২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“লেখার জন্য সম্মান, গর্ব, আত্মমর্যাদা, নিরাপত্তা, সুখ সবকিছুকে বিসর্জন দেওয়া যাবে”

আমেরিকার অন্যতম প্রধান কথাসাহিত্যিক উইলিয়াম ফকনারের দীর্ঘ সাক্ষাতকার। তর্জমা করেছেন মোস্তাক শরীফ।

মোস্তাক শরীফ মোস্তাক শরীফ

Published : 13 Jan 2024, 01:29 PM

Updated : 13 Jan 2024, 01:29 PM

উইলিয়াম কাথবার্ট ফকনার (১৮৯৭-১৯৬২)। খ্যাতনামা মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপির যে অঞ্চলে প্রায় গোটা জীবন কাটিয়েছেন তার আদলে তৈরি করেছেন কাল্পনিক ইয়ক্নাপাটাওফা কাউন্টি, তাঁর অধিকাংশ, উপন্যাস ও ছোটগল্পের পটভূমি। ‘দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি’, ‘অ্যাজ আই লে ডায়িং’, ‘লাইট ইন অগাস্ট’, ‘অ্যাবসালোম, অ্যাবসালোম!’ তাঁর সেরা সৃষ্টি। ১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী। শ্রেষ্ঠ মার্কিন সাহিত্যিকদের অন্যতম বলে স্বীকৃত।

১৯৫৬ সালে প্যারিসে বসে জিন স্টাইনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ফকনার। শোনা যায়, বয়সে ৩৭ বছরের বড় ফকনারের সঙ্গে তখন প্রেম চলছিল স্টাইনের। সাক্ষাৎকারটি পরে প্রকাশিত হয় ‘প্যারিস রিভিউ’ পত্রিকায়। ফকনারের দেওয়া সব সাক্ষাৎকারের মধ্যে এটিকে সবচেয়ে বিখ্যাত মনে করা হয়। নিজের জীবন ও সাহিত্য নিয়ে ছাঁচাছোলা ভঙ্গিতে অনেক কথাই বলেছিলেন ফকনার। দীর্ঘ সেই সাক্ষাৎকারের ইষৎ সংক্ষেপিত অনুবাদ রইল এখানে। ভাষান্তর করেছেন মোস্তাক শরীফ।

জিন স্টাইন: মি. ফকনার, খানিক আগে বলছিলেন সাক্ষাৎকার দিতে পছন্দ করেন না আপনি।

উইলিয়াম ফকনার: সাক্ষাৎকার জিনিসটাকে পছন্দ না করার কারণ, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে খেপে যাই আমি। আমার কাজ সম্বন্ধে জানলে চাইলে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার নিজের সম্বন্ধে প্রশ্ন করলে উত্তর দিতে পারি, না-ও দিতে পারি। যদি দিইও, আগামীকাল একই প্রশ্ন করলে ভিন্ন উত্তরও পেতে পারেন।

স্টাইন: আর যদি লেখক হিসেবে নিজের কথা বলতে হয়?

ফকনার: আমার জন্ম না হলেও যা লিখেছি সেটি অন্য কেউ লিখত। হেমিংওয়ে, দস্তয়েভস্কি, আমরা সবাই। এর প্রমাণ হচ্ছে, শেক্সপিয়ারের নাটকগুলোর লেখক হিসেবে তিনজন দাবীদারের কথা বলতে পারি। এখানে হ্যামলেট আর মিডসামার নাইট’স ড্রিম হচ্ছে গুরুত্বপূর্ণ। কে সেগুলো লিখেছে তা নয়। কেউ একজন লিখেছে, এটাই আসল কথা। শিল্পী নন, তাঁর সৃষ্টি গুরুত্বপূর্ণ, যেহেতু নতুন করে আর কিছু বলার নেই। শেক্সপিয়ার, বালজাক, হোমার সবাই একই জিনিস নিয়ে লিখেছেন। তাঁরা এক হাজার বা দুই হাজার বছর বেশি বাঁচলে প্রকাশকদের অন্য কাউকে দরকার হতো না।

স্টাইন: যদি ধরেও নিই নতুন আর কিছু বলার নেই, লেখকের নিজস্বতা তো গুরুত্বপূর্ণ?

