২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যৈষ্ঠের আরেক নাম মধুমাস

বাঙালির কাছে মিষ্টির সর্বোচ্চ সূচক হলো মধু। সে কারণেই কোনো কিছুর ‘অত্যধিক মিষ্টতা’ বর্ণনা করা হয় ‘মধুর মত মিষ্টি’ বিশেষণ ব্যবহার করে। আর যে মাসে এই মধুর মতো মিষ্টি ফলের আঘ্রাণে ভরে যায় চারদিক তার নাম ‘মধুমাস’। বাংলা বর্ষপঞ্জীতে বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ হলো মধুমাস। মঙ্গলবার এই মধুমাসের প্রথম দিন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 05:14 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বৈশাখের কালবৈশাখির সম্ভাবনাকে সঙ্গে নিয়ে কাঠফাটা রোদ্দুরের মাঝে জ্যৈষ্ঠের আগমন। আম্রগুটির লাল সিঁদুর রঙই মনে করিয়ে দেয় প্রকৃতিতে এসে গেছে মধুমাস।

লাল সবুজের মিশেল দেওয়া ঝুলন্ত লিচু আর কাচা সোনা রঙের কাঠাল স্মরণ করায় তার আগমনী বার্তা। চারদিকে শুধু মিষ্টি ফলের মৌ মৌ গন্ধ। আম, কাঁঠাল, জামে রঙিন হয়ে ওঠে মুখ। বাস্তব হয়ে উঠে ছোটবেলায় পড়া সেই ছড়া, ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ।’

শহুরে জীবনে ফলের দোকানে সাজিয়ে রাখার সারি সারি বিদেশি ফলকে হটিয়ে এসময় জায়গা করে নেয় দেশি ফল। গ্রীষ্মের দাবদাহে অন্তর জুড়াতে হাতের কাছেই পাওয়া যায় তরমুজ। নানান রঙে রঙিন হয়ে বৃক্ষরাজি। কৃষ্ণচূড়ার গায়ে আগুন লাগে এই জ্যৈষ্ঠেই। চোখ ধাঁধিয়ে যায় তার আগুন রঙে। আর এই আগুন লাগা সন্ধ্যাগুলো আরো রাঙিয়ে দিয়ে জারুল, কামিনী আর রক্ত কাঞ্চন মেলে ধরে তাদের সৌন্দর্য। ভ্রমর গাইতে থাকে গান গুনগুনিয়ে। মন হয়ে উঠে উদাসী।

ষড়ঋতুর বাংলাদেশ/রঙে রূপে নাইকো শেষ। এই ছয় ঋতুর এক ঋতু গ্রীষ্ম। বৈশাখ আর জ্যৈষ্ঠ দুয়ে মিলিয়ে গ্রীষ্মকাল। সৌন্দর্যের অপর পিঠে এই কালের রয়েছে ভয়াবহ এক রূপ। সূর্য তখন আগুন ঝড়াতে থাকে মাথার ওপর থেকে। ফলে তার উপস্থিতিটাও হয়ে ওঠে যন্ত্রণাময়। এতটুকু শান্তির আশায় সবাই খুঁজে বেড়ায় ছায়া সুনিবিড় সুশীতল আশ্রয়। গায়ের কৃষক ফসলের জমিকে আর্দ্র করে তোলেন দেহের ঘামে। এরই মাঝে হঠাৎ বাতাসে আন্দোলিত হয় মাঠের কচি পাটের গাছ, ভূট্টা, বেগুনসহ নানান ফসল।

জ্যৈষ্ঠ নামটি এসেছে নক্ষত্র জ্যেষ্ঠা থেকে। হিন্দু বর্ষপঞ্জী অনুযায়ী এটি ‘জেঠ’ মাস নামেও পরিচিত। বাংলাদেশে ১৫ মে থেকে মাসটির শুরু। তবে ইন্ডিয়ান ন্যাশনাল সিভির ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ হলো বছরের তৃতীয় মাস এবং এটি শুরু হয় ২১ মে থেকে।

জ্যৈষ্ঠের সঙ্গে আরও একটি কারণে আমাদের হৃদয়ের যোগসূত্র দৃঢ়। কারণ এ মাসেই জন্মগ্রহণ করেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখ ভূমিষ্ঠ হন তিনি।