চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি, বিএনপির কার্ড নিয়ে কটাক্ষ জামায়াত আমিরের
"জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাজনৈতিক চাঁদাবাজির ট্যাক্স চিরতরে বন্ধ করে দেওয়া হবে। কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।"
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে ‘রাজনৈতিক চাঁদাবাজি’ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে দশ দলীয় জোটের পক্ষে ভোট চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, "জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাজনৈতিক চাঁদাবাজির ট্যাক্স চিরতরে বন্ধ করে দেওয়া হবে। কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।"
বিএনপির ফ্যামিলি কার্ড-কৃষি কার্ডের প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেছেন জামায়াত আমির।
বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু করেন শফিকুর রহমান।
বিকাল ৪টা ৫০ মিনিটে তিনি মঞ্চে এসে আসন গ্রহণ করলে নেতকাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
জামায়াত আমির তার বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সমালোচনা করেন। এরপর তিনি
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিদ্যামান সমস্যাগুলো তুলে ধরেন।
তিনি বলেন, এই এলাকায় ১০ লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু একটি সরকারি হাসপাতাল নেই। এমনকি উন্নতমানের একটি বেসরকারি হাসপাতালও নাই। এখানে নেই একটি আন্ডারগ্র্যাজুয়েট কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়। এই এলাকার প্রতিটি অলি-গলিতে ড্রেনের ময়লার গন্ধে বসবাস করা অত্যন্ত কঠিন। গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী।
শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এই আসনে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করে ‘জনগণের নাগরিক অধিকার’ প্রতিষ্ঠা করবে।
মনিপুর হাইস্কুল দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠা হলেও বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ‘ধ্বংস করে’ মনিপুর হাইস্কুলকে সেরার তালিকা থেকে ‘মুছে দিয়েছে’ বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির দিকে ইংগিত করে জামায়াত আমির বলেন, “এক ট্যাক্স সরকার আদায় করে জনগণের জন্য ব্যয় করে, আরেক ট্যাক্স একটি দলের নেতাকর্মীরা আদায় করে। তারা সেই ট্যাক্স দেশের শীর্ষ ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীদের থেকেও আদায় করে। এমনকি একজন রিকশা-ভ্যান-ঠেলাওয়ালার কাছ থেকেও তারা চাঁদাবাজির সেই ট্যাক্স আদায় করে।”
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এসব বন্ধের প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপি সরকার গঠন করলে যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, “আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে?
“আর আমার ভাই নাহিদ ইসলাম (এনসিপি আহ্বায়ক) বলেছে, তাতে (ওই ২০০০ টাকায়) আবার ভাগ বসিয়ে দেওয়া হবে; ‘খাজনা আগে, তারপর অন্যটা’, ‘২০০০ এর ১০০০ আমার খাজনা- আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও’। তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে। সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়।”
‘নারী-পুরুষ সবাই মিলে’ আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, “সব সহ্য করব, মা-বোনদের ইজ্জতের ওপর আঘাত সহ্য করা হবে না। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা চলতে দেওয়া হবে না।”
“সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি চলতে পারবে না। সমাজের কোনো স্তরে বৈষম্য থাকবে না। ইনসাফ ভিত্তিক বৈষমীহীন বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।”
জামায়াতে ইসলামীর আমির বলেন, "আমি আজ এখানে জামায়াতের আমির হিসেবে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি রিকশা-ভ্যান-ঠেলা চালক, গার্মেন্টস কর্মী, দোকান-কর্মচারী ও সাধারণ শ্রমিক-জনতার অধিকার প্রতিষ্ঠা করতে। যারা বৈষম্যের শিকার, আমি তাদের হয়ে জনগণের সামনে দাঁড়িয়েছি।
"আমি চব্বিশের বিপ্লবীদের হয়ে দাঁড়িয়েছি। যেই বিপ্লবীদের জীবন আজ হুমকির মুখে। এক হাদিকে হত্যা করে ১৮ কোটি জনগণের হৃদয়ে হাদির জন্ম হয়েছে। কোটি কোটি মানুষ হাদি হতে প্রস্তুত।”
হাদির রক্ত ‘বৃথা যেতে দেওয়া হবে না’ মন্তব্য করে শফিকুর রহমান বলেন, “এদেশে আর কোনো আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আধিপত্যবাদ-ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো ছায়াও দেখতে চাই না।
"ফ্যাসিবাদের নতুন জামা পড়ে কেউ এলে ৫ অগাস্টের মতই তাদর একই পরিণতি ভোগ করতে হবে।"
তিনি বলেন, যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা ভোট ডাকাত। আমরা আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না। বিগত তিনটি নির্বাচনে এমনও মানুষ আছে, যারা জীবনেও ভোট দিতে পারেনি। কারণ তাদের ভোট ডাকাতি করা হয়েছিল।
“যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দোসর ছিল, তাদের দেখা যায় না। যারা ফ্যাসিবাদের কবলে পিষ্ট হয়েছিলেন, আমরা যারা সেই কষ্ট ভোগ করেছি, মেহেরবানী করে জনগণকে সেই কষ্টটা আর দেবেন না। কিন্তু এখনো দিচ্ছেন।”
শফিকুর রহমান বলেন, “আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় আগামী ১২ তারিখ জনগণ ‘হ্যাঁ’ ভোট দেবেন পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুনে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তনে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে, মা-বোনদের ইজ্জতে যারা হাত দেয়, তার বিরুদ্ধে।”
জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট নির্বাচিত হলে এই বিজয় ‘কোনো পরিবার বা কোনো দলের হবে না’ মন্তব্য করে তিনি বলেন, “এই বিজয় হবে জনগণের। ১০ দলীয় জোট নির্বাচিত হলে জনগণের সরকার গঠিত হবে।”
মঞ্চে থাকা এনসিপির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলামের হাতে সমন্বিত শাপলা কলি ও দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন জামায়াত আমির।
পরে তিনি ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৬, ঢাকা-১৭ আসনের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত উঁচিয়ে তাদের স্বাগত জানান ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
জামায়াত জানিয়েছে, শুক্রবার ঢাকার বাইরে ভোটের প্রচার শুরু করবেন শফিকুর রহমান।