ফকনার: খুবই গুরুত্বপূর্ণ, তবে তাঁর নিজের কাছে। অন্যেরা তাঁর লেখা নিয়েই ব্যস্ত থাকবে। লেখকের নিজস্বতা নিয়ে ভাবার সময় থাকবে না তাদের।

স্টাইন: আপনার সমসাময়িকদের ব্যাপারে কিছু বলুন।

ফকনার: নিখুঁত হওয়ার ব্যাপারে যে স্বপ্ন দেখেছিলাম তাতে সবাই ব্যর্থ হয়েছি। এ কারণে অসম্ভবকে সম্ভব করার ব্যাপারে আমাদের চমকপ্রদ ব্যর্থতার ভিত্তিতেই নিজেদের মূল্যায়ন করতে চাই আমি। নিজের কথা বলি, আমার সব লেখা আবার লিখতে পারলে, আমি নিশ্চিত যে, আরো ভালো হতো লেখাগুলো। লেখকের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর শর্তই হচ্ছে এটি। এ কারণেই সে কাজ করে। বারবার চেষ্টা করে। প্রতিবারই বিশ্বাস করে, এবার কাজটা করতে পারবে সে, ঘটাতে পারবে ঘটনাটা। কিন্তু পারে না। এজন্যই শর্তটা স্বাস্থ্যকর। কারণ একবার যদি কাজটাকে মনের মধ্যে থাকা ছবি, অর্থাৎ তার স্বপ্নের সঙ্গে মিলিয়ে ফেলে, তাহলে নিজের গলা কেটে ফেলা এবং খুঁতহীনতার চূড়া থেকে আত্মহত্যার মধ্যে লাফিয়ে পড়া ছাড়া উপায় থাকবে না। আমি একজন ব্যর্থ কবি। হয়তো প্রতিটি ঔপন্যাসিকই আগে কবিতা লিখতে চায়। দেখে, তার দ্বারা এটি সম্ভব নয়। তারপর ছোটগল্প লেখে, কবিতার পর যা সবচেয়ে কঠিন। সেটিতেও ব্যর্থ হবার পর উপন্যাসকে বেছে নেয়।

স্টাইন: ভালো ঔপন্যাসিক হওয়ার কোনো ফর্মুলা কি আছে?

ফকনার: এটা নিরানব্বই ভাই মেধা, নিরানব্বই ভাগ শৃঙ্খলা, নিরানব্বই ভাগ পরিশ্রমের ব্যাপার। যা লেখা হচ্ছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া চলবে না। যা পারেন তার চেয়ে সবসময় বড় স্বপ্ন দেখতে হবে। সমসাময়িক বা পুর্বসূরীদের চেয়ে ভালো হলেই চলবে না। নিজের চেয়ে ভালো হতে হবে। শিল্পীকে দানবেরা তাড়িয়ে নিয়ে বেড়ায়। কেন দানবগুলো তাকে বেছে নিল সে জানে না। লেখালেখি নিয়ে এত ব্যস্ত থাকে যে জানতেও ইচ্ছে করে না। এ কাজে নীতি নৈতিকতার বালাই করে না সে। কাজটা ভালোমতো করার জন্য ডাকাতি, ধার, ভিক্ষা বা এমনকি চুরি করতেও আপত্তি নেই তার।

স্টাইন: বলতে চাইছেন, লেখক পুরোপুরিভাবে নির্দয় হবেন?

ফকনার: লেখকের একমাত্র দায় শিল্পের কাছে। কেউ সত্যি ভালো লেখক হলে শতভাগ নির্দয় হবে সে। একটা স্বপ্ন আছে তার। সেটি তাকে এত যন্ত্রণা দেয় যে এর হাত থেকে মুক্তি খুঁজে বেড়ায়। মুক্তি পাওয়া পর্যন্ত কোনো শান্তি নেই। বই লেখার জন্য সম্মান, গর্ব, আত্মমর্যাদা, নিরাপত্তা, সুখ সবকিছুকে বিসর্জন দেওয়া যাবে। নিজের মায়ের কাছ থেকে ডাকাতি করতেও দ্বিধা করবে না। ‘ওড টু দ্য গ্রেসিয়ান আর্ন’ কবিতাটি হাজারটা বৃদ্ধ মহিলার চেয়েও দামী।

 স্টাইন: তাহলে কি নিরাপত্তা, সুখ আর সম্মানের অভাব লেখকের সৃজনশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে?

ফকনার: না। এগুলো কেবল লেখকের শান্তি ও তৃপ্তির জন্য জরুরি। শিল্পের সঙ্গে শান্তি ও তৃপ্তির কোনো সম্পর্ক নেই।

স্টাইন: তাহলে লেখকের জন্য আদর্শ পরিবেশ কী হওয়া উচিত?

