২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের দিনে প্রত্যাশা আর প্রাপ্তি মিলল এক বিন্দুতে

এবার মেলায় মানুষ যেভাবে ভেঙে পড়ছিল তাতে একুশের দিনের ভিড় নিয়ে সবাই ভয়ে ছিলেন। সে---ই দিনটা কেটে গেছে। মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়েছিল, তাতে লেখক---প্রকাশকদের রীতিমতো পোয়াবারো। তবু কিছু প্রশ্ন রয়েই যায়। লিখেছেন মোস্তফা মামুন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

একুশের ফেব্রুয়ারির বইমেলা মোটামুটি সব সম্ভবের মেলা। এদিন দেদারসে লোক আসে, দু--হাতে বই কেনে, লাইনের শেষ মাথা খুঁজতে দূরবীন লাগে, ভিড়ের ফাঁকে বই চুরির ঘটনাও স্বাভাবিক। এবং এত ঘটনা যখন তখন উচ্ছৃঙ্খলা কিছু থাকবে না তা হয় না। হলোও। বিকালের দিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পুলিশকে চালাতে হলো লাঠি। সে---ই লাঠির আঘাতে বেশ কয়েকজন বইপ্রেমী আক্রান্ত।

এ দেশের পুলিশের ধৈর্য এত কম এবং উত্তেজনা এত বেশি যে যেকোনো গোলমাল সাধারণত তারাই বাঁধায়। তিল থেকে বেশিরভাগ ঘটনা তাল হয় তাদেরই কীর্তিতে। এমনিতেই এবারের বইমেলার মানুষের সঙ্গে তুল্য উপমা পাওয়া মুশকিল, তার ওপর কাল একুশে ফেব্রুয়ারি, চেতনাগত দিক থেকেই এদিন মেলায় আসাটা পবিত্র দায়িত্বের পর্যায়ে পড়ে। তা ছাড়া শহীদ মিনারে ফুল দিতে এসে মেলায় ঢুঁ না মারলে কেমন যেন বিষয়টা ঠিক পূর্ণতা পায় না। কাজেই অঙ্ক মেনে চলে কালকের মানুষ পারলে মেলার মাটি কয়েক ফুট নামিয়ে দেয়, তা সে----ই মানুষদের মধ্যে অধৈর্য কেউ কেউ সীমা ছাড়াবে হয়ত। বিকালের দিকে অনেকক্ষণ লাইনে দাঁড়ানো লোকজন অধৈর্য হয়ে লাইনটাতে গতি আনতে ঠেলা--ধাক্কা করেছিল, দেখা গেলো পুলিশ তাদের চেয়েও অধৈর্য। অতএব লাঠিচার্জ। এবং অবধারিত গোলমাল। অবৈধ সমাবেশকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করতে হয়, কিন্তু বই কেনার মতো সাধুবাদযোগ্য কাজে লাইন ধরা মানুষদের প্রতি অতোটা নির্দয় হওয়া বোধহয় উচিত নয়! সেটা পুলিশকে অনেকবার শেখানোর চেষ্টা হয়েছে। যথারীতি ব্যর্থ চেষ্টা। যা---ই হোক বই কেনার লোকেরা এক-আধটু সীমা ছাড়ালেও কখনো জঙ্গি হবে না। হবে না বলেই এই ঘটনার রেশ ঘটনাতেই শেষ।

ঘটনাটা টিভিতে দেখে এবং তারপর প্রত্যক্ষদর্শীদের মুখে শুনে এক সহকর্মী অন্য আলোয় বিশ্লেষণ করলেন পুরো ব্যাপারটা। ‘ভাবা যায় বই কেনার জন্য বাংলাদেশের মানুষ মার খেতেও রাজি’---মন্তব্যটা শুনে মনে হলো তা---ই তো; এই ঘটনার সরলীকৃত ব্যখ্যা তো বাংলাদেশের মানুষ এত বইপ্রেমী যে বইয়ের জন্য জানটা বাজি রাখতেও ওরা রাজি। আরও মনে হলো বিদেশি কোনো সাংবাদিক দেখলে এই জাতির উচ্চাঙ্গের মুল্যবোধ নিয়ে বিরাট বড় একটা রিপোর্ট হয়ত হয়ে যেতো। একুশের দিনের বইমেলা সত্যিই বাঙালির রুচি এবং মুল্যবোধের এক উজ্জ্বল ছবি।

তিনি নিজের সামর্থ্যরে প্রতি অবিচার করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে বিস্তর। জনপ্রিয়তার নেশায় পড়ে এমন সব লেখা লিখেছেন যেগুলো তার মাপের সাহিত্যিকের কাছ থেকে প্রত্যাশিত নয় বলে মনে করেন অনেকেই। কিন্তু তাহলেও এটা ঠিক যে এদেশে ইমদাদুল হক মিলনই প্রথম পেশাদার লেখক। বইমেলা তার কাছে প্রাণের মেলাই শুধু নয়, জীবন এবং জীবিকার একটা ক্ষেত্রও। কাজেই রোজ তিনি আসেন। বসেন। পাঠকদের সঙ্গে কথা বলেন। কাল অনন্যার স্টলে পাঠকদের নিয়ে ব্যস্ত মিলনকে অক্লান্তে অটোগ্রাফ দিতে দেখে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, মিলন ভাই কখন এসেছেন? মিলন ঘুরে দাঁড়িয়ে বললেন,‘একুশের দিনের মেলায় সকালেই আসতে হয়। উদ্দীপনাটাই অন্যরকম না।’

