২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে জমজমাট বইমেলা

হিমু ওরফে হিমালয় একজন পরিব্রাজক। হলুদ রঙের পকেটবিহীন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানোই তার কাজ। উদ্ভট কথা আর কাজ করে সে মানুষ ভড়কে দিতে পছন্দ করে। তার নাকি আজ বিয়ে। সেই বিয়ে এবং বরযাত্রা নিয়েই মেতেছিল শুক্রবার বইমেলার হিমুপ্রিয় পাঠক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিকেল চারটা না বাজতেই অন্যপ্রকাশ স্টলের সামনে সানাই আর ঢোলের শব্দ। সেই শব্দের উৎস সন্ধান করে লোকজন হুমড়ি খেয়ে পড়ল সেখানে। কী ব্যাপারÑ বইমেলায় ব্যান্ডপার্টি কেন? লোকজনের উৎসুক দৃষ্টির সামনে তখনই বেরিয়ে এল মাথায় পাগড়ি আর হলুদ পাঞ্জাবির হিমু। পাশে নব বধু। সম্ভবত মুসলিম বিয়ের ইতিহাসে এই প্রথম স্বামী--স্ত্রী দুজনে একসঙ্গে বরযাত্রায় বেড়িয়েছেন তারা। সেই যাত্রায় সঙ্গী হয়েছে পকেটবিহীন হলুদ পাঞ্জবির আরো দশ পনেরো জন হিমু।

অদ্ভুত এই দৃশ্য দেখতে পুরো মেলা ভেঙে পড়ল সেখানে। ছেলে বুড়ো তরুণ তরুণী সবাই একনজর হিমু দম্পতিকে দেখতে চায়। বরযাত্রী একবার পুরো মেলা চক্কর খেয়ে আবার এসে থামল অন্যপ্রকাশ স্টলের সামনে। লোকজনের ভিড়ে সেখানে পা ফেলা দায়।

হুমায়ূন আহমেদের হিমু বিষয়ক নতুন বই ‘আজ হিমুর বিয়ে’ প্রকাশনা উপলক্ষে এই আয়োজন অন্যপ্রকাশের। প্রচারেই প্রসার। তাই বইটি বিক্রি হচ্ছে দেদারসে। হুমায়ূন আহমেদ বইমেলায় উপস্থিত নেইতো কি হয়েছে, ক্রেতারা  বইয়ে অটোগ্রাফ নিচ্ছেন হিমুরূপী ওয়াহিদ ইবনে রেজা আর হিমুর স্ত্রী রূপী বাঁধনের।

বইয়ের প্রচারনায় এটি একটি অন্যরকম উদ্যোগ হলেও বিষয়টিকে অনেকে দেখেন বিরক্তির চোখে। অন্যপ্রকাশের পাশের স্টল এশিয়াটিক সোসাইটির জুলফিকার আলী বললেন, “এ রকম প্রচারণার কারণে আমাদের বেশ সমস্যা হচ্ছে। ভিড়ের জন্য আমাদের স্টলে লোকজন আসতেই পারছে না। তারা যদি লাইন দিয়ে বই বিক্রির একটা ব্যবস্থা করত তাহলে খুব ভাল হত।”

নাখালপাড়া থেকে এসেছেন ইসলাম দম্পতি। দুই বাচ্চা নিয়ে এমনিতেই হিমশিম খাচ্ছিলেন। বরযাত্রা--মিছিলের কারণে আরো গেলেন আটকে। বেশ বিরক্তির সুরেই বললেন, “বইমেলায় লোকজন আসে বই কিনতে, মিটিং--মিছিল করতে নয়। বইয়ের প্রচারণার জন্য এমন মিছিল অতিরিক্ত। তাদের মতো অন্যরাও যদি এমনটা শুরু করে তাহলে মেলায় আসাই যাবে না।”

ঢাকা সিটি কলেজের ছাত্রী নোভার প্রিয় চরিত্র হিমু। তাই হিমুর বরযাত্রা তাকে বেশ আলোড়িত করেছে। তবে হিমু আর তার স্ত্রীকে দেখে সে হতাশ, “আমার কল্পনার হিমুর সঙ্গে এই হিমুর কোনো মিল নেই। আর  হিমু কখনোই এই হিমুর মতো এতো মোটা না। আমরা এই হিমু দেখতে চাই না।”

