আমার দ্বীপান্তর
কোরবানির গরুকে গাবতলি থেকে যে-পথেই বধ্যভূমিতে নিয়ে যাওয়া হোক, তাতে বেচারির কী-ই বা তেমন যায় আসে!
এক
দ্বীপান্তরের শানে নুযুল পর্ব
ব্রিটিশ ঔপনিবেশিক যুগের পরে আমিই সম্ভবত স্বাধীন দেশের প্রথম মানুষ যাকে স্বাধীনতাকামিতার দায়ে দ্বীপান্তরে পাঠানো হয়েছিলো। (আমার আগে আর কারও সাথে এমনটা ঘ'টে থাকলে আমি খুশি মনে এই ঐতিহাসিক স্বীকৃতি তার কাছে খোয়াতে রাজি আছি!) এ-স্বাধীনতা অবিশ্যি জাতীয়তাবাদী স্বাধীনতার মতোন মহান কোনও বিষয় নয়, এ ছিলো অনেকটা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী স্বাধীনতার মামলা। বাদীপক্ষ এখানে সাম্রাজ্যবাদী কোনও সরকার বাহাদুর নয়, নেহাতই আমার মাতৃদেবী। তবে আমার ধারণা, আমার আম্মু নির্ঘাত অল্পবিস্তর শিকার হয়েছিলেন সেই প্রক্রিয়ার, যাকে আলথুসার বলেছিলেন 'ইন্টারপেলেইশন'---আমার বাবার ভাবাদর্শ দিয়ে প্রভাবিত হয়েও ভাবছিলেন, এ-ফয়সালা একান্তই তাঁর নিজস্ব, এবং সম্পূর্ণই আমার মঙ্গলার্থে। পৃথিবীতে স্বার্থচিন্তার কারণে প্রতিনিয়তই অপরাধ-অবিচার ঘ’টে চলেছে সত্যি, তবে পরার্থপরতার ভ্রমও কম অন্যায়ের জন্ম দেয় নি। ২০১২ সালে এইচ এস সি পরীক্ষার পরে, আমার বয়স যখন আঠারোর কোঠায়, আমাকে চিরকালের জন্যে পাঠিয়ে দেওয়া হয়েছিলো ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ ত্রিনিদাদে। বলা যেতে পারে, দ্বীপান্তরের অগস্ত্যযাত্রা ছিলো সেটি। অন্তত সে-সময় তেমনটাই মনে হচ্ছিলো। আমার ব’খে যাওয়া ঠেকাতে আমার প্রবাসী বাবার জিম্মায় আমার বাদবাকি শিক্ষাদীক্ষা, জীবন-জীবিকা সঁ’পে দেওয়ার সিদ্ধান্ত হলো। জানতাম, দেশে আমার জন্যে কোনো বিন্ধ্য পর্বত উবু হয়ে প’ড়ে নেই; তা-ই ব’লে এই নির্বাসনে সুখকর কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমার নির্বাসনের সঙ্গী আমার দাদিও ছিলেন। তিনি সোৎসাহেই যাচ্ছিলেন মনে হলো। যে-দেশের নামটাও তিনি ভালো ক’রে উচ্চারণ করতে পারছিলেন না, সেখানে সমাধিস্থ হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি পুলকিত ছিলেন কি? আমি ভাবছিলাম, ‘একই যাত্রায় পৃথক ফল’ একেই বলে নাকি!
ত্রিনিদাদ ও টোবেগো---এই নামটি নাইপল, লারা আর বাবার সুবাদে আমার অজানা ছিলো না। দু'টি দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি পুঁচকে দেশ, আয়তনে যা আমাদের চট্টগ্রাম জেলার চাইতে বড়ো হবে না। প্রথম দু’জনের জন্মভূমি হওয়ায় এই দ্বীপদেশের প্রতি আমার আকর্ষণ যতোটা ভীষণ ছিলো শেষের জনের বসতভূমি ও কর্মস্থল হওয়ায় এর প্রতি আমার বিরাগ ছিলো ঠিক ততোটাই প্রবল। কারণ বাবাকে আমার মোটেও সান্তা ক্লয মনে হতো না, মনে হতো মূর্তিমান টমাস দে তোর্কেমাদা কিংবা ওনার শ্মশ্রুমণ্ডিত প্রেতাত্মা! আমার ছোটবেলায় উনি যখন ঢাকাতেই থাকতেন ঘরটাকে আমার মনে হতো প্রাক-সামরিক-প্রশিক্ষণ-কেন্দ্র। ভাটিয়ারিতে যাওয়াই যেন আমার জীবনের জন্যে বেঁধে দেওয়া লক্ষ্য! নিষ্ঠুরতা, কঠোর নিয়ম-শৃঙখলা আর মতাদর্শবদ্ধতা-ই ছিলো তাঁর পারিবারিক প্রশাসনের মূলনীতি। তিনি হয়তো নিজেকে যুবরাজ হ্যামলেট ভাবতেন,
“I must be cruel only to be kind./ Thus bad begins and worse remains behind.”
