২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অরণ্য ধ্বংসের মাধ্যমে নিজেদেরই ধ্বংস করছি আমরা’

“অরণ্য মানে শুধুই গাছপালা নয়। সেখানকার বাসিন্দা, তাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সব মিলিয়েই হলো অরণ্য। সেই অরণ্যই আজ বিপন্ন। অরণ্যের বাইরের লোকজনই তা চুরি করে নিচ্ছে। অরণ্য ধ্বংসের মধ্য দিয়ে নিজেদেরই ধ্বংস করছি আমরা।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 08:39 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শুক্রবার রাজধানীর দৃক গ্যালারীতে ‘বিপন্ন বন’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবার বক্তব্যেই একথা প্রতিধ্বনিত হয়েছে। 

আলোকচিত্রী ফিলিপ গাইন বললেন, “আমাদের অনেকের ধারণা অরণ্য ধ্বংসের জন্য অরণ্যচারীদের কাঠ কাটা দায়ী। কিন্তু অরণ্যচারীরা কখনও বন ধ্বংস করে না।”

প্রধান অতিথির ভাষণে আলোকচিত্রী ড. নওয়াজেশ আহমেদ বলেন, “পরিবেশ রক্ষার জন্য কোন বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন নেই, গবেষণারও প্রয়োজন নেই। আমরা যদি আমাদের বন আর গাছপালা ধ্বংস না করি তাহলে এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে। একটি মধ্যম প্রজাতির আমগাছও ছোট্ট একটি পরিবারের সারা জীবনের অক্সিজেন সরবরাহ করে যেতে পারে। তাহলে কেন আমরা সেটা করছি না?”

তিনি আরও বলেন, “আমরা পরিবেশ রক্ষায় পশ্চিমা দেশগুলোকে অনবরত দোষারোপ করলেও এটা সত্যি যে প্রতি বছর তারা তাদের দেশের তিন থেকে পাঁচ ভাগ জমি বৃক্ষ দ্বারা আচ্ছাদিত করছে। আর সেখানে আমরা ধ্বংসের খেলায় নেমেছি।”

সপ্তাহব্যাপী আয়োজিত এই আলোকচিত্র ও ডকুমেন্টারি ফিল্ম শো এর প্রদর্শনীতে উপস্থাপিত ফিলিপ গাইন ও রোনাল্ড হালদারের তোলা আলোকচিত্রে ফুটে উঠেছে অরণ্য, প্রকৃতি আর আদিবাসী মানুষের জীবনচিত্র। অন্যদিকে প্রামাণ্য চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে অরণ্যের সৌন্দর্য ও সম্ভাবনা আর মানুষের জীবন। প্রদর্শনীটির আয়োজন করেছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিসর্গ প্রজেক্টের ফিলিপ জে ডিকোস, হিল ট্র্যাক ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি অরুনেন্ধু ত্রিপুরা, সৈয়দ নূর হোসাইন, মঞ্জুলিকা চাকমা ও মানজারে হাসিন মুরাদ।

প্রদর্শনীর উদ্বোধন শেষে ডা. রোনাল্ড হালদারের পরিচালনায় ‘আওয়ার সাল ফরেস্ট’ এবং জুনায়েদ হালিমের পরিচালনায় ‘চকোরিয়া সুন্দরবন: অ্যা ফরেস্ট উইদাউট ট্রি’ ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

আলোকচিত্র ও ফিল্ম শো প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুটি করে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। আর আলোকচিত্র প্রদর্শনী খোলা থাকবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।