সে---ই উদ্দীপনা জনপ্রিয় লেখকদের একটু বেশি থাকে। এদিন বেশি বই বিক্রি হয়। এদিন অটোগ্রাফ দেয়ার সুযোগটাও বেশি মেলে। কাজেই...। চেনা চেহারার লেখকদের স্টলে বসাতে পারলে বইয়ের বিক্রিও বাড়ে। প্রকাশকদের মধ্যেও প্রতিযোগিতা চলে কে কাকে দখল করেন! অনন্যার স্টলে মিলনকে দেখে তার অন্য প্রকাশক শিখা প্রকাশনীর নজরুল ইসলাম খান বাহার বারবার উঁকি দিয়ে জানাচ্ছিলেন, এবার তো তার সুযোগ পাওয়ার পালা।

হুমায়ূন আহমেদ না থেকেও সবার ওপরে আছেন ্এখনও। জাফর ইকবাল ব্যবধান অনেকখানি কমিয়ে বড় ভাইয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন এখন। বাকিদের সঙ্গে এই দুজনের ব্যবধানটা বিশাল। তার পরের জায়গাটা নিয়ে  ইমদাদুল হক মিলন এবং আনিসুল হকের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একুশের দিনে যে এত বই বিক্রি হয় তার শীর্ষে থাকেন কারা এমন প্রশ্নের উত্তরে সময় প্রকাশনের ফরিদ আহমেদ ব্যখ্যা করে জনপ্রিয় লেখকদের পুরো ছবিটা তুলে ধরলেন। শুনতে শুনতে মনে একটা প্রশ্ন এল, এরা প্রেম-ভালোবাসা-জীবন-তারুণ্য এসব নিয়ে লিখছেন বটে, কিন্তু এই যে একুশ, ভাষার জন্য রক্তদান এসব নিয়ে তো তাদের লেখা আছে বলে মনে হয় না। তবু অন্যদের কিছু লেখা তো আছে। সালাম--বরকতদের নিয়ে। কিন্তু দুঃখের বিষয় এমনকি একুশে ফেব্র“য়ারিতেও সেসবের বিশেষ কোনো চাহিদা নেই। কয়েকজন ক্রেতাকে জিজ্ঞেস করা হলো। কারো কারো অবস্থা এত খারাপ যে এদেরকে প্রথমটায় চিনতেই পারলেন না। কেউ কেউ এই দিনে এমন প্রশ্নে বিরক্ত রীতিমতো। দুয়েকজন বললেন, ওগুলো একটু ভারী লেখা বলে ঠিক তাদের ধাতে সয় না। মধ্যবয়স্ক একজনকে পাওয়া গেলো শুধু, যিনি জানালেন তার ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে একটা বই কেনার ইচ্ছে আছে।

শেষ বিকাল তখন। ভিড় আরও বাড়ছে। লাইন আরও লম্বা হচ্ছে। মনে হলো আন্তর্জাতিক ভাষা দিবসে আসল চেতনার প্রতি এই যে বিরাগ সেটা পুরো জনারণ্যটাকে শুন্য দিয়ে গুন করে পুরো বিষয়টাকে তো শুন্যই বানিয়ে দিচ্ছে।

থাক না হয়। তবু তো মানুষ বইমেলায় আসছে। বই কিনছে। ভাষার জন্য জীবন দেয়ারা নিশ্চয়ই এটুকু দেখে বাকিটুকু ক্ষমা করে দিচ্ছে।

আমরা যা---ই হই ওরা তো মহান!

মেলার নতুন বই এবং মোড়ক উন্মোচন

বুধবার চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জহিরুল হকের লেখা রেমন পাবলিশার্স থেকে প্রকাশিত ‘পায়রা জলে স্বপ্নের বাসর’---এর মোড়ক উন্মোচন করেন প্রয়াত হুমায়ূন আজাদের মেয়ে মৌলি আজাদ। রহমান মুস্তাফিজের লেখা মৃদুল প্রকাশনী থেকে প্রকাশিত “সুড়ঙ্গের আলোর আশায় আড়াইমাস” বইটির মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ এবং নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

ওয়াহিদুল হক সম্পাদিত অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত “২০২১ সালে কেমন বা!লাদেশ চাই” বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খান সরওয়ার মুরশিদ।

বুধবার মেলায় আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘পিতৃতান্ত্রিকতার বিপক্ষে’ (বিদ্যাপ্রকাশ), মুহাম্মদ জাফর ইকবালের ‘ভবদহের গল্প ও অন্যান্য’ (বিদ্যাপ্রকাশ), হুমায়ূন আজাদের ‘শ্রেষ্ঠ কবিতা’ (আগামী), মহাদেব সাহার ‘নির্বাচিত একশ কবিতা’ (অন্যপ্রকাশ), ড. এমাজউদ্দিন আহমেদের ‘একুশে ফেব্র“য়ারির তাৎপর্য ও অন্যান্য নিবন্ধ’ (মিজান পাবলিশার্স), আমজাদ হোসেনের ‘শ্রেষ্ঠ পাঁচটি উপন্যাস’, মুহাম্মদ জাফর ইকবালের ‘গল্প সমগ্র’ (শিখা), হরিপদ দত্তের ‘দিপ্তি হত্যার রাত ও অগ্নিবিন্দু’ (ঐতিহ্য), বদরুদ্দীন উমরের ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী তৎপরতা’ (কথাপ্রকাশ) এবং  সেলিনা হোসেনে মাঠ ও শস্যের বুনন (সময়)।