বাবর-কায়সার কামালরা কি ‘নির্ভার’?
ভোটারদের অভিমত, জেলার চারটি আসনে বিএনপি প্রায় ‘নির্ভার’; শুধু একটি আসনে ‘বিদ্রোহী’কে মোকাবিলা করতে হবে।
নেত্রকোণা জেলায় পাঁচটি সংসদীয় আসনে জয়-পরাজয়ের ইতিহাস মূলত আওয়ামী লীগ ও বিএনপির। নব্বইয়ের আগে কখনও কখনও জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হয়েছে। কিন্তু অন্য দলগুলোর জয়ের ইতিহাস যেমন নেই, তেমনি তাদের সাংগঠনিক সক্ষমতাও কম।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটের মাঠ থেকে সরে গেছে আওয়ামী লীগ, ম্রিয়মান জাতীয় পার্টি। ফলে বলার অপেক্ষা রাখে না হাওর, পাহাড় ও সমতলের এই জেলায় বিএনপিই ‘একচ্ছত্র’ হয়ে ওঠেছে।
ভোটারদের অভিমত, ফলে পাঁচটি আসনের চারটিতে তাদের প্রার্থীরা প্রায় ‘নির্ভার’; শুধু একটি আসনে ‘বিদ্রোহী’ প্রার্থীকে মোকাবিলা করতে হবে বিএনপি প্রার্থীকে।
এসব আসনে ভোটের প্রচার আছে, ২৫ প্রার্থী নিয়ম করে গণসংযোগও করছেন। তাদের কর্মীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে ‘ভোট-উৎসবের’ আমেজটা নেই। নেতাকর্মীরা অনেকটাই ভোটের দিনের অপেক্ষায় আছেন।
জেলায় জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলগুলোর অবস্থান থাকলেও কখনও খুব শক্তিশালী ভিত্তি ছিল না। ২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন প্রেক্ষাপটে তাদের প্রচার, গণসংযোগ কিছুটা চোখে পড়ছে।
স্থানীয়ভাবে ভোটের রাজনীতি পর্যবেক্ষণ করেন এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচটি আসনের মধ্যে দুটিতে বিএনপি প্রার্থীকে জামায়াতে ইসলামী, একটিতে বাংলাদেশ খেলাফত মজলিস, একটি এনসিপি এবং একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীকে মোকাবিলা করতে হতে পারে।
পর্যবেক্ষকরা এটাও মনে করেন, বিএনপি ‘গা-ছাড়া’ ভাব কাটিয়ে যদি অধিক সংখ্যক ভোটারকে কেন্দ্রে আনা এবং দলীয় ঐক্য বজায় না রাখতে পারে যেকোনো অঘটন ঘটে যেতে পারে।
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন:
মেঘালয়ের পাদদেশের গারো পাহাড় অঞ্চল নিয়ে গঠিত নেত্রকোণা-১ আসন। ১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচনে বিএনপি দুইবার ও আওয়ামী লীগ দুইবার জয়লাভ করে। এ আসনটিতে বিএনপি ও আওয়ামী লীগ সবসময় সমান দাপট দেখিয়েছে।
এ আসন থেকে বিএনপির সাবেক হুইপ আব্দুল করিম আব্বাসী, আওয়ামী লীগের জালাল উদ্দিন তালুকদার, মোস্তাক আহমেদ রুহী একাধিকবার সংসদ সদস্য হয়েছেন। অন্য দুজন প্রয়াত হলেও মোস্তাক আহমেদ রুহী পটপরিবর্তনের পর থেকে রয়েছেন পলাতক।
এই আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীক নিয়ে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন গোলাম রব্বানী।
সাধারণ ভোটারদের ধারণা, এখানে এই দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই আসনটিতে প্রচুর গারো, হাজংসহ অন্যান্য নৃ-গোষ্ঠীর ভোটার রয়েছেন। সব প্রার্থী এই ভোটারদের ভোট টানার আপ্রাণ চেষ্টা করছেন।
এ ছাড়া আসনটিতে আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি,) আলকাছ উদ্দিন মীর (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আব্দুল মান্নান সোহাগ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বেলাল হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল) প্রার্থী হয়েছেন। তারাও ভোট প্রার্থনা করছেন, প্রচার চালাচ্ছেন।
এই আসনে মোট ৪ লাখ ৫৬ হাজার ১৮২ ভোটারের মধ্যে নারী ২ লাখ ২৪ হাজার ৪২৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৭৫১ জন। এর মধ্যে ২৫ হাজার ৯০ জন রয়েছেন নতুন ভোটার। পোস্টাল ব্যালটে ভোটার রয়েছেন ৩ হাজার ৯৩ জন। ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৬টি।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন:
এই আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। বলা হয়ে থাকে, এই আসন থেকে জেলার পুরো রাজনীতি নিয়ন্ত্রিত হয়। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ তিনবার জয় পায়। বিপরীতে বিএনপি পায় একবার।
দলগতভাবে আওয়ামী লীগ তিনবার জয় পেলেও ভোটের হিসেবে বিএনপি প্রতিটি নির্বাচনেই পিছু ধাওয়া করেছে।
এবার এই আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ১০ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছেন।
শক্ত অবস্থানে থাকা বিএনপি এরই মধ্যে সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ নানাভাবে প্রচার চালিয়ে নির্বাচনের মাঠে অবস্থান তৈরি করে নিয়েছে। তবে বসে নেই অন্য প্রার্থীরাও।
১০ দলীয় জোট প্রার্থী ফাহিম রহমান খান পাঠানকে জয়ী করতে জামায়াতে ইসলামীসহ শরিক দলগুলো দিন-রাত প্রচার চালাচ্ছে।
এই দুই প্রার্থীর বাইরেও ভোটের মাঠে হয়েছেন- এ বি এম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি), মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী (বাংলাদেশ খেলাফত আন্দোলন), আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। তারাও প্রতিদিন সকাল-সন্ধ্যা প্রচার চালাচ্ছেন। এর মধ্যে মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী বিএনপিকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৩২২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৩৪৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৬৩ জন। নতুন ভোটার আছেন ২৭ হাজার ৩৫২ জন। তাছাড়া নিবন্ধিত পোস্টাল ভোটার রয়েছেন ৫ হাজার ১১৬ জন। আসনের ১৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৫টি।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া):