ফকনার: শিল্পের সঙ্গে পরিবেশেরও সম্পর্ক নেই। সে কোথায় অবস্থান করছে তা নিয়েও মাথা ঘামায় না সে। নিজের কথা যদি বলি, এ পর্যন্ত সেরা যে চাকরিটির প্রস্তাব পেয়েছিলাম সেটি হচ্ছে পতিতালয়ের বাড়িওয়ালা। আমার দৃষ্টিতে একজন শিল্পীর কাজ করার জন্য সেরা পরিবেশ হচ্ছে এটি। পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা আছে সেখানে। ভয় ও ক্ষুধার ব্যাপারে দুশ্চিন্তা করতে হয় না। মাথার ওপর একটা ছাদ থাকে। সাধারণ কয়েকটা হিসাবনিকাশ রাখা আর মাসে একবার পুলিশকে পয়সা দেওয়া ছাড়া কাজ বলতে কিছু নেই। সকালে জায়গাটা থাকে শান্ত, কাজ করার জন্য গোটা দিনে ওটাই সেরা সময়। বিকেলে সামাজিকতার সুযোগ আছে, যদি একঘেয়েমি কাটানোর জন্য তা চান। পরিচিতদের মধ্যে মোটামুটি একটা মর্যাদা পান। কাজ বলতে তেমন কিছু নেই, যেহেতু হিসাব সব রাখেন পতিতালয়ের কর্ত্রী। ভাড়াটেরা সবাই মহিলা, যারা আপনাকে সম্মান করবে এবং ‘স্যার’ ডাকবে। এলাকার চোরাচালানীরাও ‘স্যার’ ডাকবে। তাছাড়া পুলিশকে নামের প্রথম অংশ দিয়ে সম্বোধন করতে পারবেন। অতএব অল্প পয়সায় শান্তি, নিঃসঙ্গতা আর আনন্দ যে পরিবেশে পাওয়া যাবে শিল্পীর জন্য সেটিই আদর্শ পরিবেশ। ভুল পরিবেশে বাস করলে রক্তচাপ বাড়বে, অধিকাংশ সময় কাটাতে হবে মন খারাপ করে বা গজগজ করে। আমার অভিজ্ঞতা বলে, কাজের জন্য একমাত্র যে হাতিয়ার দরকার তা হলো কাগজ, তামাক, খাবার আর অল্প একটু হুইস্কি।

স্টাইন: বলতে চাচ্ছেন বুরবঁ (কড়া এক ধরনের মদ)?

ফকনার: না। তেমন একটা বাছবিচার নেই আমার। স্কচ এবং ‘কিছু না’-র মধ্যে স্কচ বেছে নেব।

স্টাইন: অর্থনৈতিক মুক্তির কথা বললেন। লেখকের কি এটি দরকার?

ফকনার: না। লেখকের অর্থনৈতিক মুক্তির দরকার নেই। তার একমাত্র দরকার একটা পেন্সিল আর কিছু কাগজ। বিনামূল্যে উপহার হিসেবে টাকা পয়সা পাওয়ার কারণে কেউ ভালো লিখতে পেরেছে, এমন উদাহরণ জানা নেই আমার। ভালো লেখক কখনও কোনো সংস্থায় আবেদন করেন না। লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন। যদি উঁচু মানের লেখক না হন, নিজেকে বোকা বানানোর জন্য বলেন, তাঁর টাকা নেই বা অর্থনৈতিক স্বাধীনতা নেই। চোর, কালোবাজারি, ঘোড়ার সহিস, যে কেউ উৎকৃষ্ট শিল্প সৃষ্টি করতে পারে। কতটা দুঃখ-দুর্দশা বা দারিদ্র্য সহ্য করতে পারে সেটি পরীক্ষা করার সাহস মানুষের নেই। সে কতটা দৃঢ় সেটি খুঁজে বের করতেও ভয় পায়। ভালো লেখককে ধ্বংস করার ক্ষমতা কিছুর নেই। ভালো লেখককে বদলানোর ক্ষমতা আছে একমাত্র মৃত্যুর। ভালো লেখক সফলতা বা পয়সাওয়ালা হওয়ার ব্যাপারে মাথা ঘামান না। সফলতা মেয়েদের মতো। তার সামনে ভয়ে কুঁকড়ে গেলে সে আপনাকে পায়ের নিচে পিষবে। কাজেই তাকে সামলানোর সেরা উপায় হচ্ছে হাতের উল্টো পিঠ দেখানো। তখন হয়তো সে হামাগুড়ি দেবে।

স্টাইন: সিনেমায় কাজ করা কি আপনার লেখালেখির ক্ষতি করেছে?

ফকনার: লেখক যদি প্রথম শ্রেণির হন তাহলে কিছুই তাঁর লেখালেখির ক্ষতি করতে পারে না। যদি না হন তাহলে কিছুই সাহায্য করতে পারবে না। প্রথম শ্রেণির না হলে তো আর সমস্যার কথাই উঠবে না, যেহেতু এরই মধ্যে একটা সুইমিং পুলের বিনিময়ে নিজেকে বিকিয়ে দিয়েছে সে।

স্টাইন: চলচ্চিত্রের জন্য কাজ করতে গেলে কি লেখককে আপোস করতে হয়?

ফকনার: নিশ্চয়ই। যেহেতু চলচ্চিত্রের প্রকৃতিই হচ্ছে, এটি সহযোগিতার ভিত্তিতে করতে হয়। সহযোগিতার ভিত্তিতে করা সব কাজই আপোস, কারণ শব্দটির মানেই তাই। দেওয়া আর নেওয়া।

স্টাইন: কোন কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান?

ফকনার: সবচেয়ে ভালো লেগেছে হামফ্রে বোগার্টের সঙ্গে কাজ করে। ‘টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট’ ও ‘দ্য বিগ স্লিপে’ কাজ করেছি আমরা দুজন।

স্টাইন: আর কোনো ছবি বানানোর ইচ্ছে আছে?

ফকনার: হ্যাঁ। জর্জ অরওয়েলের নাইন্টিন এইটি ফোর বানানোর ইচ্ছে আছে। এর উপসংহার টানার ব্যাপারে একটা আইডিয়া আছে আমার, যেটি আমার থিসিসকে প্রমাণ করবে। সেটা হচ্ছে: মুক্ত থাকার ব্যাপারে মানুষের সাদাসিধে ইচ্ছেটির কারণেই তাকে ধ্বংস করা অসম্ভব।

স্টাইন: একটু আগে বললেন, চলচ্চিত্রে কাজ করতে গেলে লেখককে আপোস করতে হয়। লেখালেখির ব্যাপারে কী বলবেন? পাঠকদের কাছে কি তার কোনো দায়দায়িত্ব আছে?

ফকনার: তার দায়িত্ব হচ্ছে যতটা সম্ভব ভালোভাবে লেখাটি লেখা। এরপর যেটুকু দায়দায়িত্ব থাকবে সেটি যেকোনো কাজে ব্যয় করতে পারে। সাধারণ পাঠকদের নিয়ে আমার নিজের কোনো মাথাব্যথা নেই। কে আমার লেখা পড়ছে সে চিন্তাও করি না। আমার বা অন্য কারও লেখা নিয়ে যদু-মধুর কী মতামত তা নিয়েও ভাবি না। আমার কাজ হচ্ছে নিজের ঠিক করে দেওয়া মাপকাঠিটিতে পৌঁছানো। কী সেটি? ‘লা টেনটেশন দ্যু সেইন্ট আঁতোয়া’ বা ‘ওল্ড টেস্টামেন্ট’ পড়তে গিয়ে যেমন লাগে সেই অনুভূতিটি পাওয়া। এগুলো পড়তে আমার ভালো লাগে। একটা পাখিকে দেখলেও ভালো লাগে। আপনি জানেন, আমাকে পুনর্জন্ম দেওয়া হলে বাজপাখি হয়ে ফিরে আসতে চাই। কেউ ঘৃণা করে না তাকে, ঈর্ষা করে না, তাকে চায় না। এসব নিয়ে মাথা ঘামায় না সে। কোনো বিপদেও নেই সে। যা খুশি খেতে পারে।

স্টাইন: নিজের মানে পৌঁছাতে কোন কৌশল অনুসরণ করেন আপনি?

ফকনার: কৌশল নিয়ে কোনো লেখকের মাথাব্যথা থাকলে তার বরং শল্য চিকিৎসক বা রাজমিস্ত্রি হওয়া উচিত। লেখালেখির কোনো যান্ত্রিক কৌশল নেই। কোনো শর্টকাটও নেই। তরুণ কোনো লেখক তত্ত্ব অনুসরণ করলে বোকামি করবে। নিজের ভুল আপনাকে শেখাক। মানুষ কেবল ভুল থেকেই শিখতে পারে। ভালো শিল্পী জানেন, তাঁকে পরামর্শ দেওয়ার ক্ষমতা কারও নেই। তাঁর অহংকার থাকবে আকাশছোঁয়া। পুরনো লেখকদের যতই সম্মান করুক, সবসময়ই তাদের হারাতে চাইবে সে।

স্টাইন: তার মানে কৃৎকৌশলের বৈধতাই অস্বীকার করছেন আপনি?

ফকনার: মোটেই না। কখনও কখনও কৌশল নিজেই লেখকের আগে এসে স্বপ্নের দখল নিয়ে নেয়। তখনই জন্ম নেয় লেখকের সেরা রচনাটি, এবং লেখার কাজটা হয়ে দাঁড়ায় স্রেফ ইটগুলো পরপর সাজানো। কারণ প্রথম শব্দটি লেখার আগেই সর্বশেষ শব্দটি পর্যন্ত জানা হয়ে যায় তাঁর। আমার ক্ষেত্রে ‘অ্যাজ আই লে ডায়িং’ লিখতে গিয়ে এটা ঘটেছিল। কাজটা সহজ ছিল না। সৎ কোনো কাজই সহজ নয়। এক অর্থে এটি সহজ ছিল, যেহেতু দরকারি সব উপকরণ হাতের কাছে ছিল। দিনে বারো ঘণ্টা কায়িক পরিশ্রমের ফাঁকে স্রেফ ছয় সপ্তাহ লেগেছে আমার ওটা লিখতে। একদল লোককে কল্পনা করেছি এবং তাদেরকে সার্বজনীন কিছু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। যেমন বন্যা আর আগুন। এগিয়ে যাওয়ার পথে তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। তবে কৌশল এসে বাগড়া না দিলে লেখালেখি আরেক দিক দিয়েও সহজ। কারণ আমার ক্ষেত্রে, বইতে একটা সময় আসে যখন চরিত্রগুলো নিজেরাই জেগে ওঠে এবং বইটা শেষ করার দায়িত্ব নেয়। ধরে নেওয়া যাক ২৭৫ পৃষ্ঠার দিকে। বইটা ২৭৪ পৃষ্ঠায় শেষ হয়ে গেলে কী ঘটত তা অবশ্যই আমার জানা নেই। লেখকের যে গুণটা থাকতেই হবে তা হলো নিজের লেখার বিচার করার ক্ষেত্রে নৈর্ব্যক্তিকতা। সেই সঙ্গে সততা আর নিজের সঙ্গে প্রতারণা না করা। যেহেতু আমার কোনো লেখাই আমার নিজের মানদণ্ড পূরণ করেনি সেহেতু যে লেখাটি সবচেয়ে বেশি দুঃখ ও কষ্ট দিয়েছে তার ভিত্তিতেই এগুলোর মূল্যায়ন করতে হবে; ঠিক যেভাবে যে সন্তানটি ধর্মযাজক হয়েছে তার তুলনায় যেটি চোর বা খুনি হয়েছে তাকেই বেশি আদর করে মা।

