২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিপক্ষে বিএনপির ‘ঘাঁটি’ রক্ষার লড়াই?

জামায়াতের সাংগঠনিক ভিত্তি, চরমোনাই পীরের প্রভাব ও নিজেদের বিভক্তি বিএনপির বিজয়কে কঠিন করে তুলতে পারে।

বরিশালে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিপক্ষে বিএনপির ‘ঘাঁটি’ রক্ষার লড়াই?
বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ২৪

সাঈদ মেমন. বরিশাল প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 01:53 AM

Updated : 26 Aug 2026, 02:52 PM

বরিশাল জেলায় এর আগে জামায়াতে ইসলামী জয় না পেলেও এবার ছয়টি আসনের মধ্যে অন্তত তিনটিতে তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে।

যদিও এই তিন আসনের দুটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও রয়েছে, যা জামায়াতের ভোটে প্রভাব ফেলবে বলে ধারণা সাধারণ ভোটারদের।

বিএনপিকে একটি আসনে নিজের দলের ‘বিদ্রোহীকে’ মোকাবিলা করতে হবে। একটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে জাতীয় পার্টি।

জামায়াতের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ও প্রচার, চরমোনাই পীরের ভক্তদের প্রভাব ও অবস্থান, নিজেদের দলীয় বিভক্তি বিএনপির কাঙ্ক্ষিত বিজয়ে বড় ধরনের বাধা তৈরি করতে পারে বলে স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকদের অভিমত।

বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের নির্বাচনি উঠান বৈঠক।

বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের নির্বাচনি উঠান বৈঠক।

‘বিদ্রোহী’র মুখে প্রধান ২ প্রতিদ্বন্দ্বী

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসন। এখানে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। এ ছাড়া জামায়াতের কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার ও জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকেন্দার আলী। 

জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে ছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা আবদুস সোবহান তার ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন।

ভোটাররা বলছেন, বিএনপির একটি অংশের নেতাকর্মীরা আবদুস সোবহানের পক্ষে কাজ করছেন। এ আসনে ভোটের ফলাফলের নিয়ামক হয়ে উঠতে পারেন আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটাররা। তাদের ভোটে যে প্রার্থী পাবেন তার পাল্লাই ভারী হবে। 

এই আসনে বিএনপি প্রার্থীর মিডিয়া উপ-কমিটির সমন্বয়ক জহুরুল ইসলাম জহির বলেন, “এখানে ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা হবে। ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী কোনো প্রভাব ফেলতে পারবেন না।” 

তিনি বলেন, “এ আসনের আওয়ামী লীগ ও সংখ্যালঘু ৪০ ভাগ ভোটার ধানের শীষকে নিরাপদ মনে করে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। জামায়াত প্রতিদ্বন্দ্বী হলেও শক্তিশালী নয়। এ আসনে বিএনপির প্রার্থীর বিজয় সুনিশ্চিত।” 

বরিশাল-৩ আসনে প্রচারে বিএনপির প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। 

বরিশাল-৩ আসনে প্রচারে বিএনপির প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।

এই আসনের একজন জামায়াত নেতা বলছিলেন, “বিএনপির সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। শেষ পর্যন্ত দাঁড়িপাল্লার প্রার্থীই জিতবেন।” 

এ আসনে প্রচার নেই জাতীয় পার্টির প্রার্থীর। ইসলামী আন্দোলনের রাসেল সরদার ভালো অবস্থানে থাকবেন। 

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৮১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৯ জন।

আওয়ামী লীগের ভোটে নজর বিএনপি-জামায়াতের

বানারীপাড়া ও উজিরপুর নিয়ে গঠিত বরিশাল-২ আসনে ভোটের মাঠে বড় ভূমিকা রাখবে আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটাররা। জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু একটু ‘সুবিধা’ পাবেন বলে মনে করেন কর্মী-সমর্থকরা।

তবে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টার শক্তিশালী অবস্থানে রয়েছেন। দুই প্রার্থীই সমান তালে এগিয়ে যাচ্ছেন। বিজয়ী হওয়ার জন্য বিএনপি ও জামায়াত নেতারা গোপনে আওয়ামী লীগের ভোটারদের নিজের পক্ষে ভেড়াতে কাজ করছেন বলেও ভোটের মাঠে আলোচনা আছে। 

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনি প্রচার।

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনি প্রচার।

জামায়াত নেতাদের দাবি, তারা সব শ্রেণির ভোটারদের কাছে যাচ্ছেন। সেখানে ধর্ম, বর্ণ ও দল বিবেচনায় নেই। 