“সদয় হতেই মোরে নির্দয় হতে হয়।/অতেব জন্ম হয় মন্দের এবং মন্দতর নেপথ্যে পড়ে রয়।”
(হ্যামলেট, তৃতীয় অঙ্ক, চতুর্থ দৃশ্য)।
দুঃখজনক হলো, নিজের স্নেহ বা দয়া-দাক্ষিণ্যকে তিনি এমন কৌশলেই ‘দরকারি নিষ্ঠুরতা’ দিয়ে মুড়ে রাখতেন যে তার সন্ধান আমি পেয়েছি ব’লে মনে পড়ছে না। কিংবা আমি হয়তো তখনো তেমন সূক্ষ্মদর্শিতা অর্জন ক’রে উঠতে পারি নি। মার্ক্সবাদী ছাত্রনেতা থেকে আচমকা ধর্মীয় মৌলবাদী হয়ে উঠেছিলেন তিনি। কোনও এক পরাবাস্তব জগতে স্ট্যালিন যদি হঠাৎ খোমেনি হয়ে পড়তেন তাহলে কেমন হতো সেটা আমার বাবার দৌলতে খানিকটা টের পেয়েছিলাম! এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে কিভাবে আমার এই দ্বীপযাত্রা আদপে ছিলো দ্বীপান্তর! এস এস সি-র পরে এইচ এস সি-তেও জিপিএ ফাইভ পাওয়া সত্ত্বেও বাংলাদেশের আর কেউ তার মায়ের দ্বারা এহেন দণ্ডাদেশপ্রাপ্ত হয়েছে কিনা সন্দেহ। শুধু তা-ই নয়, এমনই সুবোধ ছিলাম আমি যে, আড্ডাবাজি, মাদকসেবন, সিগ্রেটাসক্তি তো দূরের কথা ঘর থেকেই পারতপক্ষে বেরোতাম না। আজীবন রাজধানীতে বাস ক’রেও আমি নিউমার্কেট ও শাহবাগের বইয়ের দোকান আর বইমেলা ছাড়া অন্য কিছুই তেমন চিনতাম না। লুকিয়েচুরিয়ে, মাঝেমধ্যে আম্মুকে জানিয়ে, অন্ধের মতো হাতড়ে-হাতড়ে, ঠোকর খেয়ে, দু’একবার যে এদিকে-সেদিকে, দূর-দূরান্তে চ’লে যাই নি, তা নয়, তবে সে নেহাতই সাহিত্যের টানে, অন্য কিছুর জন্যে নয়। তারপরেও আমার কাল হলো প্রকৃতপক্ষে আমার অবাধ্যতা, তর্কপ্রবণতা ও ভিন্নমতাবলম্বিতা। আম্মুর অপছন্দ ছিলো গ্রিক অ্যাপোরিয়া বা তর্কবিমূঢ়তা আর আমার অপছন্দ ছিলো নির্বুদ্ধিতা। যা-ই দেখছি, শুনছি তার সবই একান্ত বাধ্য ছেলের মতো মেনে নেওয়াতে আমার ছিলো নিদারুণ আপত্তি। তার ওপর, পাঠ্যপুস্তকের প্রতি আমার তীব্র বিতৃষ্ণাও, পরীক্ষার আগের ক’দিন ছাড়া যেসব আমি ছুঁয়েও দেখতে চাইতাম না, যা ছিলো তাঁর আশঙ্কার অন্যতম কারণ। হাতের চেয়ে আম তো ইতোমধ্যেই বড়ো হয়ে গেছে এখন সেটা পচে না যায়---এই ছিলো তাঁর আশঙ্কা। (আম্মুর মুখে আমসংক্রান্ত প্রবচনটি শুনে শুনে আমার সেই বয়সেই দৃঢ় বিশ্বাস জন্মেছিলো যে, জনতার পিঠে যে-আমটি চাপানো হয়ে থাকে সেটি নিছক আরবি আম নয়, এর গূঢ়তর ব্যঞ্জনা নিহিত রয়েছে বাংলা আমে, অর্থাৎ অন্যের হাতের আম হয়ে রয় যে-জনতা তাকেই বলা হয় আম-জনতা! ) এস এস সি-র সময়ে আমি ত্যক্ত-বিরক্ত হয়ে বাংলাদেশের পাঠ্যপুস্তকের অভিনব নামকরণ করেছিলাম, কেবল