স্টাইন: সেটি কোনটি?

ফকনার: ‘দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি’। আলাদা আলাদা করে পাঁচবার লিখেছি এটা। চেষ্টা করেছি গল্পটি বলার। গল্প বলার আগ পর্যন্ত যে স্বপ্নটি আমাকে পীড়ন করে গেছে তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। ক্যাডি ও তার মেয়ে, হারিয়ে যাওয়া দুই নারীর বিয়োগাত্মক গল্প এটি। আমার নিজের সৃষ্টি করা চরিত্রের মধ্যে সবচেয়ে প্রিয় একজন হচ্ছে ডিজনি, কারণ সে সাহসী, উদার, ভদ্র ও সৎ। আমার চেয়ে অনেক বেশি সাহসী, সৎ আর উদার সে।

স্টাইন: আপনার লেখার কতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে?

ফকনার: জানা নেই। হিসাব করিনি। আসলে ‘কতটুকু’, তা গুরুত্বপূর্ণ নয়। একজন লেখকের তিনটি জিনিস প্রয়োজন: অভিজ্ঞতা, পর্যবেক্ষণের ক্ষমতা ও কল্পনাশক্তি। এর যেকোনো দু’টি, কখনও কখনও একটি, বাকিদের অভাব পূরণ করে দিতে পারে। আমার ক্ষেত্রে সাধারণত গল্পের শুরুটা হয় একটিমাত্র আইডিয়া, স্মৃতি বা মনছবি দিয়ে। গল্পটি লেখা মানে হচ্ছে সেই নির্দিষ্ট মুহূর্তটিতে পৌঁছানো, কেন সেটি ঘটল বা তার কারণে কী ঘটল তা ব্যাখ্যা করা। লেখক চেষ্টা করেন বিশ্বাসযোগ্য ও পরিবর্তনশীল পরিস্থিতিতে সবচেয়ে মর্মস্পর্শীভাবে বিশ্বাসযোগ্য চরিত্র তৈরি করতে। যে পরিবেশ তাঁর চেনা সেটিকে অবশ্যই একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন তিনি। আমার মতে সঙ্গীত হচ্ছে ভাব প্রকাশের সহজতম উপায়, যেহেতু মানুষের অভিজ্ঞতা ও ইতিহাসে এটির আবির্ভাবই প্রথম ঘটেছিল। কিন্তু আমার প্রতিভা যেহেতু শব্দে নিহিত, নিখাদ সঙ্গীত যে কাজটি আরো ভালোভাবে করত সেই জিনিসটাকেই যেনতেনভাবে শব্দের মাধ্যমে প্রকাশের চেষ্টা করতে হবে আমাকে। বলতে চাচ্ছি, সঙ্গীত এটাকে আরো সহজে ও ভালোভাবে প্রকাশ করতে পারত। কিন্তু আমার পছন্দ হচ্ছে শব্দ, যেহেতু শোনার চেয়ে পড়তে পছন্দ করি আমি। শব্দের তুলনায় নীরবতা আমার পছন্দ। শব্দ যে ছবি তৈরি করে সেটি ঘটে নৈঃশব্দের মধ্যে। তার মানে গদ্যের বজ্রধ্বনি ও সঙ্গীত উভয়ই ঘটে নিস্তব্ধতার মধ্যে।

স্টাইন: কেউ কেউ বলেন, আপনার লেখা তারা বুঝতে পারেন না। এমনকি দুই-তিনবার পড়ার পরও। তাদের জন্য আপনার পরামর্শ?

ফকনার: চারবার পড়ুন।

স্টাইন: আপনি বলেছেন অভিজ্ঞতা, পর্যবেক্ষণশক্তি ও কল্পনাশক্তি লেখকের জন্য গুরুত্বপূর্ণ। এর সঙ্গে কি অনুপ্রেরণাকেও যুক্ত করবেন?

