Published : 22 Jan 2026, 12:58 PM
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সকাল থেকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশে—চৌহাট্টা এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক, দরগা সড়কে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।
সিলেটের ছয়টি নির্বাচনি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।
মিছিলের ঢল
সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল তাহিরপুর থেকে আসা ষাটোর্ধ্ব সোনা মিয়া বলেন, “জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ইলেকশন করবেন—এই মাঠে এসেছিলেন, বেগম খালেদা জিয়া সেই ’৯১ সাল থেকে যে কয়টা নির্বাচন হইছে, এই মাঠে বক্ততা দিছেন। সবগুলা জনসভায় আমি আইছি।
“আজকে তাদের পুয়া (ছেলে) তারেক রহমান আইসন। দেখন কত মানুষ, কত মিছিল… গুনবার পারবেন না। আমাদের সিলেটের জামাই তারেক রহমান, আমাদের অহংকারই অন্য রকম।”
গোয়াইনঘাটের জাফলং থেকে আসা যুবদল কর্মী জোনায়েদ রহমান বলেন, জুবাইদা রহমান তাদের দেশের মেয়ে। সেই সুবাদে তারেক রহমানও সিলেটের সন্তান।
লন্ডনে বসবাসরতদের মধ্যে সিলেটিরে সংখ্যাই বেশি দাবি করে জোনায়েদ বলেন, “সেখান থেকে তারেক ভাই অনেক কিছু রপ্ত করে বাংলাদেশের মানুষের উন্নয়নে পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন। আমরা সিলেটিরা আশাবাদী তিনি তার ‘প্ল্যান’ বাস্তবায়নে সফল হবেন।”
মঞ্চে রয়েছেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, সিলেট- ৬ আসনের এমরান আহমদ চৌধুরী এবং সিলেট-৫ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী।
প্রার্থীদের মধ্যে মঞ্চে রয়েছেন—সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ।
ইলিয়াস আলীর নামে উড়ল বেলুন
আলিয়া মাদ্রাসা মাঠে দরগা গেইট সড়কে দিকে তিনটি বেলুন ওড়ানো হয়েছে। দুটিতে গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর ছবি এবং অপরটিতে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনার ছবি জুড়ে দেওয়া হয়।
এছাড়া মাঠের কয়েকটি জায়াগায় ইলিয়াস আলীর ছবি সম্বলিত ব্যানারও রয়েছে।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর আর ইলিয়াস আলীর সন্ধান মেলেনি।
জগন্নাথপুর থেকে আসা হোসেন আলী বলেন, “ইলিয়াস আলী আমাদের চোখের মনি। এই মাঠে কত সমাবেশ হয়েছে বিএনপি। ম্যাডামের পাশে এম সাইফুর রহমান থাকতেন; আর একটু কাছাকাছি দেখা যেতো তরুণ নেতা ইলিয়াস আলীকে। একজন সাচ্চা দেশপ্রেমিক নেতা ছিলেন তিনি। সেজন্য তাকে গুম করে ফেলা হয়েছে।
“ আমরা চাই, ইলিয়াস আলীর গুমের বিচার। জানি না, এই বিচার হবে কি না?”
পরবর্তী গন্তব্য: সিলেটের সমাবেশ শেষে তারেক রহমান যাবেন মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠে। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, তারপরে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে যাবেন বিএনপি চেয়ারম্যান। কর্মসূচি অনুযায়ী এরপর তারেক রহমান যাবেন কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় এবং তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাউসিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআর