চারুকলায় বৈশাখের পদধ্বনি
চৈত্রের কড়া রোদ্দুর, আকাশে কালো মেঘের চকিত আনাগোনা, প্রকৃতির উš§ত্ত হয়ে ওঠার আয়োজন-সব মনে করিয়ে দেয় বৈশাখ আর দূরে নেই। কেবল প্রকৃতি কেন, চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের প্রস্তুতি দেখেও যে কেউ বুঝবেন সারা বছরের জমানো আবর্জনা ঘুচিয়ে দিতে আসছে এলোকেশী বৈশাখ।
চৈত্রের রোদ, গরম কিংবা হঠাৎ বৃষ্টি কোনো কিছুতেই থেমে থাকে না চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত বোশেখ বরণ উৎসব আয়োজন। তাইতো এবারো চারুকলা জুড়ে চলছে মঙ্গল শোভাযাত্রার কর্মযজ্ঞ। আরা এর দেখভাল করছেন শিক্ষকরা।
রাজধানীতে বর্ষবরণের হাজারো আয়োজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার আবেদন ভিন্ন। ১৯৮৯ সালে চারুকলার শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী সবাই মিলে প্রথমবারের মতো মঙ্গল শোভাযাত্রা করেন। এরপর গত আড়াই দশকের ধারাবাহিকতায় মঙ্গল শোভাযাত্রা জাতীয়ভাবেই আজ বৈশাখ উদযাপনের প্রধান অনুষঙ্গ।
বছর দুয়েক আগে মঙ্গল শোভাযাত্রা বিজ্ঞাপনের খপ্পরে পড়ে অনেকটাই ম্লান হয়ে যায়। অসন্তোষ দেখা দেয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। বিজ্ঞাপনের টাকা বাদ দিয়ে তারা নিজেরাই নেমে পড়েন বিকল্প অর্থের সংস্থানে। তারা প্রমাণ করেছিলেন, প্রকৃতির বাধাই যেখানে তুচ্ছ সেখানে টাকার অভাবে মঙ্গল শোভাযাত্রার কাজ থেমে থাকবে-তা হতেই পারে না।
শিক্ষার্থীরা রং তুলি নিয়ে ছবি আঁকলেন। কেউ মাটির সরায় শিল্পকর্ম ফুটিয়ে তুললেন। কেউবা মুখোশ তৈরি করলেন। আর সেগুলো বিক্রিও করলেন নিজেরা। সন্তুষ্ট চিত্তে এসব শিল্পকর্ম কিনে সমর্থন দেওয়ার শুভানুধ্যায়ীরও অভাব হয়নি। অনায়াসেই শোভাযাত্রার সাজসজ্জার অর্থ জোগাড় হয়ে গেল।
এবার যেন চেনা পথেই স্বচ্ছন্দে চলছে মঙ্গল শোভাযাত্রার কাজ। এবারও ছবি আর সরা বিক্রির টাকায় মঙ্গল শোভাযাত্রা হবে। ইতিমধ্যে প্রায় ২০ হাজার টাকার সংস্থান হয়েছে। কয়েকদিনের মধ্যেই শোভযাত্রার সাজসজ্জার কাজ শুরু হবে বলে জানালেন শিক্ষার্থীরা। নিজেদের টাকায় মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কাজ পুরোদমে এগিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রত্নেশ্বর বললেন, “আমরা নিজেরা সব করছি, টাকাও জোগাড় করছি নিজেরাই। এবার স্পন্সর নেওয়া হচ্ছে না। সবাই স্বতস্ফূর্তভাবে কাজ করছে।”