ফকনার: অনুপ্রেরণা সম্বন্ধে কিছু জানি না আমি, যেহেতু আমি  বুঝি না এটি কী। এর সম্বন্ধে শুনেছি, কখনও দেখিনি।

স্টাইন: বলা হয়, লেখক হিসেবে আপনি সহিংসতার প্রতি অনুরক্ত।

ফকনার: এটা অনেকটা একথা বলার মতো যে, কাঠমিস্ত্রি তার হাতুড়ির প্রতি অনুরক্ত। সহিংসতা কাঠমিস্ত্রির অনেক হাতিয়ারের একটিমাত্র। সে যেমন একটিমাত্র হাতিয়ার দিয়ে কাজ করতে পারে না তেমনি লেখকও পারেন না।

স্টাইন: লেখক হিসেবে যাত্রা কীভাবে শুরু হয়েছিল মনে আছে?

ফকনার: নিউ অরলিয়েন্সে থাকতাম তখন। দু-চার পয়সা আয়ের প্রয়োজনে যে কাজ পেতাম তা-ই করতাম। শেরউড এন্ডারসনের সঙ্গে দেখা হলো তখন। বিকেলে দুজন শহরের রাস্তায় হাঁটতাম আর লোকজনের সঙ্গে কথা বলতাম। সন্ধ্যায় আবার দেখা করতাম। মদ্যপান করতে করতে কথা বলতেন তিনি, আমি শুনতাম। দুপুরের আগে দেখা মিলত না তার। তখন দরজা বন্ধ করে লেখালেখির কাজ করতেন। প্রতিদিন একই রুটিন। আমার মনে হলো, এই যদি হয় লেখকের জীবন তাহলে লেখকই হবো। প্রথম বইটি লেখার কাজে হাত দিলাম। মনে হলো, দারুণ মজার কাজতো! মি. এন্ডারসনের সঙ্গে যে তিন হপ্তা দেখা হয়নি সেটা পর্যন্ত ভুলে গিয়েছিলাম। একদিন তিনিই এলেন দেখা করতে। আমার বাড়িতে সেই তাঁর প্রথম আসা। বললেন, ‘সমস্যা কী? রাগ করেছ আমার উপর?’ জানালাম, একটা বই লিখছি। তিনি বললেন, ‘হায় খোদা!’ বলে চলে গেলেন। বইটা শেষ করলাম। ওটা ছিল ‘সোলজার্স’ পে’। একদিন মি. এন্ডারসনের বউয়ের সঙ্গে দেখা রাস্তায়। বইয়ের কী অবস্থা জানতে চাইলেন। কাজ শেষ, জানালাম। তিনি বললেন, ‘শেরউড বলেছে তোমার সঙ্গে একটা লেনদেনে যাবে সে। তোমার পাণ্ডুলিপি পড়ার দায়িত্ব ওর ঘাড়ে না চাপালে তার প্রকাশককে রাজি করাবে তোমার বইটা ছাপাতে।’ আমি বললাম, ‘ঠিক আছে।’ এভাবেই লেখক হলাম।

স্টাইন: খানিক আগে ‘দু-চার পয়সা’ আয়ের জন্য কাজ করার কথা বললেন। কী ধরনের কাজ?

ফকনার: যা পেতাম তা-ই। সব কাজই টুকটাক পারতাম। নৌকা বাওয়া, বাড়ি রঙ করা, বিমান চালানো। বেশি টাকার দরকার হতো না, নিউ অরলিয়েন্সে বেশ সস্তায় থাকা যেত তখন। দরকারের মধ্যে ছিল ঘুমানোর একটা জায়গা, একটু খাবার, তামাক আর হুইস্কি। দু’ তিন দিন কাজ করতাম, সেটার আয় দিয়ে বাকি মাস কাটিয়ে দিতাম। স্বভাবগতভাবে নিষ্কর্মা আর ভবঘুরে আমি। টাকা জিনিসটার অত দরকার নেই যে কাজ করতে হবে। দুনিয়ায় এত বেশি কাজ-এ ব্যাপারটাকেই লজ্জাকর মনে হয় আমার। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হচ্ছে, একজন মানুষ দিনে আট ঘণ্টা করে দিনের পর দিন শুধু কাজই করে। অথচ দিনে আট ঘণ্টা খেতে পারবেন না আপনি। মদ খেতে পারবেন না। সঙ্গমও করতে পারবেন না। আট ঘণ্টা একমাত্র যেটি করা যায় সেটি হচ্ছে কাজ। এ কারণেই নিজের এবং অন্যদের জীবনকে এতটা শোচনীয় আর অসুখী করে তোলে মানুষ।

স্টাইন: নিশ্চয়ই শেরউড এন্ডারসনের কাছে ঋণী আপনি। কিন্তু লেখক হিসেবে কী চোখে দেখেন তাঁকে?

ফকনার: আমার প্রজন্মের মার্কিন লেখকদের এবং লেখালেখির যে ঐতিহ্যটা আমাদের উত্তরসুরীরা বয়ে নিয়ে যাবে, তার বাবা তিনি। তাঁর যথাযথ মূল্যায়ন কখনোই হয়নি। তাঁর বড় ভাই হচ্ছে (থিওডোর) ড্রেইজার এবং মার্ক টোয়েন হচ্ছে তাদের দুজনের বাবা।

স্টাইন: সমসাময়িক ইউরোপীয় লেখকদের কী অবস্থা?

ফকনার: আমাদের সময়ের সেরা দুজন হচ্ছেন (টমাস) মান ও (জেমস) জয়েস। জয়েসের ইউলিসিস সেভাবেই পড়তে হবে, অশিক্ষিত ব্যাপ্টিস্ট পাদ্রি যেভাবে ওল্ড টেস্টামেন্ট পড়ে: বিশ্বাস নিয়ে।

স্টাইন: সমসাময়িকদের লেখা পড়েন?

ফকনার: না। অল্প বয়সে যেসব বই পড়তাম এখনও সেগুলোই পড়ি। পুরনো বন্ধুর কাছে যেমন ফিরে যায় মানুষ, আমিও সেগুলোর কাছে ফিরে যাই। ওল্ড টেস্টামেন্ট, ডিকেন্স, কনরাড, সের্বান্তেস। ডন কিহোতে প্রতি বছর পড়ি, ঠিক যেভাবে বাইবেল পড়ি। ফ্লবেয়ার, বালজাক। নিজের জন্য নিখাদ একটা দুনিয়া বানিয়ে নিয়েছিলেন বালজাক, বিশটি বইয়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক রক্তধারা। দস্তয়েভস্কি, তলস্তয়, শেক্সপিয়ার। মাঝে মাঝে মেলভিলও পড়ি। কবিদের মধ্যে মার্লো, ক্যাম্পিয়ন, জনসন, হেরিক, ডান, কিটস ও শেলি। হাউসম্যান এখনও পড়ি। বইগুলো এত বার পড়েছি যে সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়িও না। একটা দৃশ্য বা একটা চরিত্র পড়ি। ঠিক যেভাবে একজন বন্ধুর সঙ্গে দেখা করে কয়েক মিনিট কথা বলি আমরা।

স্টাইন: আর ফ্রয়েড?

ফকনার: আমি যখন নিউ অরলিয়েন্সে থাকতাম, সবাই ফ্রয়েডের কথা বলত। আমি কখনও তাকে পড়িনি। শেক্সপিয়ারও তাকে পড়েননি। আমার মনে হয় না মেলভিল ফ্রয়েডকে পড়েছেন। মবি ডিক যে পড়েনি সে বিষয়ে আমি নিশ্চিত।

স্টাইন: আপনার প্রিয় চরিত্র কারা?

ফকনার: আমার প্রিয় চরিত্র সারা গাম্প (চার্লস ডিকেন্সের মার্টিন চাজ্লউইট-এর একটি চরিত্র)। দয়ামায়াহীন নিষ্ঠুর এক মহিলা। মাতাল, সুবিধাবাদী, অনির্ভরযোগ্য। প্রায় সব বৈশিষ্ট্যই মন্দ তার, তবে সে একটা চরিত্র! আর আছে মিসেস হ্যারিস, ফলস্টাফ, প্রিন্স হ্যাল, ডন কিহোতে এবং অবশ্যই সান্চো। লেডি ম্যাকবেথ সবসময়ই আমার সমীহের পাত্র। এছাড়া বটম, ওফেলিয়া ও মার্কুইটো। সে এবং মিসেস গাম্প--দুজনেই জীবনের সঙ্গে যুদ্ধ করে, কারও অনুগ্রহের ভিখারী নয়, ঘ্যানঘ্যান করা তাদের চরিত্রে নেই। হাক ফিন, অবশ্যই, এবং জিম। টম সয়্যারকে কখনোই পছন্দ করিনি, হামবড়া আর বিরক্তিকর। এছাড়া ১৮৪০ বা ৫০-এ টেনেসির পার্বত্য এলাকা নিয়ে জর্জ হ্যারিস একটা বই লিখেছিলেন, সে বইয়ের সাট লাভিংগুডকে পছন্দ আমার। নিজের সম্বন্ধে ভুল ধারণায় ভুগত না, সাধ্যের মধ্যে যা করার করতো। কখনও কখনও ডরপুকের মতো আচরণ করত, এবং এ নিয়ে লজ্জা পেত না। নিজের দুর্ভাগ্যের জন্য কাউকে দায়ী করত না, খোদাকে কখনও অভিসম্পাত দিত না।

স্টাইন: উপন্যাসের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন?

