২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত

“অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 01:01 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরাজয়কে ‘সাজানো’ বলে মন্তব্য করে সবাইকে ‘ধৈর্য্য ধরার আহ্বান’ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

১১ দলীয় জোটের নেতৃত্বে থাকা দলটির ধারণা নির্বাচনে প্রশাসনও ‘নিরপেক্ষ ভূমিকা পালন করেনি’। এছাড়া আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে তারা।

শুক্রবার সকালে ফেইসবুক পোস্টে এই আহ্বান জানানো হয়।

সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। 

তবে নির্বাচনের প্রার্থীদের পরাজয়ে প্রশাসনের ভূমিকাকে দুষেছে জামায়াত। প্রশ্ন তুলেছে ‘নির্বাচনের স্বচ্ছতা’ নিয়ে।

দলটির ভাষ্য, “ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।”

সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে। 

পোস্টে বলা হয়, “একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।”

জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি। আর ভরাডুবি হয়েছে বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের। 

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি