২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনুকের জ্যোতির্ময় ব্যাধির মতো হুমায়ূন আজাদকে স্মরণ

আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে/আমার খাদ্যে ছিলো অন্যদের আঙুলের দাগ/আমার পানীয়তে ছিলো অন্যদের জীবাণু/আমার নিঃশ্বাসে ছিলো অন্যদের ব্যাপক দূষণ/আমি জন্মেছিলাম আমি বেড়ে উঠেছিলাম/আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।”--- তাঁর ব্যখ্যায়, বর্ণনায় কবিতা ছিল ঝিনুকের জ্যোতির্ময় ব্যাধির মতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

জীবনের অনাস্বাদিত সৌন্দর্য তীব্র তৃষ্ণার মতো আলোড়িত করতো তাকে, কিন্তু এর দার্শনিক নিরর্থকতা উঠে এসেছে তারঁ সৃষ্টিকর্মের প্রায় প্রতিটি উচ্চারণে। ফুল, পাখি , নারী আন্দোলিত করতো তাকে--কবিতা করতো অনেক বেশি, অনেক অনেক বেশি। স্থূল ইন্দ্রিয় সুখ নয়, সুন্দরের জন্য বেঁচে থাকবার ইচ্ছে ছিল তাঁর।

মঙ্গলবার হুমায়ূন আজাদের ষাটতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সবকিছু ছাপিয়ে তাই উচ্চকন্ঠ হয়ে উঠেছিলো তাঁর মৃত্যু, তাঁর অনুপস্থিতির প্রবল আধিপত্য।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক কবি, কবির গুণগ্রাহীর দল। তারা পাঠ করেছেন কবির লেখা কবিতা। কিংবা তাকে নিয়ে রচিত কবিতা।

মঙ্গলবার জাতীয় জাদুঘরে কবির জন্মবার্ষিকী উপলক্ষে এ কবিতা পাঠের আয়োজন করে আগামী প্রকাশনী।

প্রকাশক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবির স্ত্রী লতিফা কোহিনূর। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “ তিনি মানুষকে ভালোবাসতেন। আর সাহসী কথা বলার জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতেন না। নিজেকে দাঁড় করিয়েছিলেন প্রতিবাদী চরিত্র হিসাবে।”

‘যে তুমি ফোটাও ফুল’ কবিতা দিয়ে আসর শুরু করেন কবি আবু জাফর সিদ্দিকী। এরপর একে একে কবিতা পাঠ করেন শাহাদাৎ হোসেন নিপু, হাবিবুল্লাহ সিরাজী, আসলাম সানী, আবু হাসান শাহরিয়ার, সালাহউদ্দীন বাদল, রবীন্দ্র গোপ, তারিক সুজাত প্রমুখ।

বহুমাত্রিক এ লেখকের জন্ম ১৯৪৭ সালের ২৮ এপ্রিল ঢাকার অদূরে বিক্রমপুরের রাঢ়ি খালে। ১৯৭৬ সালে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক হিসাবে তিনি তুমুল জনপ্রিয় ছিলেন ছাত্রছাত্রীদের কাছে।

লেখার ধরণ ও বিষয় এবং সমকালীন সমাজ--রাষ্ট্রের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি তাকে প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত করে তোলে।  

১৯৯২ সালে তার লেখা বাংলা ভাষার প্রথম নারীবাদী গ্রন্থ ‘নারী’ সরকার ১৯৯৫ সালে নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধের তকমা মুছতে তিনি গিয়েছেন আদালতে। ২০০০ সালে উচ্চ আদালতের রায়ে নিষিদ্ধের তালিকা থেকে মুক্তি পায় ‘নারী’।

‘আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম ’এবং ‘পাক সার জমিন সাদ বাদ’ তার জীবনে নিয়ে আসে এক সরাসরি আঘাত। ২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি বইমেলা থেকে ফেরার পথে তার উপর সন্দেহভাজন ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী আঘাত হানে। সেসময় তিনি বইমেলা শেষে ফুলার রোডের বাসায় ফিরছিলেন। চারদিন কোমায় থাকার পর সে যাত্রায় তিনি বেঁচে যান।

২০০৪ সালের ১১ আগস্ট জার্মানির মিউনিখের এক এপার্টমেন্টে তার মৃতদেহ পাওয়া যায়। সেসময় তিনি জার্মান রোমান্টিক কবি হাইনরিশ হাইনে বিষয়ে গবেষণার জন্য জার্মানিতে অবস্থান করছিলেন।

সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং শিশু একাডেমী পুরস্কার লাভ করেন।

তিনি সত্তুরেরও বেশি বই লিখেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আলৌকিক ইস্টিমার, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়, হুমায়ূন আজাদের শ্রেষ্ঠ কবিতা, কাফনে মোড়া অশ্র“বিন্দু ইত্যাদি।

উপন্যাসের মধ্যে রয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল, সব কিছু ভেঙ্গে পড়ে, মানুষ হিসাবে আমার অপরাধসমূহ, যাদুকরের মৃত্যু, সুবব্রত তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ, কবি অথবা দণ্ডিত অপুরুষ, নিজের সঙ্গে নিজের জীবনের মধু, ফালি ফালি করে কাটা চাঁদ, শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা ইত্যাদি। 

এ ছাড়াও তিনি নানান বিষয়ে প্রবন্ধ, ভাষা বিষয়ক গ্রন্থ ও ছোটদের জন্য উপন্যাস লিখে রেখে গেছেন।