কুমিল্লা থেকে অপহৃত মাদরাসা ছাত্রী ১৬ দিন পর উদ্ধার
ভুক্তভোগী ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করার পর তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জ থেকে অপহরণের ১৬ দিন পর মুন্সিগঞ্জ থেকে এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জের ভবেরচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে রাতে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, মনোহরগঞ্জের একটি মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রী (১৪) কে একই উপজেলার সাইকচাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে পারভেজ আলম (১৯) প্রতিনিয়ত প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করত।
এক পর্যায়ে গত ১ মে ওই ছাত্রীকে অপহরণ করে পারভেজ ও তার সহযোগীরা। পরে ৯ মে ছাত্রীর মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় পারভেজসহ চারজনের নামে অপহরণের মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বুধবার পারভেজের ভাই ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করার পর তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ফারুককে জেল হাজতে পাঠানো হয়েছে। পারভেজসহ অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।
