Published : 08 Feb 2026, 06:08 PM
শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বরিশাল-২ আসনের গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশ জাসদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল।
রোববার দুপুরে উজিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম করিম খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আবুল কালাম আজাদ বাদল বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় নির্বাচনি কার্যক্রমে নেতাকর্মীসহ স্বতস্ফূর্তভাবে গণসংযোগ করেছেন। কিন্তু ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
“অসুস্থতার কারণে নির্বাচনি কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তাই নির্বাচন থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন।”
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে যুক্তফ্রন্ট ও জাসদের নেতাকর্মী, আত্মীয়-স্বজনের কাছে দুঃখ প্রকাশ করেছেন আবুল কালাম আজাদ বাদল। তিনি এই আসনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আবুল কালাম আজাদ বাদল বলেন, “আমি অসুস্থ। চিকিৎসক আমাকে তিন মাসের বিশ্রাম দিয়েছেন। এই মুহূর্তে নির্বাচন চালিয়ে যাওয়ার অবস্থায় আমি নেই। তাই যুক্তফ্রন্টসহ নেতাদের সঙ্গে আলোচনার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”