টেশনের ভেতরেই বেশ বড় একটি জলাশয় ছিল, যেখানে শত শত কচ্ছপ আপন মনে রোদ পোহাচ্ছিল আর সাঁতার কাটছিল। (২০১৮ সালে আমার এই ভ্রমণের সময় কচ্ছপের পুকুরটি ছিল আতোচা স্টেশনের অন্যতম প্রধান আকর্ষণ। যদিও পরে প্রাণীদের সুরক্ষার কথা ভেবে কচ্ছপগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে)। যাত্রীরা ট্রেনের অপেক্ষায় বসে বসে কচ্ছপদের এই জলকেলি দেখত। একটা রেলওয়ে স্টেশনের ভেতর এমন গহীন জঙ্গল আর কচ্ছপের পুকুর থাকতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

আতোচা স্টেশনের এই অদ্ভুত সৌন্দর্য আর জাদুকরী পরিবেশের ঘোর কাটিয়ে আমরা বেরিয়ে এলাম মাদ্রিদের রাজপথে। জানুয়ারির মিষ্টি রোদ চারদিকে। শিমুল ভাইয়ের সাথে আগেই কথা ছিল, মাদ্রিদের রাজকীয় সৌন্দর্য আমরা কোনো বাসে বা গাড়িতে নয়, বরং পায়ে হেঁটেই উপভোগ করব। কারণ, ইউরোপের এই প্রাচীন শহরের আসল স্পন্দন টের পেতে হলে এর অলিগলি আর রাজপথে হাঁটার কোনো বিকল্প নেই।

ইউরোপের অন্যান্য শহরের তুলনায় মাদ্রিদের রাজপথগুলো বেশ প্রশস্ত আর প্রাণবন্ত। শিমুল ভাই এই শহরের অলিগলি বেশ ভালোই চেনেন, তাই তার দেখানো পথ ধরে আমরা সোজা চলে গেলাম মাদ্রিদের হৃৎপিণ্ড বলে পরিচিত বিখ্যাত স্কয়ার 'পুয়ের্তা দেল সোল' (Puerta del Sol)-এ।

স্প্যানিশ ভাষায় 'পুয়ের্তা দেল সোল'-এর অর্থ হলো 'সূর্যের দরজা'। পঞ্চদশ শতাব্দীতে মাদ্রিদ শহর যখন প্রাচীর দিয়ে ঘেরা ছিল, তখন এটি ছিল শহরের অন্যতম প্রধান প্রবেশদ্বার। এই স্কয়ারে স্পেনের ভৌগোলিক কেন্দ্রবিন্দু 'কিলোমিটার জিরো'-এর ফলক তো রয়েছেই, তার সাথে যোগ হয়েছে এখানকার বিচিত্র জনজীবন। স্কয়ারের একপাশে দেখলাম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অনিয়মিত অভিবাসীরা এক অদ্ভুত কৌশলে পর্যটকদের কাছে নানা স্যুভেনিয়ার আর উপহার সামগ্রী বিক্রি করছে। তারা বড় একটি কাপড়ের চারকোণায় দড়ি বেঁধে তার ওপর জিনিসপত্র সাজিয়ে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য হলো, হঠাৎ পুলিশের আনাগোনা টের পেলেই যেন এক টানে দড়ি গুটিয়ে জিনিসপত্র কাঁধে নিয়ে ভোঁ দৌড় দেওয়া যায়! জীবনসংগ্রামের এই অদ্ভুত দৃশ্যের পাশাপাশি স্কয়ারটি ছিল বিনোদনেরও এক বড় কেন্দ্র। কোথাও কেউ সারা গায়ে রং মেখে জীবন্ত মূর্তি বা সং সেজে দাঁড়িয়ে থেকে পর্যটকদের আনন্দ দিয়ে পয়সা রোজগার করছে, আবার কোথাও শিল্পীরা গিটার বাজিয়ে চমৎকার সব স্প্যানিশ গান গাইছে। সব মিলিয়ে এক জমজমাট আর প্রাণবন্ত পরিবেশ!

'পুয়ের্তা দেল সোল' থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম স্পেনের সবচেয়ে প্রাচীন ও গাম্ভীর্যপূর্ণ চত্বর 'প্লাসা মাযর' (Plaza Mayor)-এ। চারদিকে লাল ইটের তৈরি বিশাল আর সুউচ্চ সব প্রাচীন দালান, আর তার মাঝে আয়তাকার এক বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ। ভবনগুলোর নিচতলায় টানা খিলানযুক্ত বারান্দা, যা এই স্কয়ারটিকে এক অন্যরকম রাজকীয় রূপ দিয়েছে। সতেরো শতকে রাজা তৃতীয় ফিলিপের আমলে এটি তৈরি হয়েছিল। চত্বরের ঠিক মাঝখানে তার ঘোড়ায় চড়া একটি বিশাল ব্রোঞ্জের মূর্তিও রয়েছে। প্রাচীন সেই ভবনগুলোর ব্যালকনিতে দাঁড়িয়ে একসময় রাজপরিবারের সদস্যরা উৎসব দেখতেন, আর আজ আমরা সেই চত্বরে দাঁড়িয়ে ইতিহাসের ঘ্রাণ নিচ্ছি!

