কবি আছেন কবিতা আছে সমঝদারই কেবল নেই
বইমেলায় কবিতার বই বেরিয়েছে প্রচুর। কবিদের ভিড়ও কম নয়। কিন্তু শেষপর্যন্ত বইমেলা মোটেও কবি এবং কবিতার নয়। কবি আর পাঠকের মধ্যে দিন দিন এমন এক ব্যবধান তৈরি হচ্ছে যে সেটা কী করে দূর হবে কেউ বলতে পারে না। আরও জানাচ্ছেন মোস্তফা মামুন
মনে করুন আপনাদের মধ্যে কেউ একজন একটু বেখেয়ালি ধরনের। কোনো কথা মনে রাখতে পারে না। কোনো কিছু খেয়াল রাখে না। আমরা তাকে কী বিশেষণ দেই? কবি।
কেউ একজন হয়ত দায়িত্বজ্ঞানহীন। যখন যা করার তা করে না, আবার যা করার নয় তা করতে সিদ্ধহস্ত। তার বিশেষণ কী? কবিইতো!
পোষাকে এলোমেলো, স্বভাবে উশৃংখল তারও তো লৌকিক পরিচয় কবিই!
ভুলো মন, বেখেয়ালি, দায়িত্বহীন, এলোমেলো স্বভাবগুলোই আজকালকার কবিদের পরিচয়ের সূচক। কবিতা নয়। কবিতা নয়, কারণ কবিতাগুলো সাধারণত সাধারণ মানুষের বোধের বাইরে। আধুনিক কবিরা কবিতা বলতে যে জিনিসটা বোঝাতে চান সেটা তারা বুঝেন হয়ত, কিন্তু মানুষ বুঝতে পারে না বলেই কবিতা আর কবিরা আস্তে আস্তে এমন এক বৃত্তবন্দী যে বৃত্তের চারদিকে সাধারণ পাঠকদের জন্য ১৪৪ ধারা। অসাধারণ কিছু পাঠক তবু আছেন, কবি এবং কবিতার জন্য ওরা কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্রের ভূমিকায়, ওদের জন্যই কবিতা এই বইমেলাতেও ধুকে ধুকে বেঁচে আছে। এজন্যই হাসপাতালের বেডে এখনও; কফিনে নয়।
এখনকার তরুণ প্রজন্মের কবিদের লেখার ভার যেমনই হোক যুক্তির ধার কিন্তু আছে। অতএব তারা দোষ দিচ্ছেন প্রকাশকদের, নামী কাগজের সাহিত্য সম্পাদকদের মুণ্ডুপাতও করছেন এবং পেছনে যুক্তির শক্তি এত যে উড়িয়ে দেয়া যাচ্ছে না। শুনে মনে হচ্ছে, তাই তো প্রকাশক আর সাহিত্য সম্পাদকদের মিলিত ষড়যন্ত্রেই তো দেশের কবিতার আজ এই দীনহীন চেহারা। যুক্তিটা টিকে থাকছে অবশ্য ততোক্ষণই যতোক্ষন প্রকাশকদের মুখোমুখি হতে সময় লাগে।
কবিদের যুক্তিকে তারা উড়িয়ে দিচ্ছেন তুড়ি মেরে। তাদের বরং কবিদের বিরুদ্ধে এত এত অভিযোগ যে শুনলে মনে হবে ওরা যে ওদের বিপক্ষে ফৌজদারি মামলা করতে যাচ্ছেন না এই বেশ! এবং দু-পক্ষের কাছেই তৃতীয় পক্ষ মানে পত্রিকার সাহিত্য সম্পাদকদের দায় এত বেশি যে এদের একজনকে খুঁজে বের করতেই হলো।
প্রথম আলোর সাহিত্য পাতার দায়িত্বপ্রাপ্ত জাফর আহমেদ রাশেদ অবশ্য অভিযোগের সব স্বীকার করলেন না, আবার অস্বীকারও করলেন না। কবিদের কারো কারো অভিযোগ, একেক পত্রিকা একেক ধরনের কবিদের কবিতা ছাপে। প্রথম আলো যে কবিদের কবিতা ছাপে, যুগান্তর হয়ত তাদেরটা ছাপে না। ফলে সামগ্রিকভাবে কেউই কবি পরিচিতি পাচ্ছেন না। রাশেদ স্বীকার করছেন,“আমরা তাদেরই কবিতা ছাপি যাদের কবিতা আমাদের কাছে কবিতা মনে হয়। এখন যাদেরটা আমাদের কাছে কবিতা মনে হয় না তাদেরটা তো আমরা ছাপতে পারি না। আবার তাদের কারো কারো কবিতাই হয়তো অন্যদের কাছে ভালো কবিতা মনে হয় ওরা ছাপে।” তাহলে কবিতার কি সর্বজনীন কোনো মানদন্ড নেই? জাফর প্রশ্নটার উত্তর দিচ্ছেন,“যে যেটা ছাপছে তার কাছে হয়ত সেটাই মানদন্ড। কিন্তু আমরা সবসময়ই ভালো কবিদের কবিতা ছাপতে সচেষ্ট থাকি। ছাপাও হয়।”
