নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই: সালাহউদ্দিন আহমদ
বিএনপি নেতা পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন।
এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দেন।
ভোট দিয়ে এসে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর আমরা যে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন- আজ সেই সত্যিকারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। আমরা এই যাত্রায় এক নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু করতে চাই।”
তিনি বলেন, “এ যাত্রা কখনও থামবে না। এদেশের মানুষের ন্যায্য অধিকারের জন্য আর যেন কাউকে রক্ত দিতে না হয়- সেই বাংলাদেশ গড়তে আমাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়েই অতীতের ফ্যাসিবাদী শক্তিকে বিলুপ্ত করে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব।”
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুখ এবং ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. ছরওয়ার আলম।
চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন।