প্লাসা মাযর থেকে বের হয়ে আমরা হাঁটা ধরলাম স্পেনের রাজকীয় আভিজাত্যের প্রতীক 'রয়্যাল প্যালেস অব মাদ্রিদ' (Palacio Real de Madrid)-এর দিকে। বিশাল এই প্রাসাদটি ইউরোপের অন্যতম বৃহত্তম রাজপ্রাসাদ। এর বাইরের প্রাঙ্গণ আর চোখধাঁধানো স্থাপত্য দেখলেই স্প্যানিশ সাম্রাজ্যের অতীত গৌরবের একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। প্রাসাদের প্রাঙ্গণ লাগোয়া চমৎকার বাগানে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল শ্বেতপাথরে তৈরি নজরকাড়া 'ফুয়েন্তে দে লাস কনচাস' (Fuente de las Conchas) বা ঝিনুকের ফোয়ারা। আর একটু এগোতেই দেখলাম 'ফুয়েন্তেস হেমেলাস' (Fuentes Gemelas) বা যমজ ফোয়ারা। এই ফোয়ারাগুলোর ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল চমৎকার কারুকাজ করা অনেকগুলো সাদা পাথরের মূর্তি। এগুলো প্রাচীন স্প্যানিশ রাজাদের ও রাণীদের ভাস্কর্য।

রাজপ্রাসাদ এবং এর বাইরের এই অপূর্ব ভাস্কর্য ও ফোয়ারাগুলোর সৌন্দর্য উপভোগ করে আমরা এগোলাম মাদ্রিদের আরেক আইকনিক স্কয়ার 'প্লাসা দে সিবেলেস' (Plaza de Cibeles)-এর দিকে। স্কয়ারের মাঝখানে গ্রিক দেবী সিবেলেসের মার্বেল পাথরের তৈরি চমৎকার ফোয়ারা আর তার পেছনের বিশাল 'প্যালেস অব কমিউনিকেশনস' ভবনটি মিলে এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছে।

ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। একটানা হেঁটে মাদ্রিদের এতগুলো স্কয়ার আর রাজপথ ঘোরার পর পেটে বেশ ভালোই টান পড়ল। কিন্তু রেস্তোরাঁয় বসে আয়েশ করে খাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না, কারণ মাদ্রিদের আরও অনেক কিছু দেখার বাকি! তাই সময় বাঁচাতে আমরা স্কয়ারের কাছাকাছি থাকা একটি ম্যাকডোনাল্ডস-এ ঢুকে পড়লাম। কোনো রকম আয়েশ ছাড়াই, বেশ তাড়াহুড়ো করে বার্গার দিয়ে দুপুরের খাওয়া সেরে নিলাম। পেট ভরে যাওয়ায় শরীরে যেন নতুন করে হাঁটার শক্তি ফিরে এল।

মাদ্রিদের আসল সৌন্দর্য যেন পরতে পরতে লুকিয়ে আছে এই চত্বরগুলোতে। প্লাসা দে সিবেলেস-এর সৌন্দর্য উপভোগ করে আমরা এগোলাম মাদ্রিদের মনক্লোয়া (Moncloa) এলাকার দিকে। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্পেনের গৃহযুদ্ধের স্মারক 'আরকো দে লা বিক্তোরিয়া' (Arco de la Victoria) বা বিজয়ের তোরণ। বিশাল এই তোরণটি স্প্যানিশ ইতিহাসের এক অন্যরকম অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। এর ঠিক পাশেই মাদ্রিদের বিখ্যাত পর্যবেক্ষণ টাওয়ার 'ফারো দে মনক্লোয়া' (Faro de Moncloa)। শিমুল ভাইয়ের পরিকল্পনা ছিল ৯২ মিটার উঁচু এই টাওয়ারের চূড়ায় উঠে পাখির চোখে পুরো মাদ্রিদ শহরটা আমাকে দেখাবেন। সেই সুযোগে আমিও মাদ্রিদের কিছু বার্ডস আই ভিউ তুলব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন টাওয়ারটি বন্ধ ছিল! তাই ওপরে আর ওঠা হলো না, নিচ থেকেই এই সুউচ্চ কাঠামোর বিশালত্ব দেখে সান্ত্বনা খুঁজতে হলো। পাখির চোখে মাদ্রিদ দেখা আর ক্যামেরায় ধারণ করার আক্ষেপটা হয়তো পরবর্তী কোনো সফরের জন্য জমা রইল।

