‘নির্বাচনে উপজেলা ভেদে ২-৪ প্লাটুন বিজিবি থাকবে’
কর্নেল শফিকুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে নগরীর পাড়কের মোড় এলাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি রংপুর সেক্টরের অধিনায়ক কর্নেল শফিকুর রহমান।
তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
“ঝুঁকি বিবেচনায় প্রতিটি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। তারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।”
নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা আছে কি-না জানতে চাইলে কর্নেল শফিকুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। আমরা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের লেথাল ওয়েপন ব্যবহার করব না।”
