মধ্যরাতে যারা গ্রামে ঢোকে, তাদের উদ্দেশ্য ভালো না: শামা ওবায়েদ
নগরকান্দার মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।
নেতাকর্মীদের রাতে গ্রাম ও ঘর পাহাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।
কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, “রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে, রাতে যারা ঢোকে তারা ভালো উদ্দেশ্যে ঢোকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহাড়া দেবেন, ঘর পাহাড়া দেবেন। যদি আপনার এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবেই সংসদে যাবেন।”
রোববার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।
এ সময় তিনি তার বাবা বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, “বাবার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে আমাকে ভালোবেসেছে। আমার বাবা নগরকান্দা-সালথার মানুষদের দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলে রেখেছিলেন।
এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আগামীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই, রুখে দিতে চাই দুর্নীতি ও চাঁদাবাজিকে।”
শামা ওবায়েদ বলেন, “বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন, যাতে কোনো দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সব সময় ন্যায়ের পথে ছিলেন। আমি নগরকান্দাকে দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত পৌরসভা এবং চাঁদাবাজমুক্ত নগরকান্দা গড়ে তুলতে চাই।”
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদজ শওকত শরীফ।
