২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে শেষ হলো ৩ দিনব্যাপী আঞ্চলিক শিশু নাট্য উৎসব

প্রথমবারের মত পঞ্চগড়ে আয়োজিত তিনদিন ব্যাপী আঞ্চলিক শিশু নাট্য উৎসব শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় শিশুনাট্য কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ঢাকার পিপলস থিয়েটার এসোসিয়েশনের সহযোগিতায় ‘রাখাল’ এ উৎসবের আয়োজন করে।

পুলিশ সুপার হারুন অর রশীদ গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন। দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাকী উৎসবের উদ্বোধক ও মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম দিন বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার অঙ্গীকার শিশু থিয়েটার ‘এক যে ছিল রাখাল ছেলে’, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ‘কুসুমপুরের কথা’, ঠাকুরগাঁয়ের নিশ্চিন্তপুর থিয়েটার ‘আমাদের খেলাঘর আমাদের পাঠশালা’, পঞ্চগড়ের স্মরণিকা শিশু নাট্য নিকেতন ‘দায়ী কে’ এবং শেষদিনে ঠাকুরগাঁয়ের আল্পনা সাহিত্য-সাংস্কৃতিক সংসদ ‘উচ্চাঙ্গ সঙ্গীত’, পঞ্চগড়ের রহমান স্মৃতি থিয়েটার ‘৮০ হাজার’ এবং বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ‘ধিক্কার’ নাটক মঞ্চায়ন করে।

এ ছাড়া উৎসবে শিশুনাট্য নির্দেশনা বিষয়ক কর্মশালা এবং শিশুদের নাটকে অভিনয় করা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় শিশুনাট্য কর্মশালা ও উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী, এসএম মহসীন ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।

এর আগে কর্মশালায় অংশগ্রহকারী শিশু কিশোররা বিশ্বের নিপীড়িত নির্যাতিত শিশুদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে ‘অবহেলার মৃত্যু আর নয়’ গানের সঙ্গে দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি প্রদর্শন করে।