২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা নিয়ে বরগুনায় জামায়াত-বিএনপির পাল্লাপাল্টি অভিযোগ

বিকালে জামায়াতে ইসলামী এবং তার কিছু পরে সন্ধ্যায় বিএনপি সংবাদ সম্মেলনে এসে এক অপরের বিরুদ্ধে অভিযোগ আনে।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 10:57 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

পাথরঘাটায় হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বরগুনা-২ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী।  

মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামী এবং তার কিছু পরে সন্ধ্যায় বিএনপি সংবাদ সম্মেলনে এসে এক অপরের বিরুদ্ধে অভিযোগ আনে। 

জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে লিখিত বক্তব্যে বরগুনা-২ আসনের (বামনা, পাথরঘাটা ও বেতাগী) প্রার্থী ডা. সুলতান আহমদ বলেন, “বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির ভাড়াটে সন্ত্রাসীরা সোমবার শেষ নির্বাচনি প্রচারের জনসভায় যেতে নেতাকর্মী ও সমর্থকদের বাধা দেয়। পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন স্থানে জামায়াতসহ ১১ দলীয় জোটের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করার চেষ্টা চলছে।”

এ সময় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরুর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিচারের দাবি জানান জামায়াত প্রার্থী।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রার্থী নুরুল ইসলাম মনি। 

তিনি বলেন, “আমি তাদের (জামায়াত) অনুরোধ করেছি যে, বাইরের লোক যেন না আসে। এখান থেকে ২০-২৫টি ট্রলার ভরে লোকজন যাচ্ছে ওখানে। আপনারা বাধা দেন না কেন? এসব লোকেরা (বাইরের লোকেরা) একটা নির্বাচনি এলাকায় ঢুকলে গণ্ডগোল হতেই পারে। এই যে কালকে গোলাম সরওয়ারকে মেরেছে বাইরের লোকেরা মেরেছে কি-না তাও জানি না। কিন্তু বাইরের লোক মারতে পারে। তাদের হাতে রামদা পাওয়া গেছে, লাঠিসোঁটা পাওয়া গেছে, এগুলো তো ছবি ভাইরাল হয়েছে। কাজেই এটা হতে পারে।”

তিনি বলেন, “ওখানে কিছু ছেলেপেলে ছিল তখন তারা চেষ্টা করেছে বাইরের লোক নিয়ে এসব ট্রলার যাতে না আসে। কিছু ট্রলার ঢুকছে, কিছু ট্রলার যায়নি। কিছু ট্রলার গেছে। এরকম একটি মবের মধ্যে আপনারা (সাংবাদিকরা) পড়ছেন, আমি নিজেও পড়েছিলাম। 

“আমি তো বেতাগী গেছি, আমি দেখি ফেরি আসে না। আমি দাঁড়িয়ে রইছি, ওইখানে আমার মিটিংয়ের টাইম চলে যাচ্ছে। পরে ভাবছি, আমি ফেরিতে পার হয়ে ওই পাশ দিয়ে যাব। পরে দেখি ফেরি আসছে। পরে আমি গেছি। 

“কাজেই এই সমস্যা হতে পারে। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে কোনোভাবেই বলা হয়নি সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য। কোনোভাবেই নির্দেশ দেওয়া হয়নি কোনো স্বাভাবিক চলাচলে বাধা দেওয়ার জন্য।”