২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল

শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 09:11 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

সিরাজগঞ্জ শহরে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকালে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ, তার পুত্রবধূ সাহার নুর আবদাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মিছিলের নেতৃত্বে দেন। 

মিছিলে নারীরা সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে স্লোগান দেন।  

এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং শহরের ১৫ ওয়ার্ডের বিএনপির নারী নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের ইসলামিয়া কলেজে মাঠে জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল শুরু হয়। 

সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, “জামায়াতের আমির নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই আজ সিরাজগঞ্জের নারীরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছে। আগামী ১২ তারিখে এই নারীরা ব্যালটের মাধ্যমে জামায়াতকে উচিত জবাব দেবেন।”

মিছিলের প্রত্যক্ষদর্শী স্থানীয় বড় বাজারের ব্যবসায়ী লিটন ও মাহমুদ হোসেন বলেন, প্রায় ৩০ বছর যাবত বাজারে ব্যবসায় করছি। জীবনে বহু মিছিল দেখেছি। কিন্তু এত বড় নারী মিছিল কখনো দেখিনি।