২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আঞ্চলিক আবৃত্তি উৎসব শুরু

নারায়ণগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী আঞ্চলিক আবৃত্তি উৎসব-২০০৭। ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের ১৩টি সংগঠন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত এ উৎসবে অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শুক্রবার সকালে শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক, কবি মাহবুব উল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক, অধ্যাপক হাসান আজিজুল হক।

ইস্তেকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সাবেক সভাপতি ভাস্বর বন্দোপাধ্যায়, অধ্যাপিকা নাজমা রহমান, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক রফিউর রাব্বি, সদস্য সচিব দীপক ভৌমিক, সদস্য জিয়াউল ইসলাম কাজল।

হাসান আজিজুল হক বলেন, “বাঙালির জীবনচর্চার ঐতিহ্য খুঁজতে হলে আমাদের শেকড়ের সন্ধানে যেতে হবে। এই আবৃত্তি উৎসব আমাদের জীবন ঘষে আগুন জ্বালবার প্রত্যয়।”

ভাষা সৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী বলেন, “বিগত সরকার গণতন্ত্রের যে খুঁটিগুলোকে অপশাসন, দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে অকেজো করে দিয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সেগুলোকে মজবুত করার জন্য কাজ করছে।”

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিকেলে ‘আবৃত্তি: কবিতায় রঙ ধরানো’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর শিল্পীরা একক ও দলগত আবৃত্তি পরিবেশন করেন।

উৎসবের শেষ দিন শনিবার সকাল থেকে বিভিন্ন বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা হবে। অংশগ্রহণকারী সংগঠনগুলো বিকেলে দলগত আবৃত্তি পরিবেশন করবে। সন্ধ্যায় নাট্য ব্যাক্তিত্ব আলী যাকের ও আতাউর রহমান প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।