Published : 12 Feb 2026, 11:44 AM
সিলেট-১ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোটারদের গোয়াবাড়ি এলাকা থেকে মদন মোহন কলেজ ক্যাম্পাস-২ কেন্দ্র পর্যন্ত আনা-নেওয়ার কাজ করছেন রিকশা চালক গোলাম আযম।
ভোর থেকে শুরু করে সকাল ১০টার মধ্যে প্রায় ৮০-৯০টি ভাড়া মেরেছেন বলে দাবি তার। তিনি জানান, সকালে যাত্রীদের বেশিরভাগই ছিলেন নারী ভোটার।
তবে দিনশেষে পারিশ্রমিক পাবেন কি না তা নিয়েও শঙ্কায় আছেন তিনি।
গোলাম আযমের বাড়ি রংপুরে। জীবিকার তাগিদে সিলেটে রিক্সা চালান।
তিনি বলেন, “মামা, সকাল সাড়ে পাঁচটায় রিক্সা নিয়ে বের হয়েছি। এখনো কিছু খাওয়ার সুযোগ হয়নি। নির্বাচনের পর যদি কোনো গণ্ডগোল হয়, টাকা পাব কি না জানি না।”
তার ভাষ্য, আগের দিন সুবিদবাজার এলাকার বিএনপি নেতা আজিজ খান তাকে ভোটার আনা-নেওয়ার কাজের কথা বলেন।
“সকাল থেকে কেন্দ্র আনা-নেওয়া মিলিয়ে ৮০-৯০টার মতো ভাড়া মেরেছি। কত করে মজুরি দেবে, তাও ঠিক জানি না,” বলেন তিনি।
কথা শেষে প্রতিবেদক তাকে নাস্তা করার কথা বললে তিনি বলেন, “মামা নাস্তা করতে বলছেন, এতেই খুশি। আমার নাস্তা করা লাগতো না।”