২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা আন্দোলনের বইয়ের অভাব

অনেকক্ষণ থেকেই মেয়েকে নিয়ে এ ষ্টল ও ষ্টল করে বেড়াচ্ছিলেন সেলিমা রহমান। কিছু একটা খুঁজছেন তিনি, কিন্তু পাচ্ছেন না। কাছে গিয়ে ঘটনা কী জানতে চাইলে বেশ আক্ষেপ নিয়ে বললেন, “ব্যক্তিগত আগ্রহ আর মেয়েকে বিষয়টার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভাষা আন্দোলনের চেতনাসমৃদ্ধ ভাল বই খুঁজছিলাম আমি। কিন্তু ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই মেলায় বেশ সংকট রয়েছে এই ধরনের বইয়ের। এটা খুবই দুঃখজনক।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 11:45 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

তবে বই যে আসেনি তা নয়। বেশ খোঁজাখুঁজি করলে দেখা মিলবে বেশ কিছু বইয়ের। এবার মেলায় উল্লেখ করার মতন এমনি যে কয়টি বই এসেছে তার মধ্যে রয়েছে ইকতিয়ার চৌধুরীর ‘আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের বাকি ইতিহাস’। প্রকাশ করেছে আগামী প্রকাশনী। আবুল কালাম মনজুর মোশের্দের ‘ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ’ এনেছে অনন্যা প্রকাশনী।

ড. মোহাম্মদ হান্নান এর ‘একুশে ফেব্র“য়ারী জাতীয় থেকে আর্ন্তজাতিক’ ও এম শামসুল আলমের ‘ভাষা আন্দোলন ও তার পটভূমি’ প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। বদরুদ্দীন ওমরের ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ এনেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। আব্দুল হকের ‘ভাষা আন্দোলনের আদিপর্ব’ এনেছে মুক্তধারা। ড. আতিউর রহমানের ‘ভাষা আন্দোলনের আর্থসামাজিক পটভূমি’ প্রকাশ করেছে দি ইউনিভাসিটি প্রেস। ফরিদা ইয়াসমিনের ‘ভাষা আন্দোলন ও নারী’ এনেছে বিদ্যাপ্রকাশ।

হায়াৎ মাহমুদের ‘বাংলাদেশের মাতৃভাষার অধিকার’ এনেছে চারুলিপি। মোহাম্মদ আমীনের ‘রাষ্ট্রভাষা আন্দোলনের কথা’ প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। ড. বেলাল হোসেন ‘জয়ের আইকন একুশে’ প্রকাশ করেছে নওরোজ সাহিত্য সম্ভার। জাফরুল আহসানের ‘ভাষা ও ভালবাসার একুশ’ এনেছে বিশ্বসাহিত্য ভবন।

মিজান পাবলিশার্স বের করেছে ৩টি বই। ‘বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংগ্রাম’ লিখেছেন নিগার চৌধুরী। ‘জেলায় জেলায় ভাষা আন্দোলন ও অন্যান্য প্রবন্ধ’ লিখেছেন আমানুল্লাহ কবীর। ‘ভাষার সংগ্রাম শিক্ষার সংগ্রাম’ লিখেছেন ড. শফিউদ্দিন আহমেদ।

ভাষা আন্দোলন কেন্দ্রিক ভাল বই কম কেন জানতে চাইলে ড. আতিউর রহমান জানালেন, “ভাষা আন্দোলনের ওপর বই লেখাটা অনেক সময় ও শ্রমসাধ্য। এর জন্য অভিজ্ঞতার পাশাপাশি প্রয়োজন নিরন্তন গবেষণা। চেতনার গভীর বোধ থেকে এ ধরনের বই লিখতে ও প্রকাশ করতে হয়। আসলে একুশ নিয়ে আমাদের অঙ্গীকারে ঘাটতি আছে বলেই এমনটি ঘটছে।”

আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনি ও অন্যান্যর মনিরুল হক জানালেন, ভাষা আন্দোলনের ওপর যথেষ্ঠ গবেষণা করে বিভিন্ন তথ্য পরীক্ষা নিরীক্ষা করে তবেই লেখককে পান্ডুলিপি তৈরী করতে হয়। এ ধরনের সমৃদ্ধ পান্ডুলিপি কম। এক্ষেত্রে অভিজ্ঞ লেখকদের পাশাপাশি তরুণদেরকেও এগিয়ে আসতে হবে। মানসম্মত, তথ্যনির্ভর ও গবেষণাধর্মী পান্ডুলিপি পেলে তা তারা প্রকাশে আগ্রহী।

তবে এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে বাংলা একাডেমী বেশ পিছিয়ে আছে। একুশের সংকলিত প্রবন্ধ (১৯৬৩-২০০৪) বেড়িয়েছে ১৯টি, স্মারকগ্রন্থ (১৯৮৭-২০০২) ১৭টি আর ইংরেজি প্রবন্ধ (১৯৯৪) মাত্র ১ টি। এর বাইরের আর ভাষা আন্দোলন কেন্দ্রিক কোন বই নেই বাংলা একাডেমীর। এ প্রসঙ্গে ভিকারুন নিসা নূন কলেজের ছাত্রী জয়িতা আবেদীন বললেন, “তরুণরা এনেছিল একুশ কিন্তু আমরা নতুন প্রজন্ম জানি না এর ইতিহাস কিংবা গুরুত্ব। আর তাই বাংলা একাডেমীর পাশাপাশি অন্যান্য প্রকাশনীর এগিয়ে আসতে হবে এর গৌরব্বোজ্জ্বল চেতনাকে ইতিহাসের পাতায় সমুন্নত রাখতে।”