একটি চন্দ্রবিন্দু যোগ ক’রে---'পাঁঠ্যপুস্তক' অর্থাৎ পাঁঠা কর্তৃক রচিত-অনুমোদিত এবং পাঁঠা দ্বারা ভক্তিসহকারে পঠিত পুস্তক! (আফসোস, সে-ধারণা আমার আজও খুব একটা বদলায় নি, অবিশ্যি এ-ক'বছরেই তা আমূল বদলে যাওয়ার কথাও নয়, যদিও শুনেছি কিছু কিছু সরকারি পুস্তক সেই অদৃশ্য চন্দ্রবিন্দু ঝেঁড়ে ফেলার প্রকল্পে ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে।) আম্মু আমার পাঠ্যবই ছিনিয়ে নিয়ে বোর্ডের ‘অ’-পাঠ্য বই পড়ায় বসতে বললে কখনো-সখনো আমি আচ্ছা মতো আমার পাঁঠাতত্ত্ব শুনিয়ে দিতাম। ভাবতাম, জব্দ হয়েছেন বেশ। কিন্তু ঐরকম লঘু পাপে আমার যে এমন গুরু দণ্ড হবে, তা ভাবতে পারি নি। ব্লাস্ফেমি করেছিলাম কি?
তাঁর ফয়সালা যতো 'অমানবিক'ই হোক, আমার মা তো শেষ পর্যন্ত মানুষই ছিলেন! বিমান উড়ান যে-দিন তার আগের রাত থেকে শুরু হয়েছিলো মায়ের প্রায় একটানা কান্না---- ঈষৎ ধ্রুপদী সুরে আর ঢঙে, অস্ফুট স্বরে যেন তিনি গাইছিলেন কোনও এক অশ্রুতপূর্ব মর্মান্তিক অপেরাসংগীত। সে-দিন দুপুরবেলা আমার জন্যে রান্না হয়ে এলো আমার পছন্দের বিরিয়ানি। সম্ভবত রান্নাটা আম্মু ক’রে উঠতে পারেন নি শোকের আতিশয্যে, করেছিলেন মামি। মায়ের কান্না, মামির রান্না আর আমাকে নিয়ে যাওয়ার জন্যে দেশে ফেরা বাবার জল্লাদের মতো ভাবলেশহীন চেহারা নিয়ে নির্দিষ্ট ছন্দে এঘর-ওঘর পদচারণা দেখে আমার কেবলই নিজেকে মনে হচ্ছিলো ফাঁসির আসামি---এই দ্বীপান্তর কার্যত আমার ব্যক্তিসত্তার মৃত্যুদণ্ডই ছিলো বৈকি! কোথায় সেই শক্তি পেয়েছিলাম জানি না---তখনও আমার কামুর উপন্যাস পড়া হয় নি---আমি যাত্রাপূর্ব গোটা সময়টা ছিলাম অনেকটা ম্যাখসো-র মতো নির্লিপ্ত; বিছানায় শুয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আমার প্রথম প্রকাশিত বইটি------রোয়ল্ড ডাল-এর মাতিলদা। অজৈব মৃত্যুর আগেই আমার অন্তত একটি কাজ প্রকাশিত হোক এই বালকসুলভ আকাঙ্ক্ষার ফলে তুমুল তাড়াহুড়োয় শেষ করেছিলাম সেই অনুবাদ। সময়মতোই প্রকাশিত হয়েছিলো বই, ঠিক দ্বীপান্তরের ক’দিন আগেই, রোদেলার রিয়াজ ভাইয়ের বদান্যতায়। তবে স্বভাবতই তখনকার অস্থির দৃষ্টিকে বেমালুম ফাঁকি দিয়ে বেশ কয়েকটা ত্রুটি তাতে রয়ে গিয়েছিলো। সেইসব ত্রুটি একটা-দু’টো চোখে পড়ছিলো তখন, আর আমি এই ভেবে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছিলাম যে, আমার মারাত্মক দীর্ঘসূত্রিতার নিদান হিশেবে দ্বীপান্তরের চোখ রাঙানি সত্যি অদ্বিতীয়!
