কয়েক টুকরো সুইজারল্যান্ড
মাউন্ট পিলাটুস-এর চূড়ায় লেখক
সুইজারল্যান্ড দেশটা যে সত্যিই অন্যরকম–মানে অন্তত ইউরোপের অন্য প্রতিবেশীদের চেয়ে–তা বোঝা গেল জুরিখে পা দিয়েই। এত নামডাকঅলা শহর–কেতাবি ভাষায় রীতিমত নগরী–কিন্তু বড় দালানকোঠা আর ভিড়ের কোনো আভাস মিললো না শহরকেন্দ্রের অদূরের এয়ারপোর্ট থেকে। প্রায়-নির্জন বিমানবন্দরের ভেতরে ভিক্ষে করতে বসা তামাটে চামড়ার বাঁশুরিয়া আরেক চমক। তার পরনে দক্ষিণ আমেরিকার আদিবাসীদের পোশাক বিস্ময়ের ঘোরটায় আরেকটি মাত্রা যোগ করে।
জুরিখকে ভালো লেগে গেলো প্রথম দেখায়। দুনিয়ার সবচেয়ে গিজগিজ ভিড়ের দেশের মানুষ এ ভ্রমণকেচ্ছা লেখকের জনবিরল জায়গামাত্রই অবশ্য ভালো লাগে।
বিমানবন্দর থেকে আমাদের তিন বন্ধুকে রিসিভ করে নিয়ে গেলেন চটপটে প্রবাসী এক যুবক ইকবাল। পথে দেখলাম কয়েকদিন আগে ঝরা তুষারের ছিটেফোঁটা। তবে পাহাড়ে গেলে মেলাই তুষারের ভরসা দিলেন ইকবাল। আমাদের জন্য হোটেলও তিনি ঠিক করে রেখেছিলেন ইতিমধ্যে। ব্রিটেন থেকে বেড়াতে যাওয়ায় আমাদেরকে বোধহয় 'লন্ডনী' ভেবে মোটামুটি দামি হোটেল ঠিক করেছিলেন ইকবাল। ট্যাকের জোর টেনেটুনে ব্যাকপ্যাকারের তা বলাবাহুল্য মনে করে তাকে জানানো হয়নি আগে থেকে। হোটেল বদলের পাঁয়তারা নিয়ে বেশ মজাও হয়েছিল। সে আরেক কাহিনী।
ধপধপে সাদা এক বাড়িতে হোটেল সিফেল্ড। দেশজুড়ে শাখা এই হোটেল চেইনের। দুই, তিন বা চার তারা যে কোনোটাই হতে পারে। একেবারে ঝকঝকে তকতকে। নিচে বার আর লাউঞ্জটাও দারুণ। বিখ্যাত 'সুইস হসপিটালিটি'র নমুনা দেখা শুরু হলো এখান থেকেই।
যতদূর মনে পড়ে হোটেলের পায়ে হাঁটা দূরত্বে এক লেক। তল্পিতল্পা রেখে একটু ধোপদুরস্ত হয়ে বেরিয়ে পড়া হলো। লিখতে বসেছি বছর কয়েক আগের কাহিনী। স্মৃতি মাঝেই মাঝেই শত্র"তা করবে সেটা সদয় পাঠককে আগেই জানিয়ে রাখছি।
লেকের পথে পড়লো পোর্শে গাড়ির এক শো রুম। লন্ডনের রাস্তায় নামিদামী গাড়ির দেখা হামেশাই মেলে। কিন্তু পোর্শের জন্মস্থানের প্রায় ঘাড়ের ওপর এসে তা দেখার একটা আলাদা ভাব আছে। প্রায় বলছি এজন্য যে, জার্মানী প্রতিবেশী দেশ। আর চারদিকে জার্মান ভাষার এত ছড়াছড়ি যে এই অর্বাচীন লেখকের ধারণা অভিজ্ঞ লোক না হলে যে কোনো সুইস শহর বা গ্রামকে জার্মানি বা অস্ট্রিয়া বুঝিয়ে দেওয়া কোনো ব্যাপার না মনে হয়।
লেক বেলভেডিউর (আশা করি নামটা ঠিক) চারপাশে সবুজ, পার্কমতো জায়গা। নানান পাখি উড়ে বেড়াচ্ছে বা সাঁতার কাটছে লেকে। মানুষের ভিড় নেই বললেই চলে। কাছাকাছি মনোরঞ্জনের নানান উপকরণের মধ্যে আছে একখানা ছোটখাটো ক্যাসিনোও!
