Published : 14 Feb 2026, 10:13 PM
হোর্হে কার্রেরা আন্দ্রাদের জন্ম ইকুয়েডরের রাজধানী কিতো শহরে ১৯০২ সালে। ছিলেন কবি, সাহিত্যসমালোচক, ইতিহাসবিদ, এবং কূটনীতিক। মিস্ত্রাল, নেরুদা, বোর্হেস, উইদোব্রো, পাস কিংবা বাইয়্যেহোর মতো তিনি বিপুল খ্যাতি অর্জন করেননি বটে, কিন্তু মৃত্যুর পরে তিনি এখন এদেরই মতো লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ শীর্ষ লেখক হিসেবে স্বীকৃত ও আদৃত। ১৯৭৮ সালে তিনি মৃত্যুবরণ করেন । ইউরোপিয় বহু ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে তাঁর জীবদ্দশাতেই। মার্কিন লেখকদের মধ্যে জন ম্যালকম ব্রিননিস, আর্চিবল্ড ম্যাকনিশ, কার্ল স্যান্ডবার্গ, উইলিয়াম জে স্মিথ, উইলিয়াম কার্লোস উইলিয়ামস প্রমুখ তাঁর কবিতার তারিফ করেছেন।
আন্দ্রাদের কবিতা বিষয়বস্তু নির্দিষ্ট কোনো বিষয়ে সীমাবদ্ধ ছিল না। কিন্তু প্রেমের কবিতায় তিনি ছিলেন নেরুদার মতোই আগ্রাসী ও আবেগদীপ্ত। এবং গভীর। লাতিন আমেরিকায় নেরুদা এবং আন্দ্রাদে ছিলেন প্রেমের কবিতার দুই কিউপিড যারা কেবল স্প্যানিশভাষী পাঠকদেরকেই নয়, অনুবাদের সূত্রে, অন্য ভাষার পাঠকদেরকেও প্রেমের শরে বিদ্ধ করেছেন। আজ প্রেম দিবসে থাকছে তাঁরই একটি প্রেমের কবিতার অনুবাদ। ইংরেজি থেকে কবিতাটি অনুবাদ করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। বি.স.
ভালোবাসা প্রজ্ঞার অধিক:
এ তো এক পুনর্জীবন, দ্বিতীয় জনম।
ভালো যে বাসে সে বাঁচে পুনরায়,
কিংবা সে বাঁচে দুই বার।
ভালোবাসা পৃথিবীরই সমস্টি,
আলো, গান, নিদ্রাকর্ষণ,
এমন এক বস্তুগত ফল
আমাদের সমস্ত ইন্দ্রিয় উপভোগ করে।
হে নারী, যেমন করে আকাশ প্রবেশ করে নদী-দরিয়ায়,
তুমিও প্রবেশ কর সেই মত আমার শিরায়।
তোমার শরীর এক মধুময় দুগ্ধভূমি
তৃষ্ণার্তের মতো আমি পার হয়ে যাই।
জলের মতোই শুদ্ধ তোমার মুখমণ্ডলে,
হারানো শ্রাবণঢলের উৎসের দিকে
দিবসের ভ্রমণে আমার,
আদিম ঝর্ণার জলে তৃষ্ণা মিটাই।
প্রেমের শ্রমিক আমি, অবিরাম করি যে খনন
যতক্ষণ না খুঁজে পাই অসীমের শিরা।