বগুড়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব রোববার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত।
উৎসবে বাংলাদেশ, ব্রাজিল, ইরান, সুইডেন, নরওয়ে, জার্মানি, চীন ও ভারতের ১০টি চলচ্চিত্র দেখানো হবে।
বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল মিলনায়তনে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বগুড়া শাখা আয়োজিত চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি ড. জাফর ইকবাল।
শিশুর মানসিক বিকাশে এ ধরনের উৎসবের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "শিশুদের সৃজনশীলতা বাড়ানো উৎসবের অন্যতম লক্ষ্য। চলচ্চিত্রের মাধ্যমে তাদের কাছে নতুন আনন্দের জগৎ উন্মোচিত হবে।"
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার সরকারের প্রতি আহবান জানান তিনি।
ফিল্ম সোসাইটির বগুড়া শাখার পরিচালক ও শিশু সংগঠক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, চিলড্রেন সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নী এবং ইউনিসেফ কর্মকর্তা সাঈদ মিল্কী।
উৎসবের প্রথম দিন ইরানের চিলড্রেন অব হ্যাভেন এবং ব্রাজিলের দি বয় দি স্লাম অ্যাণ্ড পেনলিড ছবিটি দেখানো হয়। টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24