টাঙ্গাইলে হামলা করে ২ শতাধিক ব্যালট ছিনতাই, আটক ২
“তারা ধানের শীষের লোক বলে শুনছি। পরে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।”
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেন্দ্রে হামলা চালিয়ে ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে কিছু লোক। এ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ওই এলাকার মান্নান ও আলমগীর।
সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা দুই শতাধিক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
“তারা ধানের শীষের লোক বলে শুনছি। পরে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। ব্যালট নেওয়ার সময় তাদের দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে।”
তবে এখনও ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার করা যায়নি বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা।
