মরূদ্যানের মায়াপুরে তেরো ঘণ্টা: দোহা বিমানবন্দরে এক স্বপ্নিল বিরতির গল্প
ঢাকা থেকে নিউইয়র্কের দীর্ঘ যাত্রাপথে দোহা’র হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তেরো ঘণ্টার বিরতি। বিরক্তিকর অপেক্ষার বদলে সেই সময়টুকু রূপ নিল এক স্বপ্নিল ভ্রমণে।
গন্তব্য ঢাকা থেকে নিউইয়র্ক। এমনিতেই প্রায় অর্ধেক পৃথিবীর সমান দীর্ঘ পথ, তার ওপর দোহায় বিশাল বিরতি!
তবে আমাদের যুক্তরাষ্ট্র যাত্রার নির্ধারিত দিনে যখন শর্ট ট্রানজিটের কোনও টিকেট মিলছিল না, তখন একদিক দিয়ে আমি বেশ খুশিই হয়েছিলাম।
কারণ, আমার স্ত্রী ও কন্যার বিদেশ ভ্রমণে বড় আকর্ষণ থাকে বড় বড় এয়ারপোর্ট ঘুরে দেখা। তাই বাজেট মিলিয়ে শেষ পর্যন্ত কাতার এয়ারওয়েজের ১৩ ঘণ্টার দীর্ঘ ট্রানজিটের টিকেটই কিনেছিলাম আমরা।
দীর্ঘ সময়টা নিয়ে আমাদের মনে বিন্দুমাত্র শঙ্কা বা বিরক্তি ছিল না, বরং ছিল দারুণ এক উত্তেজনা! ১৩ ঘণ্টা ধরে হামাদ এয়ারপোর্টের মতো একটি আধুনিক বিস্ময় ঘুরে দেখার সুযোগ তো আর রোজ মেলে না। সঙ্গে আমার স্ত্রী আর কন্যা সুচেতা। সঙ্গী হিসেবে আছেন বন্ধু ও আলোকচিত্রী সৌরভ।
এত বড় একটা এয়ারপোর্টে আমাদের সময়টা কতটা চমৎকার কাটবে, তা নিয়ে সবার ভেতরেই কাজ করছিল একটা চাপা আনন্দ। সত্যিই, এই দীর্ঘ ট্রানজিটই যে যাত্রার একটি সেরা স্মৃতি হয়ে উঠবে, তা এয়ারপোর্টে পা রেখেই বুঝতে পারলাম!
কাতার এয়ারওয়েজের ড্রিমলাইনার দোহায় নামল। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকে ট্রান্সফার গেইট পার হলাম। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা-বিষয়ক আনুষ্ঠানিকতা সেরে মূল টার্মিনালের ভেতরে ঢুকলাম। ভেতরে পা রাখতে নিমিষেই উধাও হয়ে গেল আমাদের দীর্ঘ যাত্রার সব ক্লান্তি!
বিমানবন্দরটি যেন আস্ত একটি জাঁকজমকপূর্ণ শহর, যার পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়। ভেতরে ঢুকতেই স্বাগত জানাল বিশ্বখ্যাত সেই বিশাল হলুদ রংয়ের ল্যাম্প বিয়ার। সুইস শিল্পী উরস ফিশারের তৈরি প্রায় ২৩ ফুট উঁচু ব্রোঞ্জের এই ভাস্কর্যটি দেখে সুচেতার তো খুশির সীমা নেই! চারপাশে দাঁড়িয়ে ছবি তোলাটা যেন প্রতিটি যাত্রীর জন্যই অলিখিত নিয়ম। আমরাও সে নিয়মের ব্যতিক্রম করলাম না।
এই ল্যাম্প বিয়ারের সামনে দাঁড়ালেই টের পাওয়া যায়, একটি এয়ারপোর্টে কত দেশের, কত সংস্কৃতির মানুষের আনাগোনা! নানান ভাষার, নানান বর্ণের মানুষের এক বিশাল বৈশ্বিক মিলনমেলা। আমাদের হাতে ১৩ ঘণ্টার অফুরন্ত সময় থাকলেও সবার চিত্র কিন্তু এমন নয়।
ব্যস্ততম এই এয়ারপোর্টে একেকটি বিমান অবতরণের পর শর্ট ট্রানজিটের যাত্রীদের আরেক গন্তব্যের বিমান ধরার যে প্রাণান্তকর দৌড়ঝাঁপ, তা বেশ উপভোগ্য এক দৃশ্য।
কেউ হয়ত লাগেজ টেনে দৌড়াচ্ছেন, কেউবা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন বোর্ডিং গেটের খোঁজে। ট্রানজিট যাত্রীদের এই ব্যস্ততম কোলাহলের মাঝে আমরা ধীরেসুস্থে ঠিক করলাম, বিশাল এই বিমানবন্দরটা পায়ে হেঁটেই ঘুরে দেখব।
