১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারলেন না জারা

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে এনসিপির যোগদান প্রশ্নে দলটি থেকে পদত্যাগ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 12:53 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা ভোটের ফলে তৃতীয় হয়েছেন। সোশাল মিডিয়ার পরিচিত এ মুখ প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, তাসনিম জারা যে দল ছেড়ে এসেছেন, সেই এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া হয়েছেন দ্বিতীয়। জামায়াত জোটের শাপলা কলির এ প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। 

আর এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ের হাসি ফুটেছে ধানের শীষের হাবিবুর রশিদ হাবিবের মুখে। আর তৃতীয় হওয়া তাসনিম জারা ফুটবল মার্কায় পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-৯ আসন সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদানের প্রশ্নে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা নিয়ে গড়মিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলে গিয়ে ১০ জানুয়ারি নিজের পক্ষে রায় পান তাসনিম জারা।