২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর-৩: তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী বাদশা

বিএনপির চেয়ারম্যানকে বহনকারী গাড়িতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীকে সামনাসামনি বসিয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 08:24 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেরপুর-৩ আসনে দলটির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেলকে ডেকে নেওয়া হয়।

এ সময় তারেক রহমানকে বহনকারী গাড়িতে দুজনকে সামনাসামনি বসিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। পরে তারেক রহমানের কথায় রাজি হন বাদশা।

সেখান থেকে বের হয়ে বাদশা উপস্থিত সংবাদকর্মীদের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে কাজ করার ঘোষণা দেন।

এ সময় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলও তাকে সম্মান দেখিয়ে আগামী দিনে তার পাশে থেকে নির্বাচনে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে নির্বাচনের পরে তাকে দলে যথাযথ মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন।

বাদশা ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান হওয়ায় এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।