২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছন্দে-আনন্দে বিশ্ব নৃত্য দিবসে উৎসবের সূচনা

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানের সাথে যখন নৃত্য শিল্পীরা প্রদীপ হাতে মঞ্চে প্রবেশ করছিলেন তখন পাবলিক লাইব্রেরির মিলনায়তন সত্যিই এক আনন্দলোকে পরিণত হয়। নৃত্য সংগঠন নবনৃত্যের শিল্পীদের ছন্দে মোহিত হয় দর্শকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 11:04 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এভাবেই বিশ্ব নৃত্য দিবসে নাচের উৎসবের শুভ সূচনা করেন এ শিল্পীরা। স্বদেশ প্রপার্টিজের অর্থায়নে এই উৎসবের আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশের চীনা দূতাবাস ও অরেন্ডা কমিউনিকেশন। সার্বিক তত্ত্বাবধানে আছে নবনৃত্য। উৎসব চলবে ১ মে পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন ব্যাবসায়ী জিএম সরোয়ার। এ ছাড়াও ছিলেন চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব (সংস্কৃতি) জিয়ং জিফা, অরেন্ডা কমিউনিকেশনের সিইও ফারজানা খান ইলা ও নবনৃত্য সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রশিদ স্বপন। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে শুরু হয় মূল অনুষ্ঠান।

প্রথমেই খুলনার আব্বাস উদ্দিন একাডেমীর শিল্পীরা হালের জনপ্রিয় গায়ক হাবিবের ‘স্বপ্নে তার সাথে হয় দেখা’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এই নাচে ছিল ব্যালে ও ভারতীয় মুদ্রার সংমিশ্রণ।

এদের পরেই মঞ্চে আসে দিব্য সাংস্কৃতিক সংগঠন। অভিনেত্রী-নৃত্য শিল্পী দিপা খন্দকারের পরিচালনায় ‘আজি এসেছি বধুঁ হে’ গানের সাথে নাচেন তিনজন। এরপর একে একে মঞ্চে আসেন কবিরুল ইসলাম রতন, সাদিয়া ইসলাম মৌ, নিলুফার ওয়াহিদ, পাপরি, জিনিয়া, মুকুল, খুলনার এনামুল হক ও চট্টগ্রামের অবন্তী।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবে প্রতিদিন একটি করে নৃত্যনাট্য পরিবেশন করা হবে। প্রথম দিন ‘সূর্য মুখী নদী’ নৃত্যনাট্যটি পরিবেশন করেন বুলবুল ললিত কলা একাডেমীর শিল্পীরা।

এদিকে ২৯ এপ্রিল নৃত্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা’ সপ্তাহব্যাপি এক নৃত্য উৎসবের আয়োজন করেছিলো। ২৯ এপ্রিল ছিলো এর শেষ দিন। ‘মিলেছি মিলনে ছন্দে আনন্দে’ এই শ্লোগান নিয়ে শুরু হওয়া এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের নৃত্য গোষ্ঠিরা মিলেছেন মনের আনন্দে। মঞ্চে পরিবেশন করেছেন নৃত্য। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. আশরাফ সিদ্দিকী।

এই নৃত্য উৎসবের সমাপনী দিনে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।