ফকনার: আমার ধারণা যতদিন মানুষ উপন্যাস পড়বে ততদিন তাদের জন্য উপন্যাস লেখা হবে, অথবা উল্টোটা। অবশ্য ছবিওয়ালা ম্যাগাজিন আর কমিক স্ট্রিপ যদি তার আগেই মানুষের পড়ার ক্ষমতা কেড়ে নেয় এবং সাহিত্য আবার নিয়েন্ডারথাল যুগের গুহাচিত্রের ভুবনে ফিরে যায় তাহলে ভিন্ন কথা।

স্টাইন: সমালোচকদের কাজ কী বলে আপনার ধারণা?

ফকনার: সমালোচকদের কথা শোনার মতো সময় শিল্পীদের নেই। যারা লেখক হতে চায় তারা সমালোচনা পড়ে, যারা লিখতে চায় তাদের সমালোচনা পড়ার সময় নেই। সমালোচকও আসলে বলার চেষ্টা করছে: কিলরয় এখানে এসেছিল। আসলে শিল্পীরা তার উদ্দিষ্ট নয়। মর্যাদার বিচারে শিল্পী তার অনেক উপরে, যেহেতু শিল্পী এমন কিছু লিখতে চাচ্ছে যা সমালোচককে নাড়া দেবে। আর সমালোচক এমন কিছু লিখতে চাচ্ছে যা লেখক ছাড়া বাকি সবাইকে নাড়া দেবে।

স্টাইন: তার মানে নিজের কাজ নিয়ে কারও সঙ্গে আলাপ করার প্রয়োজন বোধ করেন না আপনি?

ফকনার: না, কারণ লেখালেখি নিয়ে এত ব্যস্ত থাকি যে আলাপের সময় নেই। লেখাটা আমাকে খুশি করতে হবে। খুশি করলে এটা নিয়ে আলাপের প্রয়োজন নেই। আর যদি খুশি না করে, তাহলে আলাপ করলে লেখার মান বাড়বে না। লেখা নিয়ে কাজ করা ছাড়া লেখার মান বাড়বে না। আমি কোনো সাহিত্যবোদ্ধা নই, স্রেফ একজন লেখক। অর্থহীন কথা বলে মজা পাই না আমি।

স্টাইন: সোলজার্স’ পে আর সারটোরিস লেখার মাঝখানে কী ঘটল? ইয়ক্নাপাটাওফা সিরিজ লিখতে শুরু করলেন কেন?

ফকনার: সোলজার্স’ পে লিখতে গিয়ে দেখলাম, লেখায় দারুণ মজা। কিন্তু পরে দেখলাম, কেবল প্রতিটি বইয়েরই যে একটি ছক থাকতে হবে তা নয়, একজন লেখকের সমগ্র সাহিত্যকর্মেরও একটা ছক থাকতে হবে। ‘সোলজার্স’ পে’ আর ‘মসকুইটো’ লিখেছিলাম স্রেফ লেখার জন্য, যেহেতু লিখে মজা পেয়েছিলাম। কিন্তু ‘সারটোরিস’ থেকে খেয়াল করলাম, আমার দেশের মাটির একেবারেই নিজস্ব ছোট্ট ডাকটিকেটটি নিয়েও লেখা যায়। সারাজীবন লিখেও শেষ করতে পারব না এটি। বাস্তবকে কল্পনায় উন্নীত করার মাধ্যমে নিজের যেটুকু মেধা আছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করার স্বাধীনতা পাব। অসংখ্য মানুষে ভর্তি একটা সোনার খনি যেন খুলে গেল আমার সামনে। এ কারণে একেবারেই নিজের এক মহাবিশ্ব তৈরি করলাম। ঈশ্বরের মতোই এর মানুষগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। কেবল স্থানিকভাবে নয়, সময়ের বিচারেও। নানা সময়ে আমার সৃষ্টি করা চরিত্রগুলোকে সফলভাবে বিচরণ করিয়েছি, এ ব্যাপারটি অন্তত আমার বিচারে নিজের এ তত্ত্বকেই প্রমাণ করে যে, সময় এক তরলীকৃত অবস্থা--ব্যক্তিমানুষের ক্ষণস্থায়ী প্রতিমূর্তির বাইরে যার অস্তিত্ব কোথাও নেই। ‘ছিল’ বলেও কিছু নেই। কেবল ‘আছে’। ছিল-র অস্তিত্ব থাকলে শোক বা দুঃখ বলে কিছু থাকত না। যে পৃথিবী তৈরি করেছি সেটিকে মহাবিশ্ব নামের খিলানের কেন্দ্রীয় পাথর হিসেবে ধরি আমি। যতই ছোট হোক, এ পাথরকে সরিয়ে নিলে মহাবিশ্বও ধ্বংস হয়ে যাবে। আমার শেষ বইটা হবে ইয়ক্নাপাটাওফা কাউন্টির প্রলয়দিনের বই, স্বর্ণালী বই। এটা লেখা শেষ করে পেন্সিল ভেঙে ফেলব এবং লেখালেখি থামিয়ে দেব।