এমনিতেই বইমেলা এখন ধুলায় ধুসরিত। তার ওপর বরযাত্রার  মিছিলের কারণে ধুলায় ধোঁয়াকার হয়ে গেছে চারপাশ। পানি ছিটানোর কোন উদ্যোগ চোখে পড়েনি।  লোকজন কোনরকমে নাকমুখ বাঁচিয়ে স্টলে স্টলে ঘুরছে।

শুক্রবার ছুটির দিন বলে সারাদিনই বইমেলা ছিলো লোকে লোকারণ্য। বিকেলবেলা পরিণত হয় জনসমুদ্রে। মেলায় ঢোকার লাইন টিএসসি ছাড়িয়ে গিয়ে ঠেকে শাহবাগে। তবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে একজনের পর একজনকে মেটাল ডিটেক্টরের নিচ দিয়ে ভিতরে ঢোকাচ্ছিলেন।

স্টল ঘুরে জানা গেলো বিক্রিবাট্টাও মন্দ নয়। লোকজন বই দেখার পাশাপাশি কিনছেও বেশ। সব ধরনের বইই বিক্রি হচ্ছে।

বইয়ের পাশাপাশি মেলা চত্বরে মসজিদের পাশে বসেছে ক’জন প্রতিকৃতি আঁকিয়ে। সেখানে বেশ বড় একটা সাইনবোর্ড। লাল কালিতে শোভা পাচ্ছে, ‘এখানে পাঁচ থেকে দশ মিনিটের ভেতর ছবি আঁকা হয়।’ তার নিচে শিল্পী এবং শিল্পীর মোবাইল নাম্বার। অন্যান্যবার বইমেলায় শিল্পীর সংখ্যা ছিলো একজন বা দুজন। এখন এই প্রতিযোগিতামূলক বাজারে শিল্পীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। সমান তালেই ছবি একে যাচ্ছেন তারা। শিল্পীর পেছনে এক দঙ্গল লোক। তারা গভীর মনোযোগ দিয়ে আঁকা দেখছেন। মাঝে মাঝে ছবির দোষত্র“টি ধরে ফিসফাস করে নানারকম মন্তব্য করছিলেন।

‘মোদের গরব’ ভাস্কর্যের সামনে পাঁচ ছয় জন মিলে বাচ্চাদের দুইগালে বর্ণিল রং দিয়ে লিখছিলেন ‘বইমেলা ২০০৭’। ছোটদের দেখাদেখি বড়রাও বায়না ধরছেন তাদের গালে লিখে দেওয়ার জন্য। শিল্পীরাও হাসিমুখে তুলি বাড়িয়ে ধরছিলেন তাদের গালে।

দ্বিতীয় দিনে মেলায় এসেছে বেশ কিছু নতুন বই। উল্লেখযোগ্য হচ্ছে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের শিক্ষার্থী ও শিক্ষাদাতাদের জয় হোক, মুস্তাফা মজিদ সম্পাদিত হাজং জাতিসত্ত্বা, গারো জাতিসত্ত্বা, আখতারুজ্জামান ইলিয়াসের রচনাসমগ্র ৪, ড. নওয়াজেশ আহমেদের মহাঅশ্বত্থের সন্ধানে আনিসুল হকের গোধূলি। এই বইগুলো প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। সময় প্রকাশন এনেছে মুহম্মদ জাফর ইকবালের জলমানব, আনিসুল হকের আলো-অন্ধকারে যাই, কবীর চৌধুরী অনূদিত হাইনরিখ বোলের পাগলা কুত্তা ও অন্যান্য গল্প। জাগৃতি প্রকাশ করেছে আসজাদুল কিবরিয়ার দারিদ্র পিআরএসপি ও দাতাগোষ্ঠী, রাশেদুল আনামের নজরুল জীবনে ত্রিশাল অধ্যায়। অনুপম থেকে বেরিয়েছে রুশো তাহেরের মানুষ। মুনতাসীর মামুনের ঢাকাসমগ্র- ৪ ও ড. আবুল ফজল হকের বাংলাদেশের রাজনীতি: সংস্কৃতির স্বরূপ। অনন্যা এনেছে এই দুটি বই।

আগামী এনেছে মোস্তফা জব্বারের একুশ শতকে বাংলা, বাঙালি ও বাংলাদেশ, এবিএম রিয়াজুল কবীর কাওছারের বাংলাদেশ নির্বাচন (১৯৪৭--২০০৬), মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস।