১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেইসবুকে এনএসআইয়ের ভুয়া অফিস আদেশ নিয়ে ইসির সতর্কতা

ইসির একটি মনিটরিং সেল ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 02:06 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নাম ব্যবহার করে ফলাফল ঘোষণা বিষয়ক কথিত একটি ‘বিশেষ প্রটোকল’ বা ‘অফিস আদেশ’ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার তথ্য বিবরণীতে এ বিষয়ে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এ নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে ইসি অত্যন্ত স্পষ্টভাবে বলেছে, কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।

তথ্য বিবরণীতে নির্বাচন সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা নির্বাচন কমিশনে স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ এ জানাতে সবার কাছে অনুরোধ করা হয়েছে।

এ সেল ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। 

এ সেল গঠনের বিষয়ে ইসি বলছে, এ সেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী, ও সংস্থা থেকে একজন করে প্রতিনিধি দায়িত্বপালন করছেন।

আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে যোগাযোগের নম্বরগুলো হল- ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ ও ০২৫৫০০৭৫০৬।