দীর্ঘক্ষণ পায়ে হেঁটে মাদ্রিদের রাজপথ, স্কয়ার আর মনক্লোয়া এলাকা ঘোরার পর আমাদের পায়ে বেশ ক্লান্তি নেমে এসেছিল। কংক্রিট আর পাথরের প্রাচীন শহরের ভিড় ঠেলে বিশ্রামের জন্য শিমুল ভাই আমাকে নিয়ে গেলেন মাদ্রিদের সবচেয়ে বিখ্যাত সবুজ প্রান্তর 'পার্কে দেল বুয়েন রেতিরো' (Parque del Buen Retiro)-তে। স্প্যানিশ ভাষায় এই নামটির অর্থ হলো 'অপূর্ব বিশ্রামের উদ্যান', আর এর সার্থকতা লুকিয়ে আছে এর ইতিহাসেই। সতেরো শতকে রাজা চতুর্থ ফিলিপের আমলে স্প্যানিশ রাজপরিবারের একান্ত অবসর বিনোদনের জন্য এই বিশাল পার্কটি তৈরি করা হয়েছিল। তখন এটি ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। অবশেষে উনিশ শতকের শেষের দিকে (১৮৬৮ সালে) এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাজকীয় এই পার্কের ভেতরে যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। সারি সারি প্রাচীন গাছ, চমৎকার সব ভাস্কর্য আর হাঁটার প্রশস্ত পথ পেরিয়ে আমরা পার্কের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এলাম। সেখানে অপেক্ষাকৃত শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশে নির্মল একটি জলাশয় বা লেক রয়েছে। লেকের টলটলে জলের ওপর রোদের ঝিকিমিকি, আর তার ঠিক মাঝেই নিশ্চিন্তে সাঁতার কাটছিল নানা জাতের রাজহাঁস, বুনো হাঁস আর নাম না জানা রকমারি জলচর পাখি। কেউ কেউ আবার ডানা ঝাপটে লেকের পাড়ে উঠে এসে পর্যটকদের কাছ থেকে খাবার খুঁটে খাচ্ছিল।

পার্কের একটি বেঞ্চে বসে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। হাঁসের দলের জলকেলি দেখতে দেখতে মাদ্রিদের সেই মিষ্টি রোদেলা দুপুর গড়িয়ে কখন যে সন্ধ্যা নামতে শুরু করল, টেরই পেলাম না। গোধূলির মায়াবী আলোয় রেতিরো পার্ক থেকে বের হতেই আমাদের চোখের সামনে ভেসে উঠল মাদ্রিদের আরেক ঐতিহাসিক তোরণ 'পুয়ের্তা দে আলকালা' (Puerta de Alcalá)। আঠারো শতকে তৈরি এই বিশাল তোরণটি একসময় শহরের পূর্ব দিকের প্রবেশদ্বার ছিল। সন্ধ্যার টোয়াইলাইটে (Twilight) নিয়ন আলো আর শেষ বিকেলের নরম আভার মিশ্রণে তোরণটির সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছিল। এমন জাদুকরী আলোয় দাঁড়িয়ে বেশ কিছু চমৎকার ছবিও তুলে নিলাম। ইট-পাথরের প্রাচীন শহরের আভিজাত্য আর প্রকৃতির এমন স্নিগ্ধতা—মাদ্রিদ শহরটিকে আমার কাছে এক জীবন্ত ক্যানভাসের মতোই মনে হয়েছিল।

সারাদিনের এই দীর্ঘ পদযাত্রা আর মাদ্রিদের রাজকীয় সৌন্দর্য উপভোগ করার পর রাতের আঁধার যখন পুরোপুরি নেমে এল, আমরা আবার আতোচা স্টেশন থেকে কমিউটার ট্রেনে চেপে বসলাম। ফারো দে মনক্লোয়ায় উঠতে না পারার সামান্য আক্ষেপ থাকলেও, পায়ে হেঁটে মাদ্রিদের অলিগলি আবিষ্কারের আনন্দে আমাদের মন তখন কানায় কানায় পূর্ণ।

সারাদিনের দারুণ সব স্মৃতি আর কিছুটা ক্লান্তি নিয়ে আমাদের ট্রেন ফিরে চলল আলকালা দে হেনারেসের সেই চেনা গন্তব্যে।