Published : 08 Dec 2025, 01:39 PM
Updated : 08 Dec 2025, 01:41 PM
নতুন বছর মানেই নতুন শুরু। আর আর্থিক জীবনের ক্ষেত্রে এই শুরু যদি সঠিক পরিকল্পনায় হয়, তাহলে সারা বছর মন ভরে থাকবে শান্তিতে।
২০২৬ সালে মূল্যস্ফীতি, সুদের হারের ওঠানামা আর অর্থনৈতিক অনিশ্চয়তা থাকবেই। তাই এখন থেকেই বিনিয়োগ ও আয়-ব্যয়ের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে স্বচ্ছলভাবে জীবন চালানো সম্ভব হতে পারে।
এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফকির আকতারুল আলম।
- প্রথমেই আয়-ব্যয়ের খাতা খুলুন। প্রতি মাসে কত টাকা আসছে, কোথায় খরচ হচ্ছে— সব লিখে রাখুন। অপ্রয়োজনীয় কেনাকাটা, বাইরে খাওয়া বা সাবস্ক্রিপশনগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোথায় টাকা ‘লিক’ করছে।
- দ্বিতীয়ত, জরুরি তহবিল তৈরি করুন। অন্তত তিন থেকে ছয় মাসের খরচের সমান টাকা ‘লিকুইড ফর্ম’ বা নগদ হিসেবে রাখুন— যাতে চাকরি চলে গেলেও বা হঠাৎ বড় অসুখ এলেও হাতে টাকা থাকে।
- ঋণের বোঝা কমানো এখন জরুরি। ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণের উচ্চ সুদ আপনাকে খেয়ে ফেলছে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো শোধ করুন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যক্তি ঋণ এখন আকাশছোঁয়া— এখনই না কমালে পরে কষ্ট বাড়বে।
- দীর্ঘমেয়াদি লক্ষ্য ভুলবেন না। বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বা অবসর— প্রতিটি লক্ষ্যের জন্য আলাদা তহবিল খুলুন।
- স্থায়ী আমানত, সঞ্চয়পত্র বা মিউচুয়াল ফান্ডে নিয়মিত টাকা রাখুন। কর রেয়াতের সুবিধা নিয়ে এনবিআর অনুমোদিত খাতে বিনিয়োগ করলে দ্বিগুণ লাভ।
- মূল্যস্ফীতিকে হিসাবের বাইরে রাখবেন না। গত বছর যা ৯-১০ শতাংশ ছিল, সেটি কমছে না সহজে। তাই বাজেটে প্রতি মাসে ৮-১০ শতাংশ বাড়তি রাখুন, নইলে ক্রয়ক্ষমতা কমে যাবে।
- পরিবারের জন্য স্বাস্থ্য ও জীবনবিমা করে ফেলুন। হঠাৎ বড় চিকিৎসার খরচ এলে সঞ্চয় ভাঙতে হবে না।
- ডিজিটাল টুলস কাজে লাগান। ব্যাংক অ্যাপ, বিকাশ, নগদ, উপায়, ইউনেট-সহ এই ধরনের ‘টুলস’ দিয়ে খরচ ট্র্যাক করুন, বিল দিন, বিনিয়োগ দেখুন। সময় বাঁচবে, ভুল কমবে।
- সবশেষে, মাসে অন্তত একদিন বসুন আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করতে। বাজার বদলাচ্ছে, সুদের হার বদলাচ্ছে— আপনার পরিকল্পনাও বদলাতে হবে।
এই নিয়মগুলো মেনে ধনী হওয়া না গেলেও অন্তত খরচ সামলিয়ে চলার মতো পরিস্থিতি তৈরি করা যাবে।
আরও পড়ুন
বাসার যেসব জিনিস কেনা মানে অর্থের অপচয়
সম্পর্কে আর্থিক পরিকল্পনা
কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন একজন ব্যক্তি?
অল্প আয় থেকেও যেভাবে সঞ্চয় করা যায়