টার্মিনালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রশস্ত হাঁটার পথ ধরে এগোতে এগোতে দুপাশের বিলাসবহুল ডিউটি-ফ্রি শপ আর চোখ ধাঁধানো সব স্থাপত্য দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোনও সায়েন্স ফিকশন মুভির সেটে ঘুরে বেড়াচ্ছি।
হাঁটতে হাঁটতেই চোখ পড়ল এয়ারপোর্টের আরেকটি অবিশ্বাস্য চমকের দিকে, ‘ভাইটালিটি ওয়েলবিয়িং অ্যান্ড ফিটনেস সেন্টার’। শুনেছিলাম, এই এয়ারপোর্টের ভেতরে যাত্রীদের জন্য রীতিমতো ২৫ মিটার লম্বা একটি সুইমিং পুল, জিম আর স্পা রয়েছে! যদিও আমাদের সেখানে ঢোকার পরিকল্পনা ছিল না। তবে একটি এয়ারপোর্টের টার্মিনালের ভেতর এমন বিলাসবহুল আয়োজন দেখে সত্যিই অবাক হতে হল।
এরপর হাঁটতে হাঁটতে আমরা যখন ‘দ্য অর্চার্ড’-এ পৌঁছালাম, তখন মনে হল যেন জাদুর কাঠির ছোঁয়ায় মরুভূমির বুক থেকে এক স্নিগ্ধ রেইনফরেস্টে এসে পড়েছি।
প্রায় দশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এই বিশাল ইনডোর ট্রপিক্যাল গার্ডেনটি সত্যিই এক বিস্ময়।
মাথার ওপরের বিশাল কাচের ছাদ দিয়ে আসা আলোয় আলোকিত চারপাশ। মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশ থেকে আনা তিন শতাধিক বড় গাছ এবং পঁচিশ হাজারেরও বেশি লতাপাতা দিয়ে সাজানো এই বাগান।
বাগানের ভেতরে সবুজের ঘেরাটোপে চোখে পড়ল কাঠের তৈরি ছোট ছোট চমৎকার কিছু বিশ্রাম ঘর। দেখলাম, দীর্ঘ ফ্লাইটের জন্য অপেক্ষারত অনেকেই সেই ঘরগুলোতে গা এলিয়ে দিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছেন।
এয়ারপোর্টের ভেতরে প্রকৃতির এমন স্নিগ্ধতার মাঝে বিশ্রামের অভিনব এই ব্যবস্থা সত্যিই অসাধারণ।
‘দ্য অর্চার্ড’ এবং আশপাশের বিশাল প্রাঙ্গণ যেন এক জীবন্ত আর্ট গ্যালারি! এই বাগানের ভেতরেই আমাদের নজর কাড়ল দারুণ আকর্ষণীয় একটি ব্রোঞ্জের ভাস্কর্য। 'দ্য ওয়াইল্ড টেবিল অফ লাভ'। অস্ট্রেলিয়ান ভাস্কর জুটি গিলি এবং মার্কের তৈরি এই ভাস্কর্যটিতে দেখা যায়, একটি বিশাল ডাইনিং টেবিল ঘিরে মানুষের মতোই বসে খাবার খাচ্ছে গরিলা, জিরাফ, হাতি, গন্ডার, চিতা বাঘ ও কোয়ালার মতো বিপন্ন প্রজাতির প্রাণীরা।
ভাস্কর্যটি তৈরির পেছনে শিল্পীদের এক মহৎ উদ্দেশ্য রয়েছে। মূলত বিশ্বে দিন দিন বিলুপ্ত হতে যাওয়া বন্যপ্রাণীদের সংরক্ষণ এবং তাদের অস্তিত্ব রক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতেই এটি তৈরি করা হয়েছে। শিল্পীদের মূল বার্তাটি হল- এই সুন্দর পৃথিবী শুধু মানুষেরই নয়। বন্যপ্রাণীদের সঙ্গে একই টেবিলে বসে, অর্থাৎ তাদের অধিকারকে সম্মান জানিয়ে সহাবস্থান করেই আমাদের এই গ্রহে বাঁচতে হবে।
মজার ব্যাপার হল, এই টেবিলে মানুষের বসার জন্য কয়েকটি চেয়ার ইচ্ছে করেই ফাঁকা রেখেছেন এর শিল্পীরা, যাতে আমরাও এই সহাবস্থানে যোগ দিতে পারি। সুচেতা তো আনন্দে দৌড়ে গিয়ে একটা ফাঁকা চেয়ারে গরিলা আর জিরাফের মাঝখানে বসে পড়ল! ওর সঙ্গে আমরাও যোগ দিলাম। সৌরভ আমাদের অসাধারণ কিছু ছবিও তুলে দিলেন।
