কুমিল্লায় ভোটকেন্দ্রের পাশে বহিরাগত দুজনকে কারাদণ্ড
ইউএনও বলেন, ভোটার ছাড়া অন্য কারো কোনো এলাকায় অবস্থানের নিষেধাজ্ঞা রয়েছে।
কুমিল্লা-২ আসনে হোমনা উপজেলায় ভোটকেন্দ্রের পাশে অবস্থান করা দুই বহিরাগতকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, উপজেলার ছয়ফুল্লাকান্দি ও মাথাভাঙা কেন্দ্রের পাশে আশিক ও মারুফ নামে দুজন ঘোরাফেরা করছিল।
সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা স্বীকার করেন, তারা ওই এলাকার নন। এবং কী কারণে তারা সেখানে এসেছেন এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
ইউএনও বলেন, ভোটার ছাড়া অন্য কারো কোনো এলাকায় অবস্থানের নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক তাদের তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