অবিশ্যি বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আরও একটি কাজে এতোই নিবিড়ভাবে লিপ্ত ছিলাম যে, চলমান ও ঘনায়মান বিপর্যয়ের প্রতি নির্লিপ্ততা অর্জন তাতে বেশ সহজ হয়েছিলো। আশৈশব সংগ্রহ করা আমার রাশি রাশি বইয়ের মধ্যে কোন কোনটিকে যাবজ্জীবন নির্বাসনের সঙ্গী করবো তা স্থির করার কাজ সেটি। এক তিল অত্যুক্তি করছি না---'সোফির বাছাই' যে-বেদনায় অসাড়-আচ্ছন্ন ছিলো তেমন বেদনাই আমি সেসময় বোধ করেছি। ইংরেজি ভাষার বইগুলো ওই দেশ থেকে ফের জোগাড় ক’রে নেওয়া যাবে হয়তো, কিন্তু বাংলাগুলো কোথায় পাবো! কাজেই শুধু বাংলা বই-ই নিয়েছিলাম সাথে। তা-ও অল্প কয়েকটির বেশি নেওয়ার উপায় ছিলো না! অভিধান, শব্দকোষ জাতীয় যতোগুলো বই প্রয়োজনীয় ছিলো সেসব নেওয়ার পরে নির্ধারিত ওজনসীমা রীতিমতো হুঁশিয়ারি শুরু করেছিলো। তারপরেও যে-ক’টি বই নিয়েই ঢাকা ছেড়েছিলাম তার মধ্যে শুধু তিনটির কথাই মনে করতে পারছি। হুমায়ুন আজাদ সম্পাদিত বাংলা ভাষা বিষয়ক প্রবন্ধসংকলনের দু'টি ঢাউস খণ্ড আর প্রেমাঙ্কুর আতর্থীর মহাস্থবির জাতক নামের আত্মজীবনী, যেটিও কম ঢাউস ছিলো না। আমার সাথে পরের বইটির সফর হয়তো কিংকর্তব্যবিমূঢ়তাজনিত অচলাবস্থা নিরসনে আমার মরিয়া হয়ে ওঠার ফল। নাহলে এতো বই থাকতে এইটিই কেন?! তবে আত্মজীবনী/স্মৃতিকথার প্রতি আমার যে-দুর্বলতা ছোটবেলা থেকেই ছিলো সেটিও এই আকস্মিক চয়নের জন্যে দায়ী হ’তে পারে। এসব লেখার একটা কৌতূহলোদ্দীপক দিক হচ্ছে এই যে, কল্পসাহিত্যিক মাত্রই গল্প বলতে বলতে জীবন-জগতের কিছু কিছু প্রগাঢ় অথবা টলটলে সত্য উন্মোচন ক’রে থাকেন, অর্থাৎ মিথ্যার মধ্য দিয়ে সত্যের প্রকাশ ঘটান বটে, তবে তারাই আবার নিজেদের জীবনালেখ্যে গিয়ে অখণ্ড সত্যের ছলে আংশিক সত্য, অর্ধসত্য, এমনকি অনেকে নির্জলা মিথ্যাও লিখে চলেন অনর্গল! যিনি আপাত মিথ্যার মাধ্যমে আপাত-আপতিক ও পরম সত্য প্রকাশে সক্ষম, তিনি পরম সত্যের আদলে চরম মিথ্যা প্রচারেও পারঙ্গম---সূত্রটি মাথায় ঢোকার পর থেকে এ-ধরনের রচনা পড়তে আমি বাড়তি উত্তেজনা বোধ করেছি সবসময়; তখন কখনও নিজেকে মনে হয় ফ্রয়েড, কখনও ফাদার ব্রাউন, আবার কখনও গ্যারি ক্যাসপারভ। কল্পসাহিত্যে পাঠকের জন্যে সত্যটা উপলব্ধির বিষয় হয়, আর স্মৃতিসাহিত্যে (এর ইতিহাস গুণের কারণে) সাধারণত হয়ে