আসনটিতে ১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল নাগাদ চারটি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ দুইবার করে জয় পেয়েছে। জয় পাওয়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগের এম জুবেদ আলী, বিএনপির নূরুল আমীন তালুকদার প্রয়াত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরায়শী এবং অসীম কুমার উকিল পলাতক।
এবার এই আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। জেলার একমাত্র এই আসনেই বিএনপি প্রার্থীকে ‘বিদ্রোহী’ মোকাবিলা করতে হচ্ছে।
বিএনপি প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে আছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল। তিনি ঘোড়া প্রতীক নিয়ে দ্বারে দ্বারে ছুটছেন।
বিএনপির রফিকুল ইসলাম হিলালী ২০০৮ সালে নির্বাচনে করেছিলেন। আওয়ামী লীগের কাছে হারলেও সেবার তিনি জেলায় বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন।
দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বেশ কয়েকটি স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থেকে জয় পেয়েছেন। অপরদিকে এ আসনে জামায়াত ইসলামীর খায়রুল কবির নিয়োগীও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জোর প্রচার চালাচ্ছেন।
তাছাড়া জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ শামছুদ্দোহাও (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) রয়েছেন মাঠে।
আসনটিতে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৭৯৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৮৮৪ জন। এখানে নিবন্ধিত পোস্টাল ভোটার রয়েছেন ৪ হাজার ২০৯ জন। এ আসনে নতুন ভোটার রয়েছেন ২৩ হাজার ১৩৭ জন। আসনে ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৩টি।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন:
হাওরাঞ্চল নিয়ে গঠিত আসনটিতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল মমিন এবং বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বার বার জয় পেয়েছেন। তিন উপজেলায় তৃণমূল পর্যন্ত এ দুটি দলের শক্ত অবস্থান রয়েছে। দুটি দলেরই এলাকাটিতে সমান দাপট রয়েছে।
তবে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি অনেকটা এগিয়ে রয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবারও ধানের শীষ নিয়ে লড়ছেন। ভোটের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার।
এ ছাড়া জেলায় একমাত্র এ আসনে দুইজন নারী প্রার্থীও সবার নজর কেড়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির জলি তালুকদার কাস্তে প্রতীক এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীক নিয়ে লড়ছেন চম্পা রানী সরকার।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেছুর রহমানও লড়ছেন।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৩০৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ২১৬ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৯ জন। পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৪ জন। আসনটিতে নতুন ভোটার রয়েছেন ২০ হাজার ৪৭৬ জন। ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০টি।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসন:
এই আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল নাগাদ চারটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুইবার করে জয় পায়। আসনটিতে জয় পাওয়া আওয়ামী লীগের মোশারফ হোসেন ও বিএনপির মোহাম্মদ আলী প্রয়াত। আওয়ামী লীগের হয়ে জয় পাওয়া কর্নেল আবু তাহেরের ভাই ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) বেঁচে আছেন।
এ আসনটিতে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।
ভোটারদের মতে, তার অবস্থান বেশ ভাল। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম মোস্তফার। তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে দাপটের সঙ্গে রয়েছেন।
এ ছাড়া মাঠে লড়ছেন নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ওয়াহিদুজ্জামান (জাতীয় পার্টি)।
আসনটিতে মোট ২ লাখ ৮৭ হাজার ৭১৯ ভোটারের মধ্যে নারী ১ লাখ ৪১ হাজার ৫৩৩ জন এবং পুরুষ ১ লাখ ৪৬ হাজার ১৮৪ জন। নিবন্ধিত পোস্টাল ভোটার রয়েছেন ২ হাজার ৩৯৮ জন। আসনটিতে নতুন ভোটার রয়েছেন ১৫ হাজার ৮২৪ জন। ৮২টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬টি।
দলীয় নেতারা যা বলছেন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, “মানুষের মাঝে জাগরণ তৈরি হয়েছে। ১৭ বছর পর মানুষ ভোট দিতে চায়। দলের নেতাকর্মীরা সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ নানাভাবে প্রচার চালাচ্ছেন। জেলাবাসী পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের জয়ী করে বিএনপিকে উপহার দেবেন।”
জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, “মানুষ সব দলকে দেখেছে, জুলাই বিপ্লবের পর মানুষ এখন নতুন কিছু চায়। এ ছাড়া জামায়াত এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আশা করছি, নেত্রকোণায় জামায়াত ও ১০ দলীয় জোট ভাল ফলাফল করবে।”
এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান বলেন, “এলাকার মানুষ পরিবর্তনের জন্যে মুখিয়ে আছেন। সেদিক থেকে আমরা ভাল ফলাফলের জন্য আশাবাদী।”
