রবীন্দ্র সঙ্গীত উৎসব শুরু
রবীন্দ্র জন্মজয়ন্তীকে সামনে রেখে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হয়েছে অষ্টাদশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব।
শুক্রবার শাহবাগে জাতীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার পক্ষ থেকে নাট্যব্যাক্তিত্ব আতিকুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কলিম শরাফী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
পাঁচদিনব্যাপী এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ সদ্যপ্রয়াত ওয়াহিদুল হককে। উৎসবে প্রতিদিনই রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনা ছাড়াও রয়েছে আবৃত্তি অনুষ্ঠান।