থাকে আবিষ্কারের বিষয়; সবসময় মিথ্যা নয়, বরং কখনও-কখনও একটি সত্যকে দিয়েও ঢেকে দেওয়া হ'তে পারে আরেকটি সত্য, অগুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় সত্যকে দিয়ে তাৎপর্যবহ অপ্রিয় সত্য। তাছাড়া, সবই যে ছলাকলাপ্রাণিত তা নয়; অবিমিশ্র সত্য প্রকাশ বা ঘটনার অবিকল বিবৃতি বা পুনরাবৃত্তি মানুষের ধাতে নেই। বলা যায়, তার এই প্রকৃতিগত সীমাবদ্ধতা তার সৃজনশীলতার অন্যতম স্বয়ংক্রিয় সর্বজনীন অনুঘটক। স্মৃতিকথায় সত্যবিচ্যুতি শনাক্ত করা শক্ত তো বটেই, তার চাইতেও বেশি দুরূহ সেখানে এই স্বয়ংক্রিয় অবচেতন সৃজনশীলতা আর অভিসন্ধিমূলক সচেতন মিথ্যাচার বা সত্যবিকৃতিকে ফারাক করা। (আমার এইসব পর্যবেক্ষণের আওতার অতীত আমি নিজেও যে নই, সেই সম্পর্কে বেশ ওয়াকিবহাল রয়েছি, এবং, সত্যি বলতে কী, আমি অনিবার্যভাবেই পাঠকের সত্যান্বেষণের যোগ্যতার ওপরে নির্ভর ক’রে আছি পুরোপুরি!)
এইখানে ন্যায্যতার খাতিরে আরও একটি কথা ব’লে রাখা উচিত মনে করছি: আমার বাবা দুঃশাসনের ধনুর্বাণ না চালালেও বিধিনিষেধের তাম্রশাসন ঠিকই জারি রাখতেন, কিন্তু বই পড়ার প্রতি, লেখালেখির প্রতি ভালোবাসাটিও সেই তিনি-ই এককালে আলগোছে গেঁথে দিয়েছিলেন আমার মনের মধ্যে। কখনও ধমক দিয়ে বলেন নি বই পড়তে, যেমন অন্যান্য ক্ষেত্রে হরহামেশাই করতেন; জীবিকার কাজ সেরে বাড়ি ফিরে একটু খেয়ে-দেয়ে বেশিরভাগ সময় নিজে শুধু বই পড়েছেন আধশোয়া হয়ে। সেই চিত্রার্পিত পাঠকটিকে দেখে আমি নিশ্চয়ই জল্পনা করেছি কী এমন ক্ষীরসাগর থাকে ওই দুই মলাটের আড়ালে যাতে তাঁর মতোন ‘কাটখোট্টা’ ব্যক্তি স্নায়ুতে সারা দিনের শ্রান্তি নিয়েও প্রায় রাতভর মন্থন ক’রে যান সেখানে! সেই দৃশ্য দেখেই নিশ্চয়ই আমার অপরিণত মনে জেগেছিলো পাঠক হওয়ার প্রথম সাধ; অতঃপর আমার অর্বাচীন চেতনা পেয়েছিলো বই পাঠের প্রথম স্বাদ। পাঠের অপার পারাবারে ধীরে ধীরে হারিয়ে গিয়েছিলো রম্ভা, মেনকা, ঐরাবত, পারিজাত আর কল্পতরু না পাওয়ার খেদ! লেখালেখির স্পৃহার কথা যদি বলি, সেটাও তিনিই বইয়ে দিয়েছিলেন বিদ্যুৎ ক’রে আমার স্নায়ুতন্ত্র জুড়ে। নাক টিপলে দুধ বেরোয় অমন বয়সে আমার জন্যে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতাকারী সুলতান হুসেন শাহ ছিলেন তিনি---‘পুষ্প’তে লেখা ছাপা হ’লে রীতিমতো