সাহিত্য সম্পাদকদের নির্ধারণ করা এই মানদন্ডের প্রকারভেদ আছে, আছে কবিদের মধ্যেও ঘরানা নিয়ে বিভেদ, আর এসব মিলে মিশে যা দাঁড়াচ্ছে তাতে কবি মানেই প্রকাশকদের ভীতি। সম্পর্কের কারণে বই ছাপতে হয় বলে ছাপেন এবং ছেপে যে বিপদে পড়েন সেজন্য প্রকাশকদের কেউ কেউ বইমেলা আসলে ভয়ে থাকেন। এই বোধহয় কোনো কবি চলে এলেন! ফোন বাজলে ভয় হয়, কোনা তরুণ কবির ফোন নয় তো! পার্ল পাবলিকেশন্সের হাসান জাইদি এবার বই করেছেন ৩০টির মতো, এর মধ্যে কোনো কবিতার বই নেই! কেন? প্রশ্ন শুনে এমন হাসতে থাকলেন যেন কবিতা থেকে দূরে থাকতে পেরে খুব একটা কাজের কাজ করেছেন। “কবিতার বই ছাপব! বিখ্যাত কবিদের বই-ই ১০০কপি বিক্রি করা কঠিণ। আর তরুণ কবিদের কথা না হয় না-ই বললাম। কেন ছাপব?” এই প্রশ্নের উত্তর নেই। যেমন উত্তর নেই শিখা প্রকাশনীর নজরুল ইসলাম বাহারের এই প্রশ্নেরও,“একজন কবি আসল। হয়তো আমরা ক্ষতি স্বীকার করে একটা বইও বের করে দিলাম। একটা বই হয়ে গেলো। সে দেখা গেলো বই নিয়ে নিজেকে কবি দাবি করে বড় বড় কথা বলে ঘুরে বেড়াতে থাকল। তার বই বিক্রি হলো কিনা সেদিকে কোনো মনযোগ নেই। এমনিতেই ওরা জানে যে কবিতা চলে না, তার ওপর যদি তাদের দিক থেকে কোনো সহযোগিতা না পাওয়া যায় তাহলে কীভাবে আমরা কবিতার বইয়ের সাহস করব?”
প্রকাশকদের কেউ কেউ যে বই প্রকাশের নাম করে একটা ব্যবসা ফেঁদে বসেছেন তার সিংহভাগ শিকারই হচ্ছেন কবিরা। বইয়ের জন্য টাকা নেন এবং লক্ষ্যই থাকে কোনোভাবে একটা বই বের করে যথাসম্ভব টাকা হাতিয়ে নেয়া। প্রকাশকরা অভিযোগটা অস্বীকার করছেন না, বরং তারা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কবিদের বই টাকা নিয়েই প্রকাশ করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বড় প্রকাশক জানাচ্ছেন,“ওরাও চায় ওদের কবিতা প্রকাশ হোক। সে কবি হিসাবে স্বীকৃতি পাক। আবার আমরাও চাই বই প্রকাশ করতে। কাজেই এরকম একটা চুক্তি তো হতেই পারে। কিন্তু এটা করা হয় একেবারেই নতুন কবিদের ক্ষেত্রে। যাদের বইয়ের স্বীকৃতি আছে তাদের ক্ষেত্রে ক্ষতি স্বীকার করে হলেও আমরা বই ছাপি। টাকা নেয়া দূরে থাক, আমরা ওদের সম্মানী পর্যন্ত দেই।”
তরুণ কবিদের সিংহভাগ অবশ্য সম্মানী নয়, চান শুধু সম্মান। বই প্রকাশ হোক। কিছু লোক হাতে নিক অন্তত। বলুক যে, অমুক কবি...। কিন্তু সমস্যা হলো যে মানুষদের জন্য লেখা সে---ই মানুষগুলো যে তাদের কবিতা বোঝেই না! সেখানেও তরুণ কবিদের বক্তব্য যোগ-বিয়োগ করলে যা দাঁড়ায়, অবুঝ মানুষের জন্য তো বোঝদার হয়ে তারা নীচে নামতে পারেন না। বরং তারা নাকি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে মানুষ যেন ওপরে ওঠে আসে। তাহলেই হবে।
মানুষের ওপরে ওঠার তো কোনো লক্ষণ নেই। কবিদের নীচে নামারও প্রশ্ন নেই। তা সে ব্যবধান কোনোদিন যদি কমে তাহলে হয়ত কিছু একটা হবে। তা যতক্ষন না হচ্ছে ততক্ষণ কিন্তু কবিদের পরিচয় ভুলোমনে। উশৃংখল স্বভাবে। এলোমেলো পোষাকে। কবিতায় নয়।
