২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমা নাসরিনের দুটি কবিতা

তসলিমা নাসরিন তসলিমা নাসরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 07:26 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

সমুদ্র

কত কিছু দেখেছে জীবনে মা,

কত কলহ কোন্দল,

কত ঘৃণা,

কত স্বার্থপরতা প্রতিদিন।

কত কিছু মা’কে দেখতে হয়েছে

কত গালাগালি, কত থুতু, কত লাথি ঝাঁটা!

সমুদ্রই দেখা হয়নি মা’র, কোনও একটা যেন তেন সমুদ্র।

কত কিছু শুনতে হয়েছে মা’কে

কত মন্দ কথা!

কত কষ্ট পাওয়া, কত দুঃখ পাওয়া!

কত লজ্জায় মরে যাওয়া!

সমুদ্রের একটুখানি শব্দই শোনা হয়নি মা’র,

মা যদি একবার সমুদ্র দেখতে পেত!

একবার যদি মা সমুদ্র দেখতে পেত!

সমুদ্র যদি একবার প্রাণ ভরে দেখতে পেত মা!

বড় কিছুর  কাছে এলে বেদনাগুলো শুনেছি

একটু একটু উড়ে যেতে থাকে, ভেসে যেতে থাকে

হাওয়ায় বা স্রোতে বা চোখের জলে।

মা বেঁচেছিল অনেকগুলো বছর,

অনেকগুলো বছর মা বেঁচেছিল,

সমুদ্র কাছেই ছিল।

এই ব্রহ্মাণ্ড আমার

এই ব্রহ্মাণ্ড আমাকে জন্ম দিয়েছে,

এর যাবতীয় কিছুর ওপর মহাশূন্য সমান অধিকার আমার।

আমি কারও পাকা ধানে মই দিচ্ছি না,   

কারও মাথায় পাথর ভাঙছি না।  

কারও কিছু ছিনিয়ে নিচ্ছি না।

কাউকে ধর্ষণ করছি না।

হত্যা করছি না।

তুমি কে হে আমাকে বলার আমি কোথায় যাবো কোন পথে যাবো,

কী   বলবো! কী কথা, কীভাবে!  

কী দেখবো কখন,

কী সব শুনতে বারণ, কী কী শোনা যাবে,

কার সঙ্গে চলবো, কাকে এড়াবো!

মহাশূন্য সমান স্বাধীনতা আমার,

আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে থেকো না,

গ্রহ নক্ষত্র অভিশাপ দেবে,

ছায়াপথ অভিশাপ দেবে,

রাতের তারাগুলো দেবে,

চাঁদ দেবে,

আমি দেবো।

ব্রহ্মাণ্ডকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি  বাঁচতে চেও না।