কলাম প্রতি দুইশো টাকার প্রণোদনা ঘোষণা করেছিলেন (পুষ্প ছিলো আমার ছোটবেলাকার মাদ্রাসা থেকে কচিকাঁচাদের জন্যে প্রকাশিত মাসিক পত্রিকা)। রোয়ল্ড ডাল ও মাতিলদার সাথে আমার পরিচয়ও ঘটে তাঁর সুবাদেই। তিনি বিদেশ থেকে আমার জন্যে বইটি নিয়ে এসে সেটি পড়ার জন্যে আমাকে উদ্বুদ্ধ না করলে হয়তো অতো অল্প বয়সে অনুবাদের ভূত আমার মাথায় চাপতো না। আমি জোর গলায় এইটুকু বলতে চাই, হিটলার যতোটা চিত্রশিল্পী ছিলেন, আমার বাবা তার চাইতে অনেক বড় পাঠক ছিলেন (দুই-চারটি বইও তিনি লিখেছেন)। হিটলার প্রচুর নাৎযি তৈরি করেছিলেন, আর আমার বাবা একজন হ’লেও আপাদমস্তক মগ্ন পাঠক তৈরি করেছেন। এই একটি কারণে তাঁর অনেক জোরজুলুম ক্ষমা ক’রে দেওয়া যেতে পারে!
বাংলাদেশের ইমিগ্রেশন নির্ঝঞ্ঝাটে পার হলাম কথাটা বলতে পারতাম যদি আমার দাদি তার নিজ হাতে আধ-সেদ্ধ করা গোটা কয়েক ডিম আর সূচিকর্মের সুঁই-কুরুশের মায়া ত্যাগ ক’রে আসতে পারতেন। দেখা গেলো আমার বাবার বার কয়েকের যাত্রাপূর্ব খানাতল্লাশে ওনার অপরাপর নিষিদ্ধ দ্রব্য ধরা পড়লেও এই দু’রকম বস্তু উনি ঠিকই কোন ফাঁকে ব্যাগে গলিয়ে নিয়েছেন এবং যথারীতি স্ক্যানযন্ত্রের শ্যেনদৃষ্টিকে ফাঁকি দিতে ব্যর্থ হয়েছেন। ফলে কাস্টমসের লোকেরা আমাদের ব্যাগ তো তোলপাড় করলোই, তার ওপরে এমন ভাবে দু’আঙুলে টিপে শাদা-খয়েরি ডিম আর চকচকে সুঁইটুই বের করে আনলো যেন সনিক গ্রেনেড আর কমান্ডো ছোরা আবিষ্কার ক’রে বসেছে। অবিশ্যি অল্প-সল্প হাসাহাসির পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো।
আমরা যাচ্ছিলাম চোদ্দ-পনেরো হাজার কিলোমিটার দূরে, ত্রিনিদাদ ও টোবেগো নামক দ্বীপরাষ্ট্রের ত্রিনিদাদ নামক দ্বীপে---দুবাই, ফ্র্যাঙ্কফুর্ট, বার্বাডোয, টোবেগো হয়ে, বার তিন-চারেক বিমান বদল ক’রে, এমিরেটস ও কনডোরসহ তিন-তিনটে বিমান পরিবহণ সংস্থার সেবা গ্রহণ ক’রে। কপালে ব্রিটিশ ট্রানযিট ভিসা জোটে নি ব’লে জার্মানি হয়ে একটু ঘুরপথেই যেতে হচ্ছিলো। তাতে আমার বিশেষ কোনও আপত্তি ছিলো না, বরং ‘শাপে বর’ হয়েছে মনে হচ্ছিলো---‘বাড়ির কাছের’ ব্রিটেনের চাইতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আমার কাছে ঢের ভিনদেশীয় ও আকর্ষণীয় লাগছিলো। তথাপি, কোরবানির গরুকে গাবতলি থেকে যে-পথেই বধ্যভূমিতে নিয়ে যাওয়া হোক, তাতে