ইউরোপ-আমেরিকার শহরগুলো, বিশেষ করে বড় জায়গাগুলো বেড়াতে গেলে সবচেয়ে বড় সমস্যা মনে হয় দ্রষ্টব্যগুলো ঠিক করা। কী রেখে কী দেখি! সে সমস্যা এখানেও হলো। ট্যুরিস্ট গাইডে শুধু যেসব যাদুঘর আর গ্যালারির বর্র্ণনা ছিল তা দেখতেই হয়তো কম করে এক মাস লাগবে। তা হলে আর বাকি শহর দেখার কী হবে!
আর্ট গ্যালারির ছড়াছড়ি ইউরোপের অন্যতম প্রধান চিত্রকলা কেন্দ্র জুরিখে। জাদুঘরের সংখ্যা ৫০-এর বেশি! 'আর্ট মাইল' হিসেবে পরিচিত রামিসট্রাস সড়কে গায়ে গা লাগিয়ে একেকটি আর্ট গ্যালারি! আমাদের আবার জুরিখের বাইরেও অন্তত একটি শহর বা কান্ট্রিসাইড দেখার ইচ্ছা। সময় সাকুল্যে এক সপ্তাহ। শুরুর আগেই তাই কী কী দেখা হবে না ভেবে হতাশ লাগলো। কী বলা যায় এ সমস্যাকে? কনফার্মড নৈরাশ্যবাদী বাংলাদেশী সিনড্রোম? আরে ভাই, হতাশ না হয়ে উপায় কী? সুইজারল্যান্ডে কি রোজ রোজ যাওয়া যায়!
রাতের আড্ডায় ইকবাল আর তার বন্ধুদের সঙ্গে বসে ঠিক হলো মোটামুটি একটা ভ্রমণসূচি। জুিরখের বাইরে আমরা যাবো রাইন ফল্স আর লুজার্ন শহরে। নাম শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে রাইন নদীর ওপর এক প্রপাত রাইন ফলস! জায়গাটা জার্মান সীমান্তের খুব কাছেই। আড্ডার একজন বোধহয় বললেন, জার্মান মাটি দেখাও যায় সেখান থেকে।
লুজার্ন সম্পর্কে ভ্রমণ গাইডের বক্তব্য, সুইস প্রাকৃতিক সৌন্দর্যের সেরা নমুনা মিলবে ওখানেই।
লুজার্নেরও আরেক আকর্ষণ সাত হাজার ফুট উঁচু মাউন্ট পিলাটুস। পর্বতারোহী হওয়ার দরকার নেই, পাহাড়ের নিচ থেকে এক্কেবারে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আছে কেবল কার। কেবল তাই নয়, গ্রীষ্মে পিলাটুসে যায় রেলগাড়িও, যা বিশ্বের সবচেয়ে উঁচু অথবা ঢালু পথে চলা 'কগহুইল' ট্রেনও। মানে একেবারে সুপারলেটিভ ডিগ্রির ছড়াছড়ি এই এলাকায়!
