কেবল অপারেটরদের মিলন মেলায় দর্শকদের ভিড়, আকর্ষণ র্যাফের ড্র
আরিফুর রহমান পরে সরকারি বিজ্ঞান কলেজে। পত্রিকার খবর দেখে কৌতুহলী হয়ে বসুন্ধরা সিটির কেবল টিভি অপারেটরদের মিলন মেলায় এসেছে সে। কেবল অপারেটরদের নিয়ে কী ধরনের মেলা হতে পারে সেটা সে বুঝে উঠতে পারছিল না। এখানে এসে সে দেখলো ‘ আন্তর্জাতিক কেবল টিভি শো ২০০৭’ নামের এই প্রদর্শনীতে আসলে স্থানীয় কেবল অপারেটরদের ডিস্ট্রিবিউশন ইকুইপমেন্টের সঙ্গে পরিচয় ঘটানোই আসল উদ্দেশ্য। তার জন্য এখানে বিশেষ কিছু নেই। তবে তার মতো আম দর্শকের জন্য একটা আকর্ষণ আছে। সেটা হলো র্যাফেল ড্র। তাতে অংশ নেয়ার জন্যই এগিয়ে গেল সে।
বসুন্ধরার সিটির সাত তলায় ১০ মার্চ থেকে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক কেবল টিভি শো ২০০৭’। কেবল অপারেটরস অ্যাসসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে এই প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত। শো সকাল ১০টা থেকে শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাংলাদেশে এই প্রথমবারের মতো এরকম প্রদর্শনী’র আয়োজন করা হলো। এটি বিনা টিকিটে সবার জন্য উন্মুক্ত।
সবার জন্য উন্মুক্ত হওয়ায় এখানে সাধারণ দর্শকদের ভিড় বেশ ভালোই জমেছে। র্যাফেল ড্র এর আকর্ষণে ভিড়টা আরো জমজমাট। বেশিরভাগ দর্শকই কেবল টিভি সম্পর্কে জানার চাইতে নির্দিষ্ট ফর্ম পূরণ করে র্যাফেল ড্রতে অংশ নিতেই আগ্রহী বেশি। দেশে কিছু চ্যানেল আছে যারা নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে বিভিন্ন নাটকের ভিসিডি, ডিভিডি বা অডিও অ্যালবাম প্রকাশ করে। সেসব চ্যানেলের স্টলে গিয়ে দেখা গেছে তারা সিডি ভিসিডিও বিক্রি করছেন বেশ।
এর আগে ১০ মার্চ অবশ্য এক সংবাদ সম্মেলনে কোয়াব এর সভাপতি এসএম আনোয়ার পাভেজ জানান,“স্থানীয় অপারেটরদের ডিস্ট্রিবিউশন ইকুইপমেন্টের সঙ্গে পরিচয় ঘটানোই এর মূল উদ্দেশ্য। সেই সাথে বিভিন্ন কেবল অপারেটরদের মধ্যে সৌজন্য ও অভিজ্ঞতা বিনিময় করাও সম্ভব হবে। কারণ মেলায় শুধু দেশি নয়, চীন, জাপান ও সার্কভুক্ত দেশের বিভিন্ন চ্যানেল এবং কেবল অপারেটররাও এই শো’তে অংশ নিচ্ছে। সেই সাথে কেবেল ডিস্ট্রিবিউশন ও স্যাটেলাইট ব্যবহারের যেসব যন্ত্র আছে তা বাংলাদেশে প্রস্তুত করার সম্ভাবনাটুকুও এই শোয়ের মাধ্যমে জানার চেষ্টা করা হবে।” তিনি আরো জানান, “বাংলাদেশের চ্যানেল যেহেতু কোলকাতায় দেখা যায় না, সেহেতু কোলকাতার বাংলা কোন চ্যানেল এই শোতে অংশ নিতে পারবেনা।”
আবার এই প্রদর্শনীকে মাসিক ভাড়া আদায়ের শো’ও বলা যেতে পারে। দেশে যারা স্টার গ্রুপ, সনি গ্র“প, বা স্পোর্টস চ্যানেলের ডিস্ট্রিবিউটর আছেন তারা এই শোতে অংশ নিয়েছেন। তাদের কাছে অনেক স্থানীয় কেবল অপারেটর এসেছেন মাসিক সেবামূল্য পরিশোধ করার জন্য।
এরকমই একজন কেবল অপারেটর রুবেলের সাথে কথা হলো। তিনি পুরানো ঢাকায় কেবল টিভির ব্যবসা করেন। তিনি জানান, “আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা সমাধান নিয়ে এই শোতে কোন ব্যবস্থা রাখা হয়নি। যেমন সনি গ্রপের চ্যানেলগুলো যারা এই দেশে বিতরণ করে তারা সেবামূল্য বাড়িয়েছে। ফলে আমাদেরকেও সেবামূল্য বাড়াতে হচ্ছে। এজন্য সাধারণ দর্শকরা বিরক্ত। কারণ কয়েকদিন আগেই ১০০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। এখন যদি আবার সেবামূল্য বাড়াই তাহলে অনেক দর্শকই তা দিতে চাইবে না। সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে সনি গ্র“পের চ্যানেলগুলো বন্ধ করে দিতে হতে পারে। আবার কোন কোন দর্শক নির্দিষ্ট কিছু চ্যানেল দেখতে চায়। সেক্ষেত্রে তারা শুধু সেই কয়টা চ্যানেলের জন্যই মাসিক সেবামূল্য দিতে আগ্রহী। তো এসব বিষয় নিয়ে এখানে আলোচনার সুযোগ থাকলে ভালো হতো।”
ডিস্ট্রিবিউটরা এসব ঝামেলার কথা স্বীকার করেন। নেশন ওয়াইড কমিউনিকেশনের এক কর্মকর্তা জানান, “এই সব সমস্যা আমরা শুনছি। এগুলো কীভাবে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা ভাবছি। বিভিন্ন মতামত জানার জন্য আমরা সবাই স্টলে একটি করে মন্তব্য খাতা রেখেছি। যাতে দর্শকরা বা অপারেটররা তাদের প্রতিক্রিয়া, মতামত, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয় খাতা লিখে আমাদের জানাতে পারেন। সেসব মন্তব্য দেখে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।”
মেলায় প্রায় ৩০টির মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এদের মধ্যে কেবল অপারেটরা ছাড়াও আছে বেশ কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী আমদানীকারক প্রতিষ্ঠান ও বাংলাদেশের চ্যানেলগুলোও এই শোতে অংশ নিয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে আছে এটিএন, চ্যানেল আই, বাংলা ভিশন, এনটিভি, আর টিভি, এসটিভি (ইউএস), বৈশাখী টিভি, ইসলামিক টিভি, এ টিভি, সোনার বাংলা, মাই টিভি, রেডিও টুডে, সিএসবি, টোটাল স্পোর্টস নেটওয়ার্ক লিঃ. এম জি এইচ ইনফো কম, নেশন ওয়াইড কমিউনিকেশন লিঃ, ইত্যাদি।
