ভারতে বিপুল সম্বর্ধনা পাচ্ছে সার্ক কার র্যালি
সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে শুরু হওয়া সার্ক কার র্যালি বাংলাদেশ, ভূটান, নেপাল ঘুরে এখন ভারতে অবস্থান করছে।
র্যালিতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন অভিনেতা টনি ডায়েস ও তার স্ত্রী অভিনেত্রী প্রিয়া ডায়েস। টনির পাঠানো এক ই--মেইলে জানা গেছে, ২৯ মার্চ তারা যাচ্ছেন পাকিস্তানে।
টনি জানান, যেখানেই যাচ্ছেন সেখানেই উষ্ণ আতিথিয়তা পাচ্ছেন।
তার ভাষায়, “আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমাদের দেখে মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে খালি মানুষ আর মানুষ। মনে হয় যেন আমরা সবাই একই দেশের। বিশ্বকাপ ক্রিকেটে যেদিন বাংলাদেশ ভারতকে হারালো সেদিনটি ছিলো আমাদের জন্য আরও রোমাঞ্চকর। কারণ সেদিন অন্যান্য দেশের প্রতিনিধিরা তো বটেই, র্যালিতে অংশগ্রহণকারী ভারতীয়রাও আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। সত্যি এ এক অপূর্ব অভিজ্ঞতা।”
টনি জানান, ২৯ তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে তারা লাহোর যাবেন।