কেবল কারের যাত্রা শুরু হলো
সবার আগে আমরা অবশ্য শহরটা ভালো করে ঘুরে দেখবো বলে ঠিক করেছিলাম। ঠিক বেছে বেছে নয়, ইতস্তত বিক্ষিপ্ত ঘোরাঘুরিই হলো বেশি। জুরিখকে বলা হয় ফোয়ারার শহর। ছোটবড়ো মিলিয়ে বোধহয় হাজারের বেশি। চোখে পড়লো নানা গড়নের কয়েকটি। শহরের ট্রাম সার্ভিসটা অসাধারণ দক্ষ বলেই মনে হলো। যদিও ডয়েশ ভাষার অত্যাচারে স্টেশনগুলো বুঝতে না পারায় ঠিক স্বস্তি পাওয়া যাচ্ছিল না। একবার ইচ্ছে করেই অনেকদূর গিয়ে নেমেছি ট্রাম থেকে। তারপর হেঁটে আশেপাশে কিছু ঘোরাঘুরির পর আবার স্টেশন খুঁজে পেতে দফারফা। জনবিরল পথ। প্রায় ওঁৎ পেতে থেকে স্থানীয় একজনকে ধরলাম। এক অক্ষর ইংরেজি জানেন না। শুধু ডান-বাঁ, সামনে-পিছে গোছের পরামর্শ হলেই চলতো আমাদের। মিনিট দুই চেষ্টা চালালাম। কিন্তু আমাদের ইংরেজির উত্তরে প্রবল উৎসাহ এবং সহৃদয়তা নিয়ে ডয়েশের ঝড় তুলে গেলেন মাঝবয়সী সে লোক। এতদিন পর লিখতে বসে এই মুহূর্তে একটা ভাবনা এলো: ইচ্ছে করে ফাজলামো করেননি তো ভদ্রলোক? প্যারিসিয়ানদের অনেকে জানা থাকলেও দিগভ্রান্ত বিভাষী পথিককে নাকি পথ বাতলান না 'দোকানদারদের ভাষা' ইংরেজি, এমনকি ভুলভাল ফরাসীতে প্রশ্ন করলেও। সেরকম কিছু নয় তো?
কিন্তু সাধারণভাবে গোমড়ামুখো মানুষের দেশটিতে তার মুখে যে উৎসাহের উষ্ণতা দেখেছিলাম তার ব্যাখ্যা তবে কী? বেচারা নিশ্চয় ইংরেজি জানেন না। এ-ও তো অনেকেই জানেন, ইউরোপের আম জনতা ইংরেজির ধার বড়ো একটা ধারেন না, নিজেদের মেরুদন্ড যথেষ্ট শক্ত বলে।
জুরিখের অন্যতম দেখার বিষয় শহরের একটি প্রশস্ত সড়ক। ইউরোপের সবচেয়ে সুন্দর বিপনী সরণিগুলোর একটি হিসেবে দাবি করা হয় একে। দাবিটা বোধহয় যথেষ্ট যুক্তিসঙ্গত। বানহফস্ট্রাস নামে ওই সড়ক বিশ্বের সবচেয়ে দামি সড়ক–আক্ষরিক অর্থেই। কারণ ওই সড়ক দিয়ে যখন হেঁটে যাবেন তখন আপনার পায়ের তলায় গড়াগড়ি খাবে শত-সহস্র কোটি ডলার নগদ টাকা আর তেমনি দামের কাড়ি কাড়ি মণিমাণিক, সোনাদানা আর এ জাতীয় দামি সম্পদ। বিশ্ববিখ্যাত সুইস ব্যাংকগুলোর অনেকেরই ভূগর্ভস্থ ভল্ট নাকি ঠিক এই সড়কেরই নিচে!
