জামালপুর-৩: স্বতন্ত্র প্রার্থীর ভোট কিনতে গিয়ে তিনজন কারাগারে
মাদারগঞ্জ উপজেলার চরগুলাবাড়ী এলাকায় তিনজনকে আটক করে জনতা।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে গিয়ে তিনজন গ্রেপ্তার হয়েছেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলার চরগুলাবাড়ী এলাকায় তিনজনকে আটক করে জনতা।
পরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার চর সগুনা এলাকার হারুন উর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।
ভ্রাম্যমাণ আদালতের বরাতে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূইঞা বলেন, জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করে তার কর্মী মেহেদী হাসান, জহুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। ওই এলাকা থেকে টাকা বিতরণ করে ফেরার পথে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয় জনতা এবং তিনজনকে তাদের হাতে তুলে দেয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