বিএনপি নেতা রিয়াজ মৃধা বলেন, “আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে, তাদের জামায়াত নিয়েছে। বিএনপিতে আওয়ামী লীগের পদধারী কেউ নেই। তবে আমরা বলেছি, স্বাধীনতার পক্ষে যারা রয়েছেন, তারা আমাদের পক্ষে আসতে পারেন।” 

এখানে ভোটাররা এখন নীরব, তারা মুখ খুলেতে চাচ্ছেন না। এই আসনে অন্যান্য প্রার্থীদের সক্রিয় প্রচার দেখা যাচ্ছে না।

আসনে মোট ভোটার তিন লাখ ৮৫ হাজার ৮০৭। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ৫৪৪ জন নারী এবং এক লাখ ৯৬ হাজার ২৬২ জন পুরুষ।

জাপা প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনি প্রচারে কন্যা হাবিবা কিবরিয়া। 

জাপা প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনি প্রচারে কন্যা হাবিবা কিবরিয়া।

‘ফুয়াদ জামায়াত-নির্ভর’

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন। এখানে বিএনপির প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। 

ভোটারদের একটি অংশের ধারণা, তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন কারান্তরীণ জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তার পক্ষে নির্বাচনি প্রচারে চালাচ্ছেন কন্যা হাবিবা কিবরিয়া। 

তিনি ভোটারদের কাছে বাবার মুক্তির জন্য ভোট প্রার্থনা করে আকুতি জানিয়ে সহানুভুতি অর্জনের চেষ্টা করছেন। দুইবারের সংসদ সদস্য হওয়ায় জাতীয় পার্টির একটি কর্মী বাহিনী রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের ভোটাররাও তার দিকে ঝুঁকে রয়েছেন। 

বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত এ আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন জয়নুল আবেদীন। সাধারণ ভোটারদের অভিমত, বিএনপির ‘ঘাঁটি’ হলেও নিজেদের মধ্যে বিভক্তি রয়েছে। বিভেদ ভুলে যদি সবাই ধানের শীষে ভোট দেয় তাহলে জয়নুল আবেদীন জিতবেন। 

এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি টকশোর বদৌলতে জাতীয়ভাবে পরিচিত মুখ। ৫ অগাস্ট পরবর্তী সময় থেকে তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারের মাধ্যমে ভিত্তি গড়ার চেষ্টা করেছেন।  

বরিশাল-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার হিজলায় নির্বাচনি প্রচার চালাচ্ছেন। 

বরিশাল-৪ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার হিজলায় নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

তবে ভোটারা বলছেন, ফুয়াদ সম্পূর্ণ জামায়াত নির্ভর। তিনি জামায়াতের ভোটের বাইরে নিজের ‘ভোট ব্যাংক’ তৈরি করতে পারেননি। এটি তার ও তার সংগঠনের দুর্বলতার দিক।

এ ছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাসদের মো. আজমুল হাসান জিহাদ, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৩২ হাজার ৯৭ ভোট। এর মধ্যে এক লাখ ৬৪ হাজার ১৭৩ ভোটার নারী ও পুরুষ ভোটার একলাখ ৬৭ হাজার ৯২১ জন।

জামায়াত-ইসলামী আন্দোলন-বিএনপির লড়াই

নদী বেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪। বিএনপির ‘ঘাঁটি’ এ আসনে শক্তিশালী অবস্থানে রয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী। 

সাধারণ ভোটাররা মনে করেন, বিএনপির প্রার্থী রাজিব আহসানকে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়েরের সঙ্গে।

শক্তিশালী নারী প্রচারকর্মীর কারণে এই আসনে জামায়াত প্রার্থী তৃণমূলে যাওয়ার সুযোগ পেয়েছেন। প্রচারের সেই জায়গায় তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন বিএনপির রাজিব আহসান।

চরমোনাই পীরের মুরিদ ও ভক্তদের নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের।

এ ছাড়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাসদের আব্দুস সালাম খোকন এবং মুক্তি জোটের আব্দুল জলিল।

এ আসনে মোট ভোটার চার লাখ ২১ হাজার ৯৭৫ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪০ হাজার ৩০ জন ও পুরুষ ভোটার দুই লাখ ১৭ হাজার ৯৪২ ভোট। 

বরিশাল-৫ আসনে প্রচার চালাচ্ছেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী।

বরিশাল-৫ আসনে প্রচার চালাচ্ছেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী।

‘জামায়াত নেই, তবু আছে’

বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-৫। 

এ আসনে বিএনপির প্রার্থী চারবারের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের ‘সম্মানে’ এ আসনের জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। একই সঙ্গে ইসলামী আন্দোলনের হাতপাখাকে সমর্থন দিয়েছে তারা।