মাটির নিচেই শুধু নয়, কুবেরের ঐশ্বর্যের ছড়াছড়ি রাস্তার দু'পাশের বিপনীবিতানেও। সবচেয়ে নামকরা সুইস ঘড়ি, বিশ্বখ্যাত চকোলেট, অলঙ্কার আর বিখ্যাত অনেক ব্র্যান্ড আর ডিজাইনার আইটেমের দোকান রয়েছে এখানে। কয়েকটি বড় শো রুমে দেখা গেলো চকচকে অস্ত্রধারী, ততোধিক ঝকঝকে চেহারার প্রহরী। তাদের কারো কারো চাউনি দেখলে ভালো করে শো কেসের দিকে তাকাতেও ভয় লাগে। এই বুঝি চোর ঠাউরে বসে। সবচেয়ে গরিব দেশের মানুষের রক্তেই কি ব্যাপারটা থাকে? বাবার জন্য খোদ সুইজারল্যান্ড থেকে সুইস ঘড়ি কেনার প্ল¬্যান ছিলো একজনের। এক দোকানে (রোলেক্স না ওমেগা একটা হবে) দেখা গেল সবচেয়ে কমদামি মডেলটাই শ'পাঁচেক ফ্রান্ক। কেনা হলো সেটাই। বাবাকে এমন একটা চমৎকার উপহার দেওয়ার আনন্দের কাছে ওই টাকা কিছুই না।
পথে-ঘাটের স্থাপত্যের মতো শিল্পের নমুনা বাদে যেটা না দেখে জুরিখ ছাড়তে রাজি ছিলাম না সেটা হলো ফ্রাউমুনস্টার চার্চ। এক সময় একটি কনভেন্ট ছিল এটি। লেট-গথিক এ গির্জায় রয়েছে বিখ্যাত শিল্পী মার্ক শাগালের করা পাঁচটি বড় স্টেইন্ডগ্লাস উইন্ডো। পায়ে হেঁটে শহর ঘোরার সময় দেখা হয়ে গেলো সেটা। শিল্পরসে বঞ্চিত অন্য দুই সফরসঙ্গীকে ভজিয়ে কোনো গ্যালারিতে ঢোকা সম্ভব হয়নি। শিল্পদর্শনের বিচারে তাই ফ্রাউমুনস্টারই সান্ত্বনা। চলতি পথেই দেখলাম শহরের প্রতীক জোড়া টাওয়ারের গ্রসমুনস্টার চার্চ আর সেন্ট পিটার্স চার্চ যাতে রয়েছে গোটা ইউরোপের সবচেয়ে বড়ো চার্চ 'ক্লক ফেস'। যদ্দুর মনে পড়ে সবই বেশ কাছাকাছি।
লিমাত নদীর ধারে পুরনো জুরিখ চমৎকারভাবে সংরক্ষিত একটি এলাকা। দেখার বিষয়বস্তুও অভাব নেই। শুনেছিলাম কাছাকাছি লিমাতকি'র (ঘাট) পাশেই শহরের রেড লাইট এলাকা। বাকি দু'জনকে (একজন অতি বিশুদ্ধতাবাদী) পটাতে হলো এই বলে যে, একটি বিশিষ্ট শহরের সব রূপ-রস-বর্ণ-গন্ধ 'চেখে' না হলেও অন্তত চোখে দেখতে দোষ নেই।
দিনের বেলা বলে জমেনি এলাকা। 'লাল আলোর নিচের নীল পরীরা'ও চোখে পড়লো না বললেই চলে। রাস্তার দু'পাশের ঘরগুলোতে নানা ধরনের পোস্টারে ভেতরের আকর্ষণের বিবরণ। যতদূর চোখে পড়লো বেশিরভাগ স্থানেই মূলতঃ 'নিষিদ্ধ' ভিডিওর আয়োজন। সাংবাদিকসুলভ কৌতূহলের কারণে কোনো একটিতে ঢোকার প্রবল ইচ্ছাও ছিল। বিশুদ্ধতাবাদী সঙ্গীর কারণে আশা পূরণ হলো না।
২.
লুজার্নের অদূরেই এলাকার অন্যতম আকর্ষণ সাত হাজার ফুট উঁচু মাউন্ট পিলাটুস। প্রাচীন জুডিয়ার রোমান শাসক পনশাস পিলেটের নামে নাকি এর নাম। যীশুর মৃত্যুদণ্ড অনুমোদন করেছিলেন পনশাস পিলেট। স্থানীয় জনশ্র"তি বলে, বিতর্কিত ওই রোমক শাসক সমাহিত হয়েছেন ওখানেই।
বিশ্বখ্যাত আল্পস পর্বতের দেশে এসে তার একটা চূড়ায় প্রায় হাওয়া খেতে খেতে ওঠার লোভ সামলাতে রাজি নয় কেউই।
ভাবুন, পর্বতের চূড়ায় উঠছেন, কিন্তু পুরো ব্যাপারটাই আরামে ঠাসা! জুরিখ রেল স্টেশন থেকে সরাসরি ট্রেনে লুজার্ন আর সেখান থেকে ট্রামে প্রায় কেবল কারের গোড়ায়! আবার জুরিখ ফেরা পর্যন্ত পুুরো প্যাকেজ ১২০ ফ্রাঙ্কে। আরো একটা কারণ যেটা চোখে পড়েছে ফেরার পর: পাহাড়চূড়াটিতে উঠলে রানী ভিক্টোরিয়া, লেনিন আর কনরাড গেসনারের মতো মহারথীদের সঙ্গে আপনার নাম যোগ হবে 'পিলাটুসজয়ী' হিসেবে।
জুরিখের প্রধান ট্রেন স্টেশন ইস্পাত আর কাচে ঘেরা মার্কামারা ইউরোপীয় স্থাপত্য। ট্রেন ছাড়তে তখনো দেরি। এই ফাঁকে কিছু খেয়ে নিতে চাইছিলাম সবাই। একটা রেস্তোরাঁয় ঢুকে পড়া গেলো। জায়গাটাতে খদ্দেরের ভালো ভিড়। স্ন্যাকস থেকে শুরু করে নানাপদের খাবার সাজানো রয়েছে। মাছের আইটেমগুলোর দিকে চেয়ে শামুক-ঝিনুক গোছের একটা কিছুর দিকে আমার চোখ আটকে গেলো। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত: এটাই খাবো। কয়েক বছরের বিলেতবাসে সেটাই প্রথম (শেষ নয় কিন্তু) 'ম্লে¬চ্ছ' খাবার গ্রহণ। দেখে চমৎকার লাগছিল। ভয়ে ভয়ে চেখে দেখা গেলো খেতেও দারুণ। তখন ভয় রইল একটাই: বেড়াতে বেড়িয়ে অনভ্যস্ত পেট বিদ্রোহ করে না বসে। এসব ব্যাপার নাকি অনেকটাই মানসিক। খুতখুতানি নিয়ে খেলে ভালো জিনিসেও পেট বিগড়াতে পারে এ রকমই তো শুনি। ভাগ্য ভালো, শেষ পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। জিনিসটা কি নামিদামী অয়েস্টার ছিল কিনা মনে পড়ছে না। এমনকি মনে নেই রঙটাও। সব ভেতো বাঙালের এত কিছু মনে থাকে নাকি! তবে সবচেয়ে জরুরি বিষয় স্বাদটা কিন্তু এখনো জিহ্বায় লেগে আছে।
ট্রেন এসে গেলো। চোখে পড়ার মতো ঝকঝকে খালি নয়, মনে হলো এককাঠি বেশি।
রেললাইনের দুপাশের দৃশ্যও একেবারেই 'সুইস'। বিলেতের কোনো কোনো শহরপ্রান্তের ময়লা-আবর্জনা, ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি দেখে অভ্যস্ত চোখ একটু ধাক্কাই খেলো। এদের কি ময়লা বলতে কিছু নেই কোথাও? অন্তত এই রুটে কিন্তু দেখলাম না। ব্রিটেন আর সুইজারল্যান্ড দুই পক্ষ হয়ে গিয়ে একটা বিতর্কও হয়ে গেলো এ নিয়ে। ব্রিটেনের পক্ষ নিয়ে আমি বললাম: ওই দেশের জনসংখ্যা অনেক বেশি। নাগরিক বোধবুদ্ধি কম এমন দেশের মানুষও বেশি সেখানেই। স্বজাতিবিদ্বেষীর হীনম্মন্যতা মনে হচ্ছে কি? কয়েক বছরের অভিজ্ঞতায় কিন্তু এরকমই মনে হয়েছে আমার।
