প্রদীপ জ্বললো জাতি-বৈচিত্র্য সম্মিলনী ও আদিবাসী নাট্য-উৎসবের
কুমুদিনী হাজংয়ের পরনে সাদা রঙের শাড়ি। মনটাও তার পরনের শাড়ির রঙের মতোই, শ্বেত শুভ্র। তা না হলে কি কেউ এক বাক্যে বাঙালির ভালত্বের সার্টিফিকেট দিতে পারে? তিনি দিয়েছেন, “বাঙালিরা সবাই খুব ভালো। মিলেমিশে সবাইকে থাকতে হবে আমাদের।” ক্ষুদ্র জাতিসত্ত্বার উপর বাঙালির সর্বগ্রাসী আগ্রাসনকে এই টঙ্ক বিদ্রোহের নেত্রী ক্ষমা করে দিয়েছেন এক কথায়।
জাতি বৈচিত্র্য সম্মিলনী ও প্রথম আদিবাসী নাট্য উৎসবের উদ্বোধনী প্রদীপ যখন জ্বলে উঠলো কুমুদিনী হাজংয়ের হাতের স্পর্শে তখন জাতীয় নাট্যশালার পুরো হলরুম হাত তালির শব্দে মুখরিত। সেই রেশ কাটতে না কাটতেই ঘণ্টির মৃদু লয়ে মঞ্চে প্রবেশ করলেন একদল আদিবাসী তরুণ-তরুণী। তাদের সবার হাতে মিটিমিটি করে জ্বলতে থাকা প্রদীপ। প্রদীপের সেই আলো আঁধারিই যেন উৎসবের স্বাগত ভাষ্য। সবাইকে ক্ষুদ্র জাতিসত্ত্বার নাট্যভূমে স্বাগতম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সোমবার এমনি এক আবহে উদ্বোধন হলো এ উৎসবের। ঠিক ঠিক বিকাল চারটায় বেজে উঠলো জাতীয় সঙ্গীতের সুর। মঞ্চে ততক্ষণে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আদিবাসী নেত্রী নিরোলা তংসং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এইচ কে এস আরেফিন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরুদ্দিন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ম. হামিদ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং উৎসব আহ্বায়ক মামুনুর রশীদ।
সভাপতির বক্তব্যে মামুনুর রশীদ বললেন, “এই দেশের আদিবাসীরা আমাদেরই একটা অংশ। এদের প্রতি রয়েছে আমাদের দায়িত্ববোধ। আমাদের অগোচরেই আজ তারা হারিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে তাদের ভাষা। গবেষণায় দেখা গেছে অল্প কিছুদিনের ভেতরই আদিবাসীসের ব্যবহৃত পাঁচটি ভাষা আর খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর কেউ আর কথা বলবে না এই পাঁচটি ভাষায়।”
এরপর তিনি ক্ষুদ্র জাতিসত্ত্বার উপর প্রশাসনের নির্যাতনের কাহিনী তুলে ধরেন। উদাহরণ দেন সম্প্রতি যৌথবাহিনীর হাতে নিহত আদিবাসী নেতা চরেশ রিছিল সাংমার মৃত্যুর। মিলনায়তনে উপস্থিত সবাইকে তিনি চরেশ রিছিলের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। সে আহ্বানে সাড়া না দেওয়ার কেউ ছিলেন না পুরো হলরুমে।
সাংবাদিকদের সঙ্গে টুকরো আলাপের এক পর্যায়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “বাঙালি জাতি হিসাবে বড়ই আগ্রাসী। তাই বাঙ্গালির আশপাশে দেখতে পাওয়া যায় না অন্য জাতিসত্ত্বার সৌহার্দপূর্ণ অবস্থান।”
উদাহরণ হিসাবে তিনি বলেন, “ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বিহারির একটা দলকে আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকার মোহাম্মদপুরে, আরেকটা দলকে নীলফামারীর সৈয়দপুরে। মুখে মুখে যত যাই বলি না কেন আমরা বাঙালিরা আসলে অন্যজাতিকে খুব একটা সহ্য করতে পারি না। বাংলাদেশে বসবাসকারী সবাই বাংলাদেশী হতে পারে কিন্তু তারা সবাই বাঙালি নয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বৈচিত্রপূর্ণ এই দেশে বাঙালির পাশাপাশি আছে হাজং, মুরং, চাকমাসহ নানান জাতিসত্ত্বা।”
বাচ্চু আদিবাসী মানুষদের পাসপোর্টে তাদের জাতিসত্ত্বার পরিচয় উল্লেখের দাবি জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় সাদরি ভাষার নাটক ‘কানিয়া’। আদিবাসী পল্লীর সদ্য বিবাহিত এক তরুণীকে কেন্দ্র করে এর কাহিনী। সাদরি থিয়েটার প্রযোজিত এ নাটকের নিদের্শনা দিয়েছেন মামুনুর রশীদ। আর এতে অভিনয় করেন আদিবাসী শিল্পীরা।
পাঁচদিনব্যাপী এ উৎসবে প্রতি সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে একটি করে আদিবাসীদের নাটক। তবে এ উৎসবে শুধু নাটকেরই প্রদর্শনী হবে তা নয়। পাশাপাশি থাকবে আদিবাসীদের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণাপত্র উপস্থাপন, সেমিনার, প্রামাণ্যচিত্র ও ডকু ম্যাগাজিন প্রদর্শনী।
উৎসব শেষ হবে ৬ এপ্রিল।