এর ঠিক কাছাকাছি আরেকটু এগোতেই চোখে পড়ল বিখ্যাত মার্কিন শিল্পী কাওস-এর তৈরি অবাক করা এক বিশাল ভাস্কর্য ‘স্মল লাই’। প্রায় ৩২ ফুট উঁচু কাঠের তৈরি বিশাল এক পুতুলের ভাস্কর্য এটি। বিষণ্ণ চেহারার বিশাল পুতুলটি যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনও চরিত্র! বিশাল এই ভাস্কর্যটির সামনে দাঁড়িয়ে সুচেতা একেবারে ‘থ’ মেরে গেল।
একটু দূরেই দ্য অর্চার্ডের আলোর ঝলকানির মাঝে চোখে পড়ল ফরাসি শিল্পী জঁ-মিশেল ওথোনিয়েলের তৈরি ভাস্কর্য ‘কসমস’। সোনার মতো চকচকে বিশাল এক গোলকের এই শিল্পকর্মে আলো পড়ে এমনভাবে ঠিকরে আসছিল, যেন মহাকাশের কোনও এক রহস্যময় গ্রহ আমাদের সামনে এসে হাজির হয়েছে।
শিল্পকর্মগুলোর এই রাজসিক উপস্থিতি পুরো বাগানটিকে এক অন্যরকম আভিজাত্য এনে দিয়েছে।
বিশাল এই বিমানবন্দর হেঁটে দেখতে দেখতে একসময় আমাদের সবার শরীরেই ক্লান্তির ছায়া নামল। বিশেষ করে সুচেতার; দীর্ঘ ভ্রমণের রেশ ওর চোখেমুখে তখন স্পষ্ট। ঠিক সে মুহূর্তেই ত্রাতা হয়ে এল পকেটে থাকা ক্রেডিট কার্ডগুলো।
সত্যি বলতে, আমার এতগুলো ক্রেডিট কার্ড ব্যবহারের মূল কারণগুলোর একটি হল এই- বিদেশ ভ্রমণে নির্ঝঞ্ঝাট এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা।
ফোন বের করে ‘লাউঞ্জ কি’ অ্যাপটা খুললাম। সেখানে পেয়ে গেলাম হামাদ এয়ারপোর্টের একটি আকর্ষণীয় এবং বিলাসবহুল ‘আল মাহা লাউঞ্জ’। দেরি না করে সোজা সেদিকেই ছুটলাম আমরা। বাইরের শত শত যাত্রীর কোলাহল আর দৌড়ঝাঁপ পেছনে ফেলে আল মাহা লাউঞ্জে পা রাখতেই মনে হল, কংক্রিটের মাঝে যেন এক প্রশান্তির মরূদ্যানে এসে পৌঁছেছি।
স্নিগ্ধ পরিবেশ, নান্দনিক অন্দরসজ্জা আর খুবই আরামদায়ক সোফাগুলো যাত্রীদের বিশ্রামের জন্যই নিখুঁতভাবে সাজানো।
লাউঞ্জের ফুড স্টেশনটিও ছিল দারুণ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী অ্যারাবিক মেজে থেকে শুরু করে কন্টিনেন্টাল নানান পদের গরম খাবার আর ডেজার্টের চমৎকার বুফে দিয়ে আমরা তৃপ্তির সঙ্গে রাতের খাবার সেরে নিলাম।
তবে ১৩ ঘণ্টার এই দীর্ঘ ট্রানজিটে বেশি স্বস্তি দিয়েছে লাউঞ্জের রিফ্রেশিং শাওয়ার সুবিধা। ঝকঝকে পরিষ্কার আর বিলাসবহুল শাওয়ার রুমগুলোতে হালকা গরম পানিতে গোসল করার পর মনে হয়েছিল, ঢাকা থেকে আসার ফ্লাইটের সব ক্লান্তি যেন জাদুর মতো গায়েব হয়ে গেছে! এরপর লাউঞ্জের হাই-স্পিড ওয়াই-ফাইয়ে সুচেতা কিছুক্ষণ ওর ট্যাবে কার্টুন দেখল, আর আমরা চমৎকার কফিতে চুমুক দিতে দিতে প্রিয়জনদের সঙ্গে কথা বলে নিলাম।
দেখতে দেখতে ১৩ ঘণ্টা কীভাবে যে কেটে গেল, টেরই পেলাম না। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই বৈচিত্র্যময় সৌন্দর্য, দ্য অর্চার্ডের শিল্পমণ্ডিত স্নিগ্ধতা আর আল মাহা লাউঞ্জের রাজকীয় বিশ্রাম আমাদের অপেক্ষার গল্পটা পুরোপুরি পালটে দিল।
সম্পূর্ণ সতেজ শরীর ও মন নিয়ে এরপর আমরা নিউইয়র্কের ১৪ ঘণ্টার দীর্ঘ ফ্লাইটের জন্য বোর্ডিং গেটের দিকে এগুলাম।