যাই হোক, গ্রাম, পাহাড় আর ঝরনা ধোয়া বনের মধ্য দিয়ে চলতে চলতে একসময় পৌঁছে গেলাম লুজার্ন। আগেই বলেছি লুজার্ন এক দারুণ জায়গা। কিন্তু আমাদের মূল গন্তব্য তো পিলাটুস পাহাড়। তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। লেকের পাশে কিছু সময় কাটিয়ে ট্রামে চেপে বসলাম পিলাটুসের উদ্দেশে। স্টেশনের নাম মনে নেই। কিন্তু সেখান থেকে কেবল কার স্টেশন হাঁটা দূরত্বেই।
কেবল কার এলাকায় ঢুকতে না ঢুকতেই স্যুভেনিরের দোকান। ফেরার পথে লোকে কেনে কি না কেনে সেই রিস্ক নিতে রাজি নয় যেন! সুইস গরুর গলার ঘন্টা, কিছু চকোলেট আর টুকটাক কিছু কেনাও হলো অসংখ্য পশরার মধ্য থেকে। পরে দেখেছি স্যুভেনিরের দোকান আছে সেই সাতহাজার ফুট ওপরেও। সেখানের জিনিসপত্র কিছুটা ভিন্ন জাতের। পিলাটুসের ওপর থেকে দাঁড়িয়ে আল্পসের গোটা বিশেক চূড়ার ছবি দেখা যায়। সেগুলোর ছবি দিয়ে একটা দারুণ প্যানারোমিক ছবি না কিনে পারলাম না। দুঃখের বিষয়, দেশে ফেরার আগেই কেউ সেটাকে 'হালাল' করে দিয়েছেন।
দুবার (না তিনবার?) কেবলকার বদলে চূড়ায় ওঠা গেলো। প্রথম কারে চাপার কয়েক মুহূর্তের মধ্যেই চলে গেলাম যেন তুষারের রাজ্যে। পাহাড়ের গা বেয়ে দ্রুত উঠছিলো কার। নিচে মোটামুটি ঘন বন। মাঝে মাঝে এক একটা কুড়ে। কারা থাকে পাহাড়ের মধ্যে এই বরফের রাজ্যে!
নিচে দেখা যাচ্ছিল মানুষও। মূলত স্কি খেলায় মেতে ওঠা তরুণ-যুবকের দল। কেবল কার দেখলেই হাত নাড়ছিলো কেউ কেউ। আমরাও জবাব দিলাম সমান উৎসাহে।
একসময় যেন হঠাৎ করে ঘাড়ের ওপর এসে পড়লো পাহাড়। চূড়ার দিকে পাহাড়ের খুব কাছ ঘেঁষেই চলে কার। মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। কঠিন পাথুরে পাহাড়ের রঙটা কেমন অপার্থিব লাগছিলো। আর এত কাছে এত বড়ো লাগে! সম্ভ্রম আর রোমাঞ্চ মিশিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই সেই পোস্টকার্ডেরও আল্পস, মান্না দের আল্পস!
চূড়াটা আগাগোড়া তুষারে মোড়া। বয়স ভুলে গিয়ে বরফ ছোড়াছুড়ি হলো। শালিকের সাইজের কুচকুচে কালো একটা পাখি মরার মতো ঝিমুচ্ছিল এক রেলিংয়ে। ছবি তুলতে তার খুব কাছে গেলেও তার মধ্যে ভয়ের কোনো লক্ষণ দেখা গেলো না। হাত বাড়িয়ে ধরতে গেলে পাখিটা যেন বিরক্ত হয়ে হাত তিনেক সরে বসলো। ঠাণ্ডায় জমে গেছে? না, আল্পসের চূড়ায় সবই অন্যরকম?