বেচারির কী-ই বা তেমন যায় আসে! সেই বিমানযাত্রা ছিলো দীর্ঘ ও ক্লান্তিকর, তবে একঘেয়ে বলা যাচ্ছে না কারণ প্রায় সব ক’টি উড়ানেই আমি জানালাবর্তী আসনটি নিতে পেরেছিলাম, যার ফলে বিমানের ভেতরবাহিরের খুব কম মনোহর দৃশ্যই আমার দৃষ্টি এড়াচ্ছিলো; তাছাড়া, দ্বীপান্তরিত হচ্ছিলাম ব’লে জীবনের প্রথম উড়োজাহাজ ভ্রমণের রোমহর্ষণ একেবারেই বোধ করছিলাম না বললে মিথ্যাবাদিতা হয়ে যাবে। তবে উড়োজাহাজের বাইরে ভ্যানিলা আইসক্রিমের যে ঢেউ-খেলানো স্তূপমালা একটা পর্যায়ে দৃষ্টিকে হিমায়িত ক’রে ফেললো, তারপর সংক্রামিত করলো মস্তিষ্ককেও সেখানেই হঠাৎ নিজের মগজকে প’ড়ে থাকতে দেখলাম। চোখ কচলে নিতে যাবো ঠিক সেসময় বাঁ-পাশ থেকে কানে এলো উচ্ছল কিন্তু প্রৌঢ়তা-ভেজা হাসির আওয়াজ। তাকিয়ে দেখি উড়োজাহাজের বারোয়ারি পর্দায় থ্রি- স্টুজেসের কাণ্ডকারখানা চলছে আর আমার বাবা বিভোর হয়ে হাসছেন, দুলছে তাঁর দাড়ি; তাঁর কষ্ট-কঠোর চেহারাটি আর চেনা যাচ্ছে না। আমি হাঁ হয়ে সেই অভূতপূর্ব রূপ দেখতে থাকলাম। অবশেষে যখন টোবেগোতে নামলাম কন্ডোরের বিমানে ক’রে ততোক্ষণে বেলা গড়িয়ে মোলায়েম সোনালি আলো ছলকাচ্ছে চারিদিকে। বাতাসে ক্যারিবিয়ানের ঘ্রাণ। কেমন মৃদু মাদকতাপূর্ণ। চেনা চেনা লাগলো হাওয়ার ছোঁয়া, তাপমাত্রার হাল-চাল। আমার কেন যেন মনে হলো বাংলাদেশ থেকে আরেক বাংলাদেশে এসে নেমেছি---ব-দ্বীপ থেকে দ্বীপদেশে, এ-জন্যেই কি? মানুষগুলোকে তখনো আমি খেয়াল ক’রে উঠতে পারছিলাম না। কারণ আমি তখনো ঝুলে আছি কর্কটক্রান্তি রেখার কোনো একটি বিন্দু ধ’রে। ঘোরের ভেতরেই শেষ উড়ানে গিয়ে বসলাম। ছোট্ট একটি প্লেন। অভ্যন্তরীণ চলাচলের জন্যে। টোবেগো থেকে ত্রিনিদাদ যাবে, যেখানে আমাদের চূড়ান্ত গন্তব্য। চারপাশের সোনালি মোলায়েম আলোয় ততোক্ষণে কোত্থেকে এসে মিশেছে অপার্থিব রক্ত, বেশ ঝাপসা হয়েছে চারপাশ। কোলের ওপরে রাখা বইয়ের ব্যাগ জড়িয়ে আমি তাকিয়ে আছি এক ছিপছিপে কৃষ্ণাঙ্গীর ঠোঁটের দিকে। সেই ঠোঁটের অধিকারিণী, উদ্বিগ্ন বিমানবালা এক রাশ আশঙ্কা চোখে দেখছে আমার পেটমোটা ব্যাগটিকে, যেটির সংকুলান করা যায় নি মাথার ওপরকার হালকা মালামাল গোঁজার খোপে। তার থিরথিরে ঠোঁটটিকে দেখে আমার মনে পড়লো টুনি মেমের কথা, এবং মনে পড়লো যে মুজতবা আলীকে ফেলে এসেছি বাংলাদেশে!
চলবে