সাধারণ ভোটারদের মতে, জামায়াতের ভোটাররা যদি হাতপাখা প্রতীকে ভোট দেয় তাহলে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে। 

এ আসনে আলোচনায় রয়েছেন বাসদ প্রার্থী মনিষা চক্রবর্ত্তী। এ ছাড়া জাতীয় পার্টির আখতার রহমান, এনপিপির আব্দুল হান্নান সিকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. সাইদুর রহমান প্রার্থী হয়েছেন। তবে তাদের তেমন কোনো প্রচার নেই।

এ আসনে মোট ভোটার পাঁচ লাখ এক হাজার ৩০৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং পুরুষ ভোটার দুই লাখ ৫০ হাজার ৬৭৭ জন। 

বরিশাল-৫ আসনে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। 

বরিশাল-৫ আসনে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

দাঁড়িপাল্লা-হাতপাখার দ্বন্দ্বে ধানের শীষের ‘সুবিধা’

বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে বরিশাল-৬ আসন। এ আসনে বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন খান। তার সঙ্গে ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এবং জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবীর সঙ্গে প্রতিযোগিতা হবে।

বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত হলেও এ আসনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিভক্তি ধানের শীষের প্রার্থীকে বেকায়দায় ফেলতে পারে বলে সাধারণ ভোটারদের ধারণা।

শক্তিশালী কর্মী বাহিনী নিয়ে ইসলামী আন্দোলন ও জামায়াত প্রার্থী নিজেদের ভালো অবস্থানে নিয়ে এসেছেন। এখানে শেষ হাসি কে হাসবেন নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। 

এ আসনে বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস, গণঅধিকার পরিষদের মো. সালাউদ্দীন মিঞা এবং স্বতন্ত্র মো. কামরুল ইসলাম প্রার্থী হয়েছেন। 

এ আসনে মোট তিন লাখ ১৫ হাজার ৫৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এক লাখ ৫৫ হাজার ৬৩৮ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ৫৫। 

বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়েরের গণসংযোগ।

বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছাহাক মো. আবুল খায়েরের গণসংযোগ।

নেতারা যা বলছেন

নির্বাচনে নিজ দলের প্রার্থীদের বিষয়ে জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “নতুন বাংলাদেশে জনগণ নতুন চিন্তা-চেতনায় উজ্জীবিত হয়ে ভোট দেবেন। বরিশালের চারটি আসনে আমাদের প্রার্থী আছে। একটিতে আমাদের জোটের প্রার্থী আছে। আশা করছি, পাঁচটি আসনেই আমাদের প্রার্থী জয়ী হবে ইনশাআল্লাহ।”

ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, “আলহামদুলিল্লাহ, বরিশালের ছয়টি আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার মানসিকতা তৈরি করেছেন। গণসংযোগ ও জনসমর্থনের ভিত্তিতে আমরা আশাবাদী বরিশালের ছয়টি আসনেই হাতপাখা প্রতীক বিজয়ী হবে, ইনশাআল্লাহ।”

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, “এবারের ভোটের বাস্তবতা ভিন্ন। অন্য সময় প্রতিদ্বন্দ্বিতা হত আওয়ামী লীগের সঙ্গে। এবার আওয়ামী লীগ না থাকায় স্বাভাবিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ও ইসলামী আন্দোলনের সঙ্গে। 

“প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ভাবার সুযোগ নাই। বরিশাল বিএনপির এলাকা। বিএনপির নেতা-কর্মী, সাধারণ সমর্থকরা বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করবে। বরিশালের ছয়টি আসনেই ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ।”

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

ভোট-তথ্য 

জেলার ছয়টি আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি ও ইসলামী আন্দোলন ছয়টি আসনে, জাতীয় পার্টি ও জামায়াত চারটি, এনপিপি, বাসদ ও গণঅধিকার পরিষদ দুটি আসনে প্রার্থী দিয়েছে। 

একটি করে আসনে প্রার্থী দিয়েছে এবি পার্টি, জেপি, বাংলাদেশ জাসদ, বাসদ, বাসদ-মার্কসবাদী ও মুসলিম লীগ। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুইজন। 

জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, বরিশালের ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮। এর মধ্যে ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন নারী ও ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন পুরুষ। ২০টি হিজড়া ভোট রয়েছে।

জেলায় স্থায়ী ৮৩৩টি ভোটকেন্দ্রের পাঁচ হাজার ১৯৭ কক্ষে ভোট দেবেন ভোটাররা।