নিচের দিকে তাকালে ভালো করে কিছু চোখে পড়ে না। থাকে থাকে উঠে এসেছে পাহাড়। মেঘ আর কুয়াশার ফাঁকে ফাঁকে যা দেখা যায় তার প্রতি বর্গ ইঞ্চি সাদা। এর চেয়ে অনেক অনেক উঁচু পর্বতশীর্ষে জানবাজি রেখে ওঠেন যারা তাদের ওপর ভক্তিটা বহু বেড়ে যাবে এরকম জায়গায় এলে।
এর পরের গন্তব্য রাইন ফলস। সুইস-জার্মান সীমান্তের কাছাকাছি কোথাও জায়গাটা। শাফহাউসেন নামে এক স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা কিছুদূর হেঁটেই নদীর দেখা পেয়ে গেলাম। পশ্চিম ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী রাইন। তখন মোটামুটি শান্ত। বন আর পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে আরো উত্তরে। দেড়দু'শ হাত চওড়া মনে হলো। শান্ত নিরিবিলি পরিবেশ। ওপারে নদীর গা-ঘেঁষেই যে বাড়িগুলো তাদের মালিকদের ওপর হিংসা হবে না এমন মহৎপ্রাণ জগতে আছে বলে মনে হয় না।
রাইন ফল্স, ছবিতে এর রূপের ভগ্নাংশ মাত্র ধরা যায়।
গোটা এলাকাটা পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু ভরা মৌসুম নয় বলে পথেঘাটে ভিড় তখনো জমেনি। তাতে বেশ ভালোই হলো। নদীর নির্জনতায় বুঁদ হয়ে থাকা গেলো বেশ কিছুক্ষণ। কিছু জলচর পাখির ডানা ঝাপটানো আর বাতাসের শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। অথচ জনমনিষ্যিহীন প্রান্তর যে তা নয়। ওপারেই ভিলা আর কটেজ জাতীয় ঘরবাড়ির কথা একটু আগেই বললাম। এ পাশে পর্যটনের সড়ক। কাছেধারেই নানান স্থাপনার আভাস। নদীতটের ওই মন কেমন করা মৌনতায় দেখলাম সবাই মগ্ন। 'কবরের নিঃস্তব্ধতা' আসলেই কি অতো খারাপ জিনিস?
কিন্তু, একেবারে নিঃস্তদ্ধ কি? জলপ্রপাতের মৃদু কল্লে¬াল কি ভেসে আসছিল না রাইনের বুক ছুঁয়ে আসা বাতাসে? সেই দুর্দান্ত দ্রষ্টব্যের দর্শন পেতে দেরিও আর হলো না বেশি। একটা ঢালমতো জায়গায় সগর্জনে নেমে এসে আবার ধেয়ে চলেছে বিপুল এক ফেনিল জলরাশি। এটাই রাইন ফলস। কবি ছাড়া অন্য কারো এসব মহা সুন্দরের বর্ণনা দেওয়ার চেষ্টা বৃথা। যারা দেখেননি এ নগণ্য রচনার সঙ্গে যাওয়া ছবি থেকে ধারণা পাবেন। আর সাহায্যের চেষ্টা করতে পারে গাইড বুক থেকে টোকা এই তথ্য: "উত্তর সুইজারল্যান্ডে অবস্থিত রাইন ফলস ইউরোপের বৃহত্তম জলপ্রপাত। নদীর উজানের দিকে হাই রাইনে তার অবস্থান। সাড়ে ৪ শ' ফুট চওড়া আর ৭৫ ফুট উঁচু। ১৪ থেকে ১৭ হাজার বছর আগে, শেষ বরফ যুগে এর জন্ম। গ্রীষ্মে গড় পানির প্রবাহ সেকেন্ডে ২৫০০০ ঘনফুট।"
