২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি প্রার্থীর অভিযোগে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত

নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ ব্যাপারে অভিযোগ করেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 11:52 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বিএনপি প্রার্থীর অভিযোগে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ঢাকা থেকে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় চার কোটি টাকার একটি লেনদেন স্থগিত করা হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন মঙ্গলবার রাতে বলেন, একটি সংস্থার মাধ্যমে বিষয়টি জানতে পেরে সোনালী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপককে ডেকে আপাতত টাকা লেনদেন না করে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া কথা বলেছেন।  

দুপুরে অভিযোগের পরে সেই চার কোটি টাকা আর হস্তান্তর করা হয়নি। 

এদিকে বিকালে শহরের নিজ কার্যালয়ে নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক হিসাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়। 

“জানতে পেরে আমি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করি। অভিযোগ পেয়ে, রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।”

দুলু বলেন, “ভোটের ঠিক একদিন আগে এতগুলো টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক। এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।”

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেনদেনটি স্থগিত রাখা যুক্তিযুক্ত বলে জানান তিনি।

এ ব্যাপারে ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম বলেন, “চার কোটি টাকা লেনদেন ইসলামী ব্যাংকের জন্য তেমন কোনো বড় লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে। 

“তাই ব্যাংকের নয়টি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। সোনালী ব্যাংক থেকে এরকম টাকা নেওয়া হয়। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। ইসলামী ব্যাংক নাটোর শাখায় এমন লেনদেন নিয়মিতই হয়ে থাকে।”

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা (এজিএম) উজ্জল কুমার বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে ডেকে ঊর্ধ্বতনদের জানিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে বলেন। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন। ভোটের আগে মঙ্গলবার শেষ কর্মদিবস থাকায় আপাতত এই টাকা লেনদেন বন্ধ রয়েছে। ভোটের পর ব্যাংক খুললে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।