প্রাণবন্ত মেলায় ঘটছে নানা কাণ্ড
কানের সঙ্গে ল্যান্ড ফোনের রিসিভার লাগিয়ে অনবরত বকে যাচ্ছে লোকটি। গায়ে অদ্ভুত পোশাক। দূর থেকে দেখে মনে হয় লোকটা বুঝি পাগল। বই মেলার নিরাপত্তা ব্যুহ ভেদ করে ঢুকল কীভাবে ?
তার কাছে যাওয়ার পর যে কারো চোখ ছানাবড়া হতে বাধ্য। আগের ধারণা ঠিক নয়; ভ্রাম্যমাণ বিজ্ঞাপন করে বেড়াচ্ছেন তিনি। পাগলের ভাব ধরে লোকজনের দৃষ্টি কাড়ছেন আর পিঠে লাগানো জামাল রেজার ‘পর পুরুষ’ বইয়ের বিজ্ঞাপনটাও সবাইকে দেখিয়ে দিচ্ছেন। তার চারপাশের ভিড় দেখে বোঝা যায় বিজ্ঞাপনের উদ্দেশ্য সফল।
এরই মধ্যে ভিড় ঠেলে হঠাৎ দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তীর বেগে এক ছেলে ছুটে চলেছে, পিছন পিছন ছুটছেন এক পুলিশ। আজকাল এসব দেখলে সবাই এক--আধটু ভয় পেয়ে যান। হলোও তাই। সবার চেহারায় একটু ভয়ের ভাব ফুটে উঠল, নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করলেন কয়েকজন। পরে জানা গেল এ আসলে বোমাবাজ-- টোমাবাজ কেউ না, সাধারণ হকার। মেলায় হকারি নিষেধ বলেই হকার-- পুলিশের এই ‘চোর--পুলিশ’ খেলা।
আজও বইমেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এত জনসমাগম দেখে প্রকাশকদের পাশাপাশি লেখকরাও বেশ খুশি। কথাশিল্পী প্রণব ভট্ট বললেন, “এবার রাজনৈতিক প্রভাব মুক্ত বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি না থাকায় মানুষ মেলায় আসার আগ্রহ পাচ্ছে।”
সানজিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। “কেমন লাগছে বইমেলা?” এর উত্তরে জানালেন, “বেশ ভাল। অন্যান্য বারের চেয়ে এবার জমজমাট বই মেলা চলছে। তবে আগের চেয়ে ছোট পরিসর এবং স্টল সংখ্যা কম হওয়ায় একটু খারাপ লাগছে।”
মেলায় আজ ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মেজর জেনারেল (অবঃ) মইনুল হোসেন চৌধুরীর ‘দেশটা কেমন করে এমন হলো’ বইটির মোড়ক উন্মোচন হয় নজরুল মঞ্চে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাশউদ্দিনের ‘গণতন্ত্রের পথেই অর্থনৈতিক সমৃদ্ধি’ বইটি মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। এই বই দু’টির প্রকাশক মাওলা ব্রাদার্স।
তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী আজ নতুন বই এসেছে মোট ৪২টি। উল্লেখযোগ্য কয়েকটি : সেলিনা হোসেনের গল্পগ্রন্থ ‘সখিনার চন্দ্রকলা’। প্রকাশ করেছে একুশে বাংলা প্রকাশনী। ড. মিজান রহমানের প্রবন্ধ ‘দূর্যোগের পূর্বাভাস’ এনেছে শব্দশৈলী, ডা. মিজানুর রহমান কল্লোলের স্বাস্থ্য বিষয়ক গ্রন্থ ‘৩৬৫ হেলথ টিপস’ প্রকাশ করেছে ঐতিহ্য।
রকিব হাসানের আনুবাদ গ্রন্থ ‘টারজান-৩’ এনেছে ঐতিহ্য, অনন্যা প্রকাশ করেছে উৎপল শুভ্রের খেলাধুলা বিষয়ক গ্রন্থ ‘বিশ্ব যখন ফুটবলময়’, অনন্ত হিরার প্রবন্ধ ‘দুই বাংলার রবীন্দ্র নাট্য ও চর্চা ও অন্যান্য’ এনেছে রিদম প্রকাশনী, সময় প্রকাশ করেছে টমি মিয়ার রান্না--বান্না বিষয়ক গ্রন্থ ‘বাঙলা বিউটিস রেসিপি’, শামসুর রাহমানের সংকলিত কাব্য গ্রন্থ ‘সেরা ২০০ কবিতা’ এনেছে মিজান পাবলিশার্স।