পাশেই মধ্যযুগের এক গুরুগম্ভীর দূর্গ স্ক¬শ লাউফেন। জলপ্রপাতটির মাঝামাঝি এক বিশাল পাথরখণ্ড যেখানে নৌকাযোগে গিয়ে ওপরে ওঠাও যায়। খুব কাছে থেকে দেখা যায় প্রকৃতির এ বিচিত্র সৃষ্টি। প্রপাতের শেষে নদী যেখানে শান্ত হয়ে এসেছে তার আশেপাশে নৌবিহারের ব্যবস্থাও আছে।
কবি এডোয়ার্ড মরিকে রাইন ফলসের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন কয়েকছত্র যার বক্তব্য এ রকম: "হে, পর্যটক এখানে পদচারণার সময় হৃদয়টাকে ধরে রেখো আপন হাতের মুঠোয়/ আমি তো প্রায় হারাতে বসেছিলাম নিজেরটি।"
সুইজারল্যান্ড সফরে যাওয়া হয়েছিল আরো দু'একটি জায়গায়। জুরিখের খুব কাছেরই ভিনতারতুরসহ (না ভিনতাতুর?) আরো কয়েকটি ছোটখাটো স্থানে। ভিনতারতুর ট্রেনে আধঘণ্টামতো দূর বোধহয়। সেখানে পাহাড়ের ওপর বিনোদনের ব্যবস্থা তো আছেই। একটা ভালো মানমন্দির গোছের ব্যাপারও আছে সম্ভবত যাতে যাওয়া হয়নি। পাহাড়ের ওপর থেকে শহর আর লেকের দারুণ ভিউ পাওয়া গিয়েছিল এটা মনে পড়লো আক্ষরিক অর্থেই এই বাক্যগুলো লিখতে লিখতে।
তবে অনেকদিন মনে থাকবে ইকবালদের বাড়িতে খেটে খাওয়া প্রবাসীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা। সুইস দেশের এই প্রবাসীদের ধারণা, যুক্তরাজ্যে বাঙালিরা অনেক ভালো আছেন। তাই কৌতূহলী প্রশ্ন: "ভাই লন্ডন যাওয়ার উপায় কী?" সেই নদীর পারের দীর্ঘশ্বাস ছাড়ার চিরায়ত কাহিনী! বৈধতাহীন অভিবাসী মানুষের অবস্থাটা সব উন্নত দেশেই–বিশেষ করে ইউরোপে–যে কমবেশি এক তাদের তো বোঝা উচিত কয়েকবছর ইউরোপ বাসের সুবাদে। এরা অনেকেই মামলা করে 'কাগজের' অপেক্ষায় আছেন। কেউ করেছেন কাগুজে বিয়ে। কেউবা খুঁজছেন কাগজের বউ। আড্ডার এক পর্যায়ে এসে যোগ দিলেন পাতানো বউয়ের জন্মদিনে কয়েকশ' ফ্রান্ক খরচ করে আসা এক যুবক। জার্মানিতে এক সময় চুক্তি বিয়ের যে রমরমা ছিল তার ছিঁটেফোটা নাকি এখন আছে প্রতিবেশি দেশটিতে। কিন্তু মোটের ওপর ব্যাপারটা কঠিন এবং অনিশ্চয়তায় ঘেরা। আর টাকা যা লাগে তা শুনে বিশ্বাস হতে চাইবে না। বাংলাদেশী টাকায় কমপক্ষে বিশ-পঁচিশ লাখ নাকি তখনকার 'রেট' ! আড্ডায় একাধিক লোকের সমর্থন মিললো এ বক্তব্যের সত্যতার ব্যাপারে।
বছর চারেক আগের এ সফরের কখন, কোথায়, কীভাবে এসবের অনেক কিছুই মনে নেই। না ভোলার মতো ব্যাপার হলেও অল্প সময়ের মধ্যে মুগ্ধতা ও বিস্ময়ের ঘনঘটা আর প্রায় সব ছবি হারিয়ে ফেলাই এ বিস্মরণের জন্য দায়ী। যাই হোক, 'বোধহয়' আর 'সম্ভবত'র অত্যাচার থেকে পাঠককে রেহাই দিতে টুকরো স্মৃতির জোড়াতালিতে গড়া এ ভ্রমণগাঁথার ইতি টানার হয়তো এটাই সময়।
(ভ্রমণকাল ফেব্রুয়ারি ২০০৪)
