ভোট: চট্টগ্রাম নগরে সড়ক ফাঁকা
“কিছু ওষুধ কেনার জন্য বের হয়েছি; রাস্তায় গাড়ি তেমন নেই।”
ভোটগ্রহণের আগের দিন চট্টগ্রাম নগরীর মূল সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত বন্দর নগরী চট্টগ্রামের প্রধান সড়কে যানবাহন চলাচল ছিল খুব কম। সড়কে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে বের হতে দেখা যায়নি। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে সকাল থেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ বিষয়ে জানানো হয়।
সকাল থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচল ছিল খুবই কম।
এছাড়া নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, কাজীর দেউড়ি, লাভ লেইন, কোতোয়ালী মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনের সংখ্যা হাতেগোনা। বেশিরভাগ রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।
জিইসির মোড়ে পথচারী সাইফুল আলম বলেন, “কিছু ওষুধ কেনার জন্য বের হয়েছি। রাস্তায় গাড়ি তেমন নেই। সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির গাড়ি টহল দিচ্ছে।”
নগরীর ওয়াসার মোড়ে গিয়ে বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। লোক চলাচল ছিল অন্যদিনের চেয়ে অনেক কম।
রিকশা চালক মোহাম্মদ রফিক বলেন, “পেটের দায়ে বাইর হইছি। প্যাসেঞ্জার নাই। মানুষ ভোটের ছুটিতে বাড়িত গেছে গা।”
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন উপলক্ষে চারদিনের নিরাপত্তা পরিকল্পনা আমরা করেছি। নির্বাচন নিয়ে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম গতকাল থেকে কাজ শুরু করেছে।
“আমাদের রিজার্ভ ফোর্সও রাখা আছে। ভোটারদের আসা